জাতীয় ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের একটি মন্তব্যকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের ওই বক্তব্যের ব্যাখা দিয়েছেন তিনি। একইসঙ্গে তার বক্তব্যকে সাংবাদিকরা ‘টুইস্ট’ করেছেন বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়)। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’, মানে টুইস্ট করা হয়েছে। আপনারা বলেননি যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম।
তিনি বলেন, আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। এর কোনো ভিত্তি নেই। তবে আমরা এ মুহূর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে পড়েছি। কিন্তু আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। আগাম সতর্কতা হিসেবে আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।
এরপরই মন্ত্রীর ‘সুখে আছি, ‘বেহেশতে আছি’ মন্তব্যকে ঘিরে দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনা। তার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।
Blog
-
নিজের‘বেহেশতে আছি’ বক্তব্যের ব্যাখা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
-
কে হচ্ছেন নতুন আইজিপি
জাতীয় ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। আড়াই লাখের বেশি সদস্যের পুলিশ বাহিনীর নতুন নেতৃত্বে কে আসছেন? নাকি বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে- এ নিয়ে চলছে নানা গুঞ্জন।
পরবর্তী পুলিশ প্রধান হিসেবে বেশ কয়েকজন কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। তবে কয়েকজন কর্মকর্তা বলছেন, বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ আরও এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা থাকবে অগ্রগণ্য। এজন্য পরবর্তী আইজিপি হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হবে, এসব বিষয় ভেবেই তাকে দায়িত্ব দেবে সরকার।
৩১তম পুলিশ প্রধান পদের জন্য আগ্রহী অনেক কর্মকর্তা এরইমধ্যে যোগাযোগ শুরু করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ইতিহাসে সর্বোচ্চ চার বছর সময় ধরে আইজিপি ছিলেন হাসান মাহমুদ খন্দকার। ২০১০ সালের ৩১ আগস্ট থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন তিনি।
নতুন আইজিপি হিসেবে আলোচনায় যারা
*র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি হিসেবে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নাম সামনে আসছে। অষ্টম বিসিএস ব্যাচের এই কর্মকর্তার আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা। তবে সরকার চাইলে তাকে আইজিপি হিসেবে নিয়োগ দিতে পারে। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছে তার সুনাম রয়েছে। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন। গত বছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি হিসেবে ডিআইজি (অপারেশনস্), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্ব পান। র্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
*এটিইউ প্রধান মো. কামরুল আহসান
আইপিজি হিসেবে আলোচনায় আছেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। তিনি ১৯৬৬ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়িত হন। এরপর চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এএসপি, এএসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (সংস্থাপন) ও অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পুলিশ কর্মকর্তা মো. কামরুল আহসান জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ‘পুলিশ অ্যাডভাইজার’ হিসেবে সিয়েরালিওন ও সুদানে দায়িত্ব পালন করেন।
সুদান মিশনের কনটিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন তিনি। পাশাপাশি মিশনগুলোতে দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ ‘জাতিসংঘ শান্তিরক্ষা পদক’ লাভ করেন।
*পুলিশ সদর দপ্তরের এস এম রুহুল আমিন
পরবর্তী আইপিজি হিসেবে আলোচনায় আছেন ১২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এস এম রুহুল আমিন। তিনি গোপালগঞ্জ সদর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
এস এম রুহুল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার, সিলেট জেলার পুলিশ সুপার, ঢাকায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে যোগদান করে বরিশালে পুলিশি সেবার নতুন দিগন্তের সূচনা করেন।
পুলিশের এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্ট ও দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেছেন।
*হাইওয়ে পুলিশের প্রধান মল্লিক ফখরুল ইসলাম
আইপিজি হিসেবে আলোচনায় আছেন হাইওয়ে পুলিশের (অতিরিক্ত আইজিপি) প্রধান মল্লিক ফখরুল ইসলাম। ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন মল্লিক ফখরুল ইসলাম।
২০০৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ভোলা, কিশোরগঞ্জ, সিলেট, ফেনী জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনাম অর্জন করেন। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ২০১২ সালে র্যাবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি এসবি ও ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।
*ড. বেনজীর আহমেদ
বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা চার্লস স্ট্রার্ট ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরে বিশ্বব্যাংকের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করেন ড. বেনজীর আহমেদ। ২০১৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
আইজিপি হিসেবে যোগদানের পর ড. বেনজীর আহমেদের হাত ধরে পুলিশে বেশকিছু সংস্কার এসেছে। যোগ হয়েছে নতুন নতুন বিষয়, আধুনিক হয়ে উঠেছে পুলিশ বাহিনী। তার নতুন নতুন উদ্যোগের কারণে পুলিশ বাহিনী এখন হয়ে উঠেছে জনবান্ধব। ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু করেছেন তিনি। এতে থানায় না গিয়ে ঘরে বসে পুলিশের সেবা পাচ্ছে মানুষ, কমেছে ভোগান্তি। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে।
২০১৮ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ সরকার বেনজীর আহমেদকে দেশের ৩০তম পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব দেয়। এরপর থেকে তার নানা পদক্ষেপের কারণে ‘জনমুখী পুলিশি সেবা’ পাচ্ছেন সাধারণ মানুষ। থানা থেকে বের করে পুলিশকে মানুষের দোরগোড়ায় নিতে একের পর এক সাহসী ও সময়োপযোগী নির্দেশনাও দিয়ে যাচ্ছেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় মানুষের পাশে থেকে সেবা দেওয়া, জঙ্গি ও মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযানসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে পুলিশ।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর বেনজীর আহমেদকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি দায়িত্ব বুঝে নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ভূমিকা পালন করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। হলি আর্টিসান হামলায় প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকবিরোধী বিশেষ অভিযানও বেগবান রেখেছেন তিনি।
সুন্দরবনের জলদস্যুতার অবসান ঘটিয়ে একটি স্বস্তির উপকূলীয় অঞ্চল প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন ড. বেনজীর আহমেদ। এছাড়া ক্যাসিনোবিরোধী অভিযান তার সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার যদি ড. বেনজীর আহমেদকে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, তাহলে পরবর্তী আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হতে পারে। -
কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম
জাতীয় ডেস্ক: সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে চালের। এর মধ্যে মোট চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা, আর চিকন চালের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।
বন্যার প্রভাব ও ডলারের মূল্য বৃদ্ধির পর এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ব্যবাসায়ীরা চালের দাম বাড়িয়েছেন। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ মিলাররাই চাল মজুদ করে সংকট সৃষ্টি করছেন। আর তাতেই দাম বাড়ছে।
চালের আগেই দাম বেড়েছে সয়াবিন তেল, ডিম ও সবজির। এতে চরমভাবে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ।
শনিবার রাজধানীর খুচরা বাজারে সবচেয়ে মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজিতে। আর মাঝারি মানের মোটা পাইজাম কিংবা স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকা কেজিতে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগের দিনও এই চাল বিক্রি হয়েছে ৪৬-৪৮ টাকা ও ৫২ টাকা কেজিতে।
বিআর ২৮ ও ২৯ জাতীয় চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজিতে। মিনিকেট ৭০ থেকে ৭৪ এবং নাজিরশাইল ৭৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
অথচ এক সপ্তাহ আগেও বিআর-২৮ জাতীয় চাল ৫২ থেকে ৫৫ টাকা, মিনিকেট চাল বিক্রি হয়েছিল ৬৮ থেকে ৭২ এবং নাজিরশাইল ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছিল। এসব চালের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা করে। এ ছাড়া সব ধরনের পোলাও চালের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা।
সরকার কী করছে
দাম স্থিতিশীল রাখতে সরকার চাল আমদানির অনুমতি, শুল্ক কমিয়েছে, বাজারে অভিযানসহ নানা উদ্যোগ নিয়েছে। তবে তাতে খুব বেশি সুফল মেলেনি। সরকার ১০ লাখ টনের বেশি চাল আমদানির অনুমতি দিলেও আমদানি হয়েছে খুবই কম। খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে, এ পর্যন্ত মাত্র ১৯ হাজার টন চাল আমদানি হয়েছে বেসরকারিভাবে।
সম্প্রতি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যারা অবৈধ মজুদ করে চালের দাম বৃদ্ধির পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য মিলাররা ধান ৩০ দিন ও চাল ১৫ দিনের বেশি মজুদ করে রাখতে পারবে না। যারা অবৈধভাবে মজুদ করে রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পর্যাপ্ত উৎপাদন আছে, সরবরাহ আছে অথচ চালের দাম বৃদ্ধি পাচ্ছে। ধানের যদি ঘাটতি থাকত, তাহলে আমদানি করে তা পুষিয়ে নেওয়া হতো। কিন্তু আমদানির লাইসেন্স দেওয়ার পরও তো আমদানি করেননি। ১৭ লাখ মেট্রিক টনের আমদানির অনুমতির জায়গায় মাত্র ৩ লাখ মেট্রিক টন আমদানি করেছেন। তার মানে পর্যাপ্ত চাল আছে। তাহলে দাম বাড়ছে কেন? ব্যবসায় মুনাফা করতেই হয়। তার মানে এই নয় যে, গলা কেটে মুনাফা করতে হবে। প্রতি সপ্তাহে চালের দাম বাড়াতে হবে এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। -
যে কারণে ব্যালন ডি’অরের তালিকায় রোনালদো, মেসি নেই
স্পোর্টস ডেস্ক: গতবার রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসি এবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেই নেই! কেবল বিস্ময় নয়, আর্জেন্টাইন তারকার না থাকা নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে। এ ইস্যুতে ব্যাখ্যাও দিয়েছে ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল। সময়ের সেরা ফুটবলারের লড়াইয়ে মেসির দীর্ঘদিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো ঠিকই আছেন সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু জায়গা হয়নি মেসির; ১৭ বছরের মধ্যে যা প্রথম। মেসি ভক্তরা তাই ভীষণ চটেছে। তাদের প্রশ্নের উত্তরই দিয়েছে ফ্রান্স ফুটবল। পিএসজিতে মেসির প্রথম বছরটা মোটেও ভালো কাটেনি। ৩৪ ম্যাচে করেন কেবল ১১ গোল, অ্যাসিস্টের সংখ্যা ১৫টি। তার মানের তুলনায় এই পরিসংখ্যান বড্ড বিবর্ণ। ফ্রান্স ফুটবলের ব্যাখ্যায়ও গত মৌসুমে মেসির পারফরম্যান্সের মলিনতা তুলে ধরা হয়েছে। “অবশ্যই, ২০০৬ সাল থেকে টানা ১৫ বার এই তালিকায় লিওনেল মেসির উপস্থিতি, সাতবার তার ব্যালন ডি’অর জয়, তার খেতাবের মর্যাদা, তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে তার এই বিষয়গুলো ভালোভাবেই আলোচনায় ছিল। ৩০ জন চূড়ান্ত করার সময় মেসিও আলোচনায় ছিল, কিন্তু ব্যালন ডি’অরের নতুন মানদণ্ড তার পক্ষে ছিল না। “নতুন নিয়মে পুরো বছর নয়, একটি মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। যে কারণে ২০২১ সালের ১১ জুলাই তার কোপা আমেরিকা জয় বিবেচনায় আসেনি। এবং এটা অবশ্যই স্বীকার করতে হবে, পরিসংখ্যান এবং খেলা দেখার সৌন্দর্য বিচারে প্যারিসে তার প্রথম মৌসুমটা খুবই বাজে কেটেছে।” ইংল্যান্ডে ফিরে রোনালদোর সময়টা যে খুব ভালো কেটেছে, তা নয়। তারপরও পর্তুগিজ ফরোয়ার্ডের থাকার কারণ নিয়েও উঠেছে প্রশ্ন। তার ব্যাখ্যাও দিয়েছে ফ্রান্স ফুটবল। “পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। এই মৌসুমে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছে সে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিনি ছিলেন ম্যাচ নির্ণায়ক। তার ৪ গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড ৭ পয়েন্ট পেয়েছিল।” “প্রিমিয়ার লিগে দুটি হ্যাটট্রিকসহ ১৮ গোল করেন রোনালদো। ৪৯ ম্যাচে ৩২ গোল- যদিও সেটা তার সেরা মৌসুম না, কিন্তু বিশ্ব ফুটবলের ৩০ জন সেরার তালিকায় থাকার জন্য যথেষ্ট।”
-
বেট উইনারের পোস্ট ডিলেট করলেন সাকিব
স্পোর্টস ডেস্ক: বিপাকে পড়ে ফেসবুক থেকে বেট উইনারের পোস্ট ডিলেট করেছেন সাকিব আল হাসান। শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি এই পোস্ট ডিলেট করেন। চুক্তি বাতিল করলেও সাকিবের ফেসবুকে শোভা পাচ্ছিল বেট উইনাইর ও বেট উইনার নিউজের লোগো সম্বলিত ব্যাট, প্যাড ও জার্সি পড়া ছবি। সেটি অবশ্য শনিবার ডিলেট করেছেন তিনি। বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে আবারও আলোচনায় সাকিব আল হাসান। একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের অনুমতি না নিয়ে চুক্তি করাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভালোভাবে নেয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন- সাকিবকে হয় বেট উইনার ছাড়তে হবে, না হলে ক্রিকেট ছাড়তে হবে। তাকে যেকোনো একটা বেছে নিতে হবে। এমন হুমকি শোনার পর সঙ্গে সঙ্গে বোর্ডের কাছে চুক্তি বাতিলের বিষয়টি বৃহস্পতিবার মৌখিকভাবে জানান সাকিব। এরপর ওইদিন রাতেই চুক্তি বাতিলের লিখিত চিঠিও দেন সাকিব। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিবের সাক্ষাৎ করার কথা রয়েছে। -
তিন বছর পর দলে ফিরলেন সাব্বির
স্পোর্টস ডেস্ক: আসন্ন এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের দল। তাতে চমক হিসেবে ফিরেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। সেইসঙ্গে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলও দেওয়া হয়েছে। সাব্বির বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০০৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। প্রায় তিন বছর পর দলে ডাক পেলেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। সাব্বির-সাইফউদ্দিনের মতো ফেরার সম্ভাবনা ছিল সৌম্য সরকারের। তাকে টি-টোয়েন্টি দলে ফেরানো নিয়েও অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। তবে এবার সুযোগ মেলেনি বাঁহাতি এই ব্যাটারের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন নুরুল হাসান সোহান, লিটন দাস আর শরিফুল ইসলাম। বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার আর নাজমুল হোসেন শান্ত। এদিকে বিশ্রাম শেষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।
এশিয়া কাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদ। -
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক সাকিব
স্পোর্টস ডেস্ক: বিতর্কের আঁধার থেকে দ্রুতই আবার দায়িত্বের আলোয় সাকিব আল হাসান। অনলাইন বেটিং সাইটের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার পর তার কাঁধেই টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার তুলে দিল বিসিবি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই অলরাউন্ডার নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। এই মাসের শেষ দিকে এশিয়া কাপ দিয়ে শুরু হবে সাকিবের টি-টোয়েন্টি অধিনায়কত্বের নতুন অধ্যায়। পরে অক্টোবরের শুরুতে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। শনিবার বিকেলে সাকিবের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, বোর্ড পরিচালকদের কয়েকজন ও নির্বাচক কমিটি। গুলশানে বিসিবি সভাপতির বাসভবনে এই সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নেওয়ার কথা। “সামনে আমাদের এশিয়া কাপ আছে। এরপর নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, পরে বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে। আমরা বোর্ডে আগেই একটি সভা করেছিলাম, সেই সভার একটি সিদ্ধান্ত ছিল (অধিনায়কত্ব নিয়ে)। আবার আমরা আলাপ-আলোচনা করেছি। বোর্ড সভাপতি ছিলেন, নির্বাচকরা ছিলেন। আমরা এই কয়েকটি সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি।” বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব আগে থেকেই ছিল সাকিবের। এবার টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরার পর ফিরে এলো ২০১৯ সালের বাস্তবতা। সেবার জুয়াড়ির প্রস্তাব গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার আগে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন তিনি। সাকিবের নিষেধাজ্ঞার পর থেকে বাংলাদেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন মাহমুদউল্লাহ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের চরম ব্যর্থতার পর নেতৃত্বে রেখে দেওয়া হয় তাকেই। তবে গত কিছুদিনে তার নিজের ফর্মহীনতা ও দলের বাজে পারফরম্যান্সে সমালোচনা হতে থাকে তীব্র। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহকে দলের বাইরে রেখে অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে। বিসিবি তখন বলেছিল, এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টির পর আঙুলে চোট পেয়ে ছিটকে যান সোহান। ওয়ানডে দলে থাকা মাহমুদউল্লাহকে তখন টি-টোয়েন্টি দলে আনা হয় শেষ ম্যাচের জন্য। তবে সেই ম্যাচের নেতৃত্ব পান মোসাদ্দেক হোসেন। মাহমুদউল্লাহর নেতৃত্বের ভবিষ্যৎ তখনই অনেকটা পরিষ্কার হয়ে যায়। শেষ পর্যন্ত অনুমিত পথেই এগোল সবকিছু। যদিও গোল বেধেছিল বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে। বিসিবি সভাপতি সাফ জানিয়ে দেন, বেটিং সাইট বেটউইনারের সহযোগী এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবকে নেতৃত্বের বিবেচনায় রাখা তো বহুদূর, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই তার কোনো সম্পর্ক থাকবে না। এই হুঁশিয়ারির পর দ্রুতই চুক্তি বাতিলের কথা বিসিবিকে লিখিতভাবে জানান দেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলে বিবেচিত এই অলরাউন্ডার। চুক্তি বাতিল করার পরও তার সঙ্গে আলোচনার অপেক্ষায় ছিলেন বিসিবি সভাপতি। বিসিবিকে না জানিয়ে এই চুক্তি করা ও এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা নিয়ে তার সঙ্গে সরাসরি কথা বলতে চান বোর্ড প্রধান। সাকিব শেষ পর্যন্ত নেতৃত্ব পাওয়ায় তার ব্যাখ্যায় বিসিবি সন্তুষ্ট বলেই ধরে নেওয়া যায়। সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে জয় ৭টিতে, পরাজয় ১৪টি।
-
২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দামাল’
বিনোদন ডেস্ক: ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় থাকা শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম জুটির আরও একটি সিনেমা মুক্তির মিছিলে যোগ দিচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’ মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর; যেখানে অভিনয় করেছেন একঝাঁক তারকা। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করে ইমপ্রেস টেলিফিল্মের উপদেষ্টা ও সিনেমাটির নির্বাহী প্রযোজক আবু শাহেদ ঈমন বলেন, ‘সব ঠিক থাকলে আমরা ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছি।’ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। সিনেমাটি প্রসঙ্গে তাঁর ভাষ্য, “এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ, এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি। আশা করি, ‘পরাণ’ যাঁরা দেখেছেন, তাঁরা আরও বড় চমক পাবেন এতে।” তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই। শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা।
-
দেশে ফিরছেন ঢালিউড ‘রাজকুমার’
বিনোদন ডেস্ক: গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। এরপর কেটে গেছে প্রায় ৯ মাস। ভক্তরাও অপেক্ষায় ছিলেন কবে দেশে ফিরবেন ঢালিউডের এই ‘রাজকুমার’। অবশেষে শাকিব খান আসছেন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন শাকিব খান। তার পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামবেন তিনি। এর আগে ১৫ আগস্ট দেশে ফেরার কথা ছিল শাকিব খানের। কিন্তু জরুরী মিটিং থাকায় দুদিন বিলম্ব হচ্ছে বলে জানান শাকিব খান। তিনি বলেন, ১৫ তারিখে নিউ ইয়র্কে বিশেষ একটি কাজের মিটিং চূড়ান্ত হয়। যেখানে আমার থাকাটা খুব জরুরী। তাই টিকিট চেঞ্জ করতে চয়েছে। সবকিছু চূড়ান্ত। ১৭ আগস্ট ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ। গত বছর ১২ নভেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন শাকিব খান। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউডের মেগাতারকা। এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তখন আর দেশে ফেরা হয়নি বলে জানান তিনি। জানা যায়, শাকিব খানের গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় গত ২৯ জুলাই। এর মধ্যে যুক্তরাষ্ট্রে শাকিব তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে হিমেল আশরাফের পরিচালনায় ‘রাজকুমার’ নামে একটি ছবির ঘোষণা দিয়েছেন। নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে। জানা যায়, দেশে ফিরে শাকিব খান তার পরিবারকে সময় দেবেন। প্রস্তুতি নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) থেকে সরকারি অনুদান পাওয়া ‘মায়া’ (সম্ভাব্য নাম) নামে নতুন ছবির শুটিং শুরু করবেন। পাশাপাশি দেশের ও দেশের বাইরের একাধিক প্রযোজক আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
-
অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’
বিনোদন ডেস্ক: বাংলা সিনেমায় রীতিমত জোয়ার বইছে। দিন দ্য ডে, পরাণ ও হাওয়া নিয়ে দর্শকের তুমুল আগ্রহ উৎসাহিত করছে সিনেমা প্রযোজক ও পরিচালকদের। তাইতো হাতে থাকা সিনেমাগুলো মুক্তি দিতে বেশ তৎপর ভূমিকা পালন করছেন তারা। ইতোমধ্যে বেশকিছু বিগ বাজেটের সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। এরমধ্যে অপারেশন সুন্দরবন, দামাল, বিউটি সার্কাস এর মতো ছবিগুলোর নাম আসছে। এবার শোনা গেল আসছে অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। সম্প্রতি ফার্স্টলুক পোস্টারের পর এবার আরিফিন শুভ ছবিটি অক্টোবরে আসছে বলে জানিয়েছেন। এ বিষয়ে ছবির নির্মাতা ফয়সাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, আসছে অক্টোবরে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির বিষয়টি সবাই মিলে আমার নিশ্চিত করেছি। তবে অক্টোবরের কয় তারিখে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে, এ বিষয়ে শিগগির আমরা জানিয়ে দিতে পারবো। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুটি পর্বই ফয়সাল আহমেদের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার। ছবিটি নিয়ে এরআগে সানী সানোয়ার জানিয়েছিলেন,‘প্রথম পর্বের সাফল্যের পর আমরা ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি, এটা সত্যি আনন্দের। খুব শিগগিরই আমরা মুক্তির তারিখ ঘোষণা করব।’ ‘ব্ল্যাক ওয়ার’-এ প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ। এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।