Home Blog Page 14

যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে বৃদ্ধকে রক্তাক্ত করল দুর্বৃত্ত”

0

শেখ মোস্তফা কামাল, কেশবপুর থেকে: জীবনের শেষ প্রান্তে এসে যে ভ্যানটি ছিল তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই ভ্যানটিই কেড়ে নিতে তাঁকে রক্তাক্ত করল দুর্বৃত্তরা। যাত্রীবেশে ভ্যানে উঠে নির্জন সড়কে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হলো ৬০ বছর বয়সী বৃদ্ধ মফেজ উদ্দিন মোড়লকে। এরপর তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে তাঁর উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কের হদ এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। আহত মফেজ উদ্দিন খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে নিজের ভ্যান নিয়ে অবস্থান করছিলেন মফেজ উদ্দিন। এ সময় কেশবপুরের পাঁজিয়া এলাকার হদে যাওয়ার কথা বলে এক অজ্ঞাত ব্যক্তি তাঁর ভ্যান ভাড়া করেন। ১৫০ টাকা ভাড়া ঠিক করে ওই ব্যক্তি ভ্যানে ওঠেন। যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে রওনা হন বৃদ্ধ।

কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বদলে যায় দৃশ্যপট। নির্জন সড়কে পৌঁছালে সুযোগ বুঝে ওই যাত্রীবেশী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করে। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি। জীবিকার একমাত্র সম্বলটি বাঁচানোর সুযোগ তো দূরের কথা, নিজের জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়ে তাঁর জন্য।

রক্তাক্ত বৃদ্ধকে সড়কের পাশে ফেলে রেখে ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্ত। কিছুক্ষণ পর স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কালিগঞ্জে রাস্তা নির্মাণে লাখ টাকার দুর্নীতি, ঠিকাদারের সরল স্বীকারোক্তি

0

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুলে ঘুসুড়ি বাজার সংলগ্ন এল.জি.ইডির ৬৪০ মিটার দৈর্ঘ্যের ১০ ফুট প্রস্থের নতুন একটি রাস্তা যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। রাস্তার কাজের প্রায় ৪০% যেতে না যেতেই ঠিকাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে এলাকাবাসীর ব্যাপক অভিযোগ উঠেছে। যার বাস্তব সত্যতা ও প্রমাণ মিলেছে।

 

সরজমিনে পরিদর্শন করে টেন্ডার পাওয়া মেসার্স বিশ্বজিৎ কনস্ট্রাকশন রাস্তা নির্মাণের প্রথম ৮০ মিটার সব নিয়ম মেনে করলেও পরের অংশ থেকে দুই নাম্বার ইটের খোয়ার সাথে রাতের আঁধারে ভাটার পরিত্যক্ত মাটি মিশ্রিত বালি ও রাবিশ ভরাটের প্রমাণ মিলেছে। রাস্তার দৈর্ঘ্য ১০ ফুট ওয়ার্ক সিডিউলে থাকলেও বাস্তবে কোথাও কোথাও ৮.১০ ফুট থেকে ৯ ফুট পাওয়া গেছে।

 

এছাড়া ৩টি বৈদ্যুতিক পোল রাস্তার মাঝখানে রেখেই চলছে কাজ যা অপসারণের ব্যবস্থা করা হয়নি। বারবার এলাকাবাসী সিডিউল দেখতে চাইলে দেখানো পর্যন্ত হয়নি। খোয়ার সাথে মাটি ও রাবিশ মিশ্রণের বিষয়টি ধরা পড়ার পর ঠিকাদার কর্তৃপক্ষ তড়িঘড়ি উপরে পানি দিয়ে দেয় যেন তা ধরা না পড়ে। এসব জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গত ৪ দিন যাবত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে।

 

রাস্তার কাজ সম্পন্ন হলে ১০০০ এর অধিক স্থানীয় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু রাস্তার দুই পাশে বসতবাড়ি, ফসল ও মৎস ঘের রয়েছে যার পানি অপসারণ ব্যবস্থার ৩ ফুট প্রস্থের পাকা ড্রেন থাকলেও ৯০ ফুট পরে অজ্ঞাত কারনে সেটিও উধাও হয়ে যায়। রাস্তা কাঁচা থাকা অবস্থায় পানি কোনভাবে নিষ্কাশন হলেও বর্তমান পাকা রাস্তায় তার কোন বাজেট বা পরিকল্পনা রাখা হয়নি। যার ফলে রাস্তাটির ভবিষ্যৎ হবে ভয়াবহ।

 

এসব দুর্নীতির বিষয় নিয়ে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি এই প্রতিবেদককে জানান, “তিনি বর্তমানে পূজার ছুটিতে বাড়িতে আছেন, তবে রবিবার সরজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিবেন এবং সিডিউল অনুযায়ী কাজ না হলে অর্থ পরিশোধ করা হবে না”।

 

এরপর ঠিকাদার কর্তৃপক্ষের পক্ষে ম্যানেজার মো: মুন্নার সাথে সরাসরি দেখা করে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একটি পয়েন্টে রাস্তার বিপরীতে পাঁচিল থাকায় রাস্তা ৯ ফুট করতে হয়েছে। খোয়ার সাথে রাবিশ মিশ্রণের ব্যাপারে বলেন, পূজার জন্য এক স্থানে মজুদ রাখা ২ গাড়ি খোয়া দ্রুত স্থানান্তরের ফলে এমন অঘটন ঘটেছে। আমি আজই ত্রুটিপূর্ণ খোয়া উঠিয়ে সম্পূর্ণ নতুন খোয়ার ব্যবস্থা করছি।

 

এলাকাবাসীকে কেন সিডিউল দেখানো হয়নি জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। তবে তিনি রিপোর্ট টি প্রকাশ না করার জন্য বারংবার অনুরোধ করেন”। এখন এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে দাবি, যেন সিডিউল মোতাবেক এই রাস্তা নির্মাণ করা হয়, অন্যথায় কাজ বন্ধ থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

তালায় গোবরের গর্তে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

0

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে স্বাক্ষর শীল নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু স্বাক্ষর শীল মিঠুন শীলের সন্তান। ঘটনার সময় শিশুটি বাড়ির আশপাশে ছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

দুই বছরের ফুটফুটে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড

0
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় জবাইকৃত ঘোড়ার মাংসসহ ১জন কে আটক করে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। খুলনার এসআরবি (র‍্যাব-৬) সাতক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে আনিসুর রহমান ওরফে (পলাশ) (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে । পরবর্তীতে  একটি ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘সাউথ বেঙ্গল ক্যাটল ফার্মে’ এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আটকৃত আনিসুর রহমান পলাশ কাঞ্চনপুর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, এসআরবি (র‍্যাব-৬) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জাইন উদ্দীন মো. জিয়াদের নির্দেশনায় ও অফিসার নাসির উদ্দিনের নেতৃত্বে এসআরবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সাউথ বেঙ্গল ক্যাটল ফার্ম থেকে তিনটি রোগাক্রান্ত ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করছিলো।সেসময়ে প্রায় ৩ মণ মাংস এবং একটি জীবিত ঘোড়াসহ মূলহোতা পলাশকে হাতেনাতে আটক করা হয়। তবে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা টিনের প্রাচীর টপকে পালিয়ে যায়।
পরবর্তীতে একই দিনে দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশরাফুল কবির, এসআরবি (র‍্যাব-৬)-এর সঙ্গীয় ফোর্স ও ডুমুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে অপরাধ প্রমাণিত হওয়ায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১৯’-এর ১৬ (ক) ধারায় সাজাপ্রাপ্ত পলাশ মাহমুদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিচারকাজ শেষে জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয় এবং জীবিত ঘোড়াটিকে স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী শেখের জিম্মায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্ত পলাশ মাহমুদ স্বীকার করেছে, সে ও তার চক্রটি এর আগেও অন্তত ১৬টি ঘোড়া জবাই করে অসদুপায়ে দেশের বিভিন্ন হোটেল রেস্তোরায় মাংস বিক্রি করেছে।
অভিযানের বিষয়ে এসআরবি (র‍্যাব-৬) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জাইন উদ্দীন মো. জিয়াদ বলেন, অপরাধ চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে ঘোড়া জবাই করে অসদুপায়ে সেই মাংস গরু বা খাসির মাংস বলে বিভিন্ন স্থান ও হোটেলে বিক্রি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই আমরা দ্রুত আভিযানিক দল পাঠাই এবং হাতেনাতে চক্রটির মূল হোতাকে আটক করতে সক্ষম হই। এ ধরনের অসাধু ও প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
জনস্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  আশরাফুল কবির জানান, জব্দকৃত মাংসগুলো ঘোড়ার মাংস। নিয়মবহির্ভূত ও অস্বাস্থ্যকর পরিবেশে জবাই করা এই মাংসগুলো বিষাক্ত ও জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারত। আইন অনুযায়ী মাংসগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান ও আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার প্রার্খনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার নাকনা গ্রামের মাফুয়ার রহমান ও মাকসুদুর রহমান বাদী হয়ে অভিযোগপত্র সূত্রে প্রকাশ, নাকনা মৌজায় বাদীদেন ক্রয়সুত্রে ১৬.৮০ শতক জমি আছে। জমি তাদের নামে নামপত্তন হয়েছে। জমি নিয়ে বাদীদের সাথে বিবাদী খাদিজা খাতুন (নাকনা), আঃ সালাম মোড়ল (নওয়াবেকী), রাকিব ও সাকিব হোসেন (নাকনা) দের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বাদীর দাবি, ১নং বিবাদী খাদিজা খাতুন তার প্রথম স্বামী ২নং বিবাদী আঃ সালাম তালাক দিলে ২য় বিবাহ করলেও স্বামীর ঘরে না যাওয়ায় ভগ্নি হিসাবে বাদীরা তাদের ০.০৩ শতক জমিতে বসবাসের সুযোগ দেয়। বাকী জমি ইজারা দিলে ইজারা গ্রহিতারা ৭-৮ বছর জমিতে চাষ কারবার ও ভোগদখলে আছেন। বিবাদীরা ইজারাদারদের ভোগদখলে বাধার সৃষ্টি করছে এবং গত ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে বিবাদীরা ২নং বাদী ও বাদীর স্ত্রী খায়রুন্নেছাকে শাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগে বলা হয়েছে। অন্যদের তাড়িয়ে হাকিয়ে দেয়া হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমাল ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রভাষক মাওঃ রহমাত উল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
প্রতাপনগরের সুলতান আহমেদ ময়রার একমাত্র সন্তান আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ রহমাত উল্লাহ নিজ বাড়িতে ধান খেতে মটর লাইনের মাধ্যমে পানি দিচ্ছিলেন। ঘটনার সময় বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃতকালে তিনি মা, বাবা, স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে যান। রবিবার সকাল ৯ টায় মরহুমের জানাযার সালাত অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানান হয়েছে।

জমি লিখে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে: থানায় জিডি

0
এস কে সিরাজ, শ্যামনগর,থেকে: সাতক্ষীরার শ্যামনগরে জমি-জায়গা লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি, টাকা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ ইউনুচ গাজী (৬৯) নামে এক বৃদ্ধ।
সোমবার (১২ অক্টোবর) শ্যামনগর থানায় হাজির হয়ে তিনি এ বিষয়ে সাধারণ ডায়েরির আবেদন করেন। ইউনুচ গাজী উপজেলার গাবুরা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
জিডির আবেদনে ইউনুচ গাজী অভিযোগ করেন, তার ছেলে মোঃ বিল্লাল গাজী (৩৮) ও স্ত্রী মোছাঃ নূরনেছা বেগম (৫৭) দীর্ঘদিন ধরে তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। তাদের কথিত অনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর দুপুর ১টার দিকে তিনি বাড়িতে গেলে ছেলে ও স্ত্রী তার কাছে টাকা-পয়সা দাবি করেন এবং তাদের নামে জমি-জায়গা লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হওয়ায় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য তেড়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
ইউনুচ গাজীর অভিযোগ, তাদের ইচ্ছামতো চলতে দিতে হবে, কোনো কাজে বাধা দেওয়া যাবে না এবং তাদের নামে জমি-জায়গা লিখে দিতে হবে—অন্যথায় তাকে যেকোনো সময় মারধর করে গুরুতর জখম কিংবা হত্যা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার বিষয়ে হযরত আলী গাজী (৫৫), সাইফুল গাজী (৩৪)সহ স্থানীয় কয়েকজন অবগত রয়েছেন বলে জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন ইউনুচ গাজী।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা না নিয়ে মুচলেকায় মুক্তি

0

মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরার দেবহাটায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া এবং ভুয়া ডিগ্রি বানিয়ে চিকিৎসার নামে প্রতারণা চালানো শেখ এবাদুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশেষে সত্য বলে প্রমাণিত হয়েছে। তবে নজিরবিহীন জালিয়াতি ও অপচিকিৎসার মতো গুরুতর অপরাধে জড়িত থাকার পরও তাকে গ্রেপ্তার বা চেম্বার সিলগালা না করে কেবল এক টুকরো শর্তসাপেক্ষ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাধারণ রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খাওয়া ও সাংবাদিকদের হেনস্তা করার পরও এমন লঘু পদক্ষেপে পুরো জেলা জুড়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ।​ নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামে প্রাতিষ্ঠানিক বিচারে নিম্নমাধ্যমিকের গণ্ডি না পেরোনো শেখ এবাদুল ইসলাম নিজেকে ঢাকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি (icddr,b)-এর ডিগ্রিধারী দাবি করে আসছিলেন। বিএমডিসি (BMDC) সনদের কোনো তোয়াক্কা না করে বছরের পর বছর নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে শারীরিক ক্ষতির মুখে ফেলার নজির সামনে আসে অনুসন্ধানী প্রতিবেদনে।​

প্রতিবেদন প্রকাশের পর দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে শেখ এবাদুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করে ১১ অক্টোবরের মধ্যে তার শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি রেজিস্ট্রেশন ও আইসিডিডিআর,বি-এর মূল সনদ জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্দিষ্ট দিনে (১১ অক্টোবর ২০২৬) কথিত এই ডাক্তার তার দাবিকৃত ডাক্তারি সনদ কিংবা ন্যূনতম প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা দেখাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন। এর মাধ্যমে সরকারি নথিতেই চূড়ান্তভাবে প্রমাণিত হলো শেখ এবাদুল ইসলাম একজন ভুয়া ডাক্তার ও প্রতারক!​জালিয়াতি ও বেআইনি চিকিৎসা ব্যবসার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়া সত্ত্বেও এবং পূর্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেম্বার সিলগালা ও কঠোর আইনি ব্যবস্থার আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। ভুয়া ডাক্তার এবাদুলের বিরুদ্ধে কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে তাকে স্রেফ একটি মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।​

মুচলেকায় শেখ এবাদুল স্বীকার করেন যে, তিনি একজন গ্রাম্য ডাক্তার এবং সরকারি বিধি-বিধান মেনে চলবেন ও কোনো উচ্চ অ্যান্টিবায়োটিক ঔষধ দেবেন না। অথচ সচেতন মহলের প্রশ্ন যে লোক নিম্নমাধ্যমিক পাস না করে বিএমডিসি ও আইসিডিডিআর,বি-এর মতো নামীদামি প্রতিষ্ঠানের ভুয়া ডিগ্রি বানিয়ে দীর্ঘদিন হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে ফেলল, তার বিরুদ্ধে ভুয়া সনদের জালিয়াতি মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে তাত্ক্ষণিক চেম্বার সিলগালা হলো না কেন?​ শুরু থেকেই এই ভুয়া ডাক্তারের পক্ষাবলম্বন এবং গণমাধ্যমকর্মীদের ওপর এবাদুলের সন্ত্রাসী বাহিনীর চড়াও হওয়ার পর জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের ঢিলেঢালা মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল।

অনুসন্ধানী তথ্যে সত্যতা মেলার পরও অপরাধীর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা না নিয়ে কেবল কাগজে-কলমে মুচলেকা নিয়ে দায় এড়ানোর এই চেষ্টা স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তিকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।​ স্থানীয় সচেতন মহলের দাবি, ভুয়া ডাক্তারের কাছে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা সোপর্দ করে স্রেফ মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া অপরাধকে এক প্রকার প্রশ্রয় দেওয়ার শামিল। সামান্য একটি অঙ্গীকারনামা দিয়ে পার পেয়ে যাওয়ায় এই প্রতারক চক্র আবারও আড়ালে অপচিকিৎসা চালিয়ে যাবে বলে শঙ্কা করছেন ভুক্তভোগীরা।​ প্রেসক্রিপশনে বিএমডিসি ব্যতিরেকে ডাক্তার পদবি ব্যবহার ও ভুয়া ডিগ্রির প্রচার চালানো দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য ও অসংজ্ঞানীয় অপরাধ।

আস্কারপুর ও আশপাশের প্রতারিত জনগণের একদাবি, প্রশাসনের এই ঢিলেঢালা ও লোকদেখানো লোকভুলানো ব্যবস্থা তারা মেনে নেবেন না। ভুয়া সনদ জালিয়াতির মূল হোতা শেখ এবাদুলকে দ্রুত গ্রেপ্তার, তার চেম্বার স্থায়ীভাবে সিলগালা এবং এর পেছনে থাকা মদদদাতাদের খুঁজে বের করে কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে।

​এ বিষয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক শুনানিতে তিনি তার দাবিকৃত আইসিডিডিআর,বি বা বিএমডিসি রেজিস্ট্রেশনের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে এবং গ্রামীণ চিকিৎসকদের সীমানা নির্দিষ্ট করে দেওয়ার জন্যই তার থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। তিনি সরকারি আদেশ ও বিধিনিষেধ মেনে গ্রাম্য ডাক্তার হিসেবে চিকিৎসাসেবা প্রদান করবেন এবং কোনোভাবেই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার বা বিএমডিসি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।

এই শর্ত অমান্য করলে কিংবা আবারও কোনো জালিয়াতি বা অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা ও চেম্বার সিলগালা করা হবে।

পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড় পরীক্ষা: আইজিপি

0
মেহেদী হাসান, খুলনা প্রতিবেদক: অপরাধ দমনে কঠোরতা, আবার সাধারণ মানুষের কাছে জনবান্ধব হয়ে ওঠা এই দুইয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাকে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তাঁর মতে, আইন প্রয়োগ করতে গেলে পুলিশকে বলপ্রয়োগের কারণে সমালোচনার মুখে পড়তে হয়, আবার কঠোরতা না দেখালে দুর্বলতার অভিযোগও ওঠে। এমন পরিস্থিতির অবসান ঘটিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার এবং কার্যকর পুলিশিং প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপির বক্তব্যে উঠে আসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমনের কৌশল এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক পুনর্গঠনের বিষয়গুলো।

আইজিপি বলেন, গত ১৭ বছরে বিভিন্ন কার্যক্রমের কারণে পুলিশ ও জনগণের মধ্যে একধরনের দূরত্ব তৈরি হয়েছিল। সেই হারানো আস্থা ফিরিয়ে আনা এবং শান্তি প্রতিষ্ঠায় পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যেই তাঁর খুলনা সফর।

আইন প্রয়োগে পুলিশের ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়টি তুলে ধরে আইজিপি বলেন, বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট আখ্যা দেয়, আর বলপ্রয়োগ না করলে পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, তাঁরা এ ধরনের দ্বিমুখী পরিস্থিতি দেখতে চান না।

এই বক্তব্যের মধ্য দিয়ে অপরাধ দমনে পুলিশের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি দায়িত্বশীলতা ও জনআস্থার বিষয়টিও সামনে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের সঙ্গে নিরপেক্ষ আইন প্রয়োগ নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ, আইজিপির বক্তব্যে সেই প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের প্রস্তাবের কথা জানিয়ে আইজিপি বলেন, অনেক সময় প্রভাবশালী ব্যক্তি কিংবা তাঁদের আশ্রয়ে থাকা ব্যক্তিরা চাঁদাবাজিতে জড়িত থাকেন। ভয়ে সাধারণ মানুষ অভিযোগ করতে বা সাক্ষ্য দিতে চান না।

তিনি জানান, চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন প্রণয়নের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশ যাতে নিজ উদ্যোগে মামলা করে আইনি ব্যবস্থা নিতে পারে, সেই সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। অকাট্য প্রমাণ পাওয়া গেলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে নতুন আইন প্রণয়নের প্রস্তাব বাস্তবায়িত হওয়ার আগে এর চূড়ান্ত বিধান, প্রয়োগের সীমা এবং কার্যকর হওয়ার সময়সীমা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

অপরাধীদের আইনের আওতায় আনার পরও কেউ কেউ জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেন আইজিপি। এ ধরনের অপরাধ স্থায়ীভাবে নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিউনিটি পুলিশিংকে পুলিশের একটি বিশেষ শাখা হিসেবে কার্যক্রম পরিচালনার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থায় ছিল, তা সবার জানা। সে সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছিল বলে মন্তব্য করেন তিনি।

বর্তমানে দেশের সব জায়গায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন আইজিপি। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বেকারত্বসহ বিভিন্ন সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়, তবে সার্বিক অবস্থার দৃশ্যমান উন্নতি হয়েছে।

আইজিপির বক্তব্যে পুলিশের সামনে থাকা একটি মৌলিক প্রশ্ন স্পষ্ট হয়েছে কেবল অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে কি অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব, নাকি সাধারণ মানুষকে নির্ভয়ে অভিযোগ জানানোর পরিবেশও তৈরি করতে হবে?

চাঁদাবাজির শিকার ব্যক্তি ভয় পেলে পুলিশের নিজস্ব উদ্যোগে মামলা করার পরিকল্পনা অপরাধ দমনে নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এ ক্ষেত্রে অভিযোগের বিশ্বাসযোগ্যতা যাচাই, নিরপেক্ষ তদন্ত, সাক্ষীর নিরাপত্তা এবং আইনের যথাযথ প্রয়োগও গুরুত্বপূর্ণ।

একইভাবে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার অর্থ অপরাধের ক্ষেত্রে শিথিলতা নয়; বরং আইন মেনে, বৈষম্যহীনভাবে এবং জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করা।

খুলনায় আইজিপির বক্তব্য তাই শুধু একটি সফর বা সুধী সমাবেশের বিবরণে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দেশজুড়ে পুলিশের প্রতি জনগণের আস্থা, অপরাধ দমনে আইনি ব্যবস্থার কার্যকারিতা এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন। এসব উদ্যোগ বাস্তবে কতটা পরিবর্তন আনতে পারে, তার উত্তর মিলবে আইন ও নীতিমালার বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে।

নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলাযর নলতায় টিসিবির পণ্য বিতরণে ডিলার নেওয়ার জন্য আবেদন করেছে ৩ জন। কিন্তু আবেদনকারীর মধ্যে যাদের কোন দোকানই নেই, তারাই ক্ষমতার দাপট দেখিয়ে এবং ভুয়া দোকান দেখিয়ে ডিলার নেওয়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে ও তথ্যসূত্রে জানা গেছে, নলতায় আবেদনকারীদের মধ্যে প্রকৃত মুদি দোকান আছে মুনজুর আলম নামের ব্যক্তির। যার মুদি দোকানের নাম মঞ্জুর স্টোর। যে স্টোরটি নলতা হাটখোলায় সড়কের সাথেই অবস্থিত। এবং হাটখোলার মধ্যে এই বড় দোকানটি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা আইটি অফিসার ইতিপূর্বে তদন্ত করেছেন। অপর দুই আবেদনকারী আবু বক্কর সিদ্দিক ও রমজান আলী।

অভিযোগ আছে, আবু বক্কর সিদ্দিক মূলত একজন ভ্রাম্যমান পাসপোর্ট ও ভিসার কাজে পরিচিত। সমগ্র নলতার মধ্যে তার কোন মুদি দোকানই নেই। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে ডিলার নেওয়ার জন্য অন্যের দোকানকে নিজের দোকান দেখিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নলতায় হেমন্ত পালের দোকানের পাশে ইয়াকুব আলীর মধুবন এন্টারপ্রাইজ নামক দোকানটি নিজের মুদিখানার দোকান হিসেবে দেখিয়ে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় গ্রহণ করেছেন।

অপর আবেদনকারী রমজান আলী বর্তমান টিসিবির ডিলার হিসেবে কাজ করে। নলতা হাইস্কুলের উত্তর পাশে একটি গুদাম ঘরে টিসিবির পণ্য রেখে সেখান থেকে বিতরণ করে। রাশেদ ট্রেডার্স নামক সেই গুদাম ঘরকেই রমজান আলী আবেদনে মুদির দোকান দেখিয়েছে, যেটা বাস্তবে ভিন্ন চিত্র।

এভাবে নলতায় প্রকৃত মুদি ব্যবসায়ী বা মুদি দোকানকে আড়াল বা বঞ্চিত করে ক্ষমতার দাপট দেখিয়ে, যাদের কোন মুদি দোকানই নেই এবং প্রকৃতপক্ষে ব্যবসায়ী নন, তারা এখন টিসিবির ডিলার নেওয়ার জন্য দৌড়ঝাপে ব্যস্ত বলে জানা গেছে ।

জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নলতার আবেদনকারীদের অনিয়মের বিষয়গুলো তদারকি করে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্রকৃত মুদি ব্যবসায়ীকেই টিসিবির ডিলার দিলে, গ্রাহকদের মধ্যে সুষ্ঠু বন্টন ব্যবস্থা সুনিশ্চিত হবে বলে দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।