Blog

  • ফিংড়ীর বিভিন্ন সড়কের দুইপাশে শুকনো গাছ, দুর্ঘটনার আশঙ্কা!

    শেখ রিপজা হোসেন, ফিংড়ী থেকে: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে মেইন সড়কের দুই ধারে বড় বড় শিশুগাছ শুকিয়ে দণ্ডায়মান রয়েছে, যা দ্বারা যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। উক্ত সড়কটি সাতক্ষীরা শহরে যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জেলা শহর সাতক্ষীরায় যাতায়াত করে। রবিবার (২৮ আগস্ট) সকালে সরেজমিনে যেয়ে দেখা যায়, চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়ী এবং শিমুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবর্তী সড়কের দুইপাশে বিশাল আকৃতির বেশ কয়েকটি শিশুগাছ শুকিয়ে গেছে এবং সেগুলি দণ্ডায়মান রয়েছে। সেই গাছগুলি যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে পথচারী সহ যাত্রীবাহী ইজিবাইক, ভ্যান মটরসাইকেল অথবা যেকোন যানবাহনের উপর। গাছের পাশঘেঁষে রয়েছে বিদ্যুতের তার। শুকনোগাছ যে কোন সময় ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। শুকনোগাছ গুলো জনজীবনের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। দুর্ঘটনা এড়াতে শুকনোগাছ গুলি সরকারীভাবে টেন্ডার দিয়ে কর্তন করার জন্য ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর ইউ এন ও, সড়ক বিভাগ এবং জেলা পরিষদ প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী

  • নবাগত পুলিশ সুপারকে আশাশুনির চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা

    সংবাদদাতা: সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন আশাশুনির বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত চেয়ারম্যানবৃন্দ। রবিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে গমন করে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। ফুলেল শুভেচ্ছা কালে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড় দীপু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার দীপ ও ছাত্রলীগ নেতা রাসেল হোসেন উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন চেয়ারম্যানবৃন্দ।

  • দেবহাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটায় মানবতার কল্যান ফাউন্ডেশন ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সখিপুরস্থ সরকারী কেবিএ কলেজে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবতার কল্যান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সভাপতি জি.এম স্পর্শের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন মানুষের মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সাবেক সদস্য ও মানবতার কল্যান ফাউন্ডেশনের জেলা সভাপতি আল ফেরদাউস আলফা, সরকারী কেবিএ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আকবর আলী, বিশিষ্ট নাট্য পরিচালক ও মানবতার কল্যান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জি.এম সৈকত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দীন, জেলা আওয়ামী লীগের সদস্য শামছুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। কেবিএ কলেজের শিক্ষক স্কাউটস লিডার আবু তালেবের সঞ্চালনায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রোগীদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়। ক্যাম্পের মাধ্যমে জানানো হয়, যে সমস্ত রোগীদের অপারেশন করা লাগবে আগামী ৩দিনের মধ্যে তাদেরকে খুলনায় নিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবকদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক স্বেচ্ছাসেবকদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, ভোরের পাতার স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক হোসেন আলী, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহীন বিল্লাহ, ভিবিডির প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা, কর্ণ বিশ্বাস কেডি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সম্পাদক রওনক বাশার।
    এসময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবকরা কেউ নাম কামানোর জন্য করোনাকালে মানুষের পাশে দাড়ায়নি। সকলেই বিবেকের তাড়নায় দাড়িয়েছিলো। জীবন বাঁজি রেখে কাজ করেছিল। সেই সকল স্বেচ্ছাসেবকদের বাদ দিয়ে একটি মনগড়া তালিকা তৈরি করে সাতক্ষীরা জেলা প্রশাসন স্বেচ্ছাসেবকদের চরমভাবে অপমানিত করেছেন। যারা বিভিন্ন এনজিও থেকে সুবিধা নিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিল তাদের নামই স্থান পেয়েছে। এটি মেনে নেওয়া যায় না।
    তারা বলেন, অবিলম্বে ওই বিতর্কিত তালিকা বাতিল করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে ওই তালিকা বাতিল করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বড়ধরনের কর্মসূচি গ্রহন করা হবে জানান তারা। মানববন্ধনে সেভ দ্যা ফিউচার, প্রথম আলো বন্ধুসভা, সিওয়াইডি, ভিবিডিসহ সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

  • জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬ তম মৃত্যুবার্ষিকী

    প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় স্বরলিপি একাডেমির উদ্যোগে এক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
    একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক ইদ্রিস আলী, কবি সৌহার্দ সিরাজ, মনিরুজ্জামান মুন্না প্রমুখ। সংগীত পরিবেশন করেন খুলনা বেতারের নজরুল সংগীত শিল্পী ও স্বরলিপি একাডেমির পরিচালক ওস্তাদ শহীদুল ইসলাম, কবি সৌহার্দ সিরাজ ও উজ্জ্বল সরকার । তবলা সঙ্গত করেন তুষার মিত্র ও উজ্জ্বল সরকার।

  • আশাশুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার সকালে শোভনালী এফডব্লিউসিতে এ ক্যাম্প পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার প্রত্যয়ে মাসিক ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্পে ৩০২ জন রুগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ৪৬ জন রুগীকে ভায়া টেষ্ট করা হয়।

  • আশাশুনির আনুলিয়ায় বসতঘরের পাশেই ভূগর্ভের বালি উত্তোলন

    বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে লোকালয়ে এবং বসতঘরের ৩০ ফুট পাশে ভূগর্ভ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ফলে এলাকাবাসী সম্ভাব্য ভূমি ধ্বসের শঙ্কায় রয়েছে। প্রকাশ্যে সড়কের পাশে দীর্ঘ ২ মাস যাবৎ অবৈধ বালি উত্তোলন কাজ চললেও কোন প্রতিকার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    ইউনিয়নের চেচুয়া গ্রামের আঃ বারী সরদারের ছেলে ইসমাইল হোসেন ২০/২৫ বছর পূর্বে থেকে ভিটেবাড়িতে ঘর বেধে বসবাস করে আসছেন। সেখানে ভিটেবাড়িতে পাকা বসতঘর, রান্না ঘর, কাঠ ঘর, পায়খানা ঘর, পুকুর, নারিকেল গাছসহ অসংখ্য গাছগাছালা রয়েছে। চেচুয়া গ্রামের মৃত আহম্মদ আলি গাজীর ছেলে কুখ্যাত বালু দস্যু আঃ রহিম তার ড্রেজার মেশিন দিয়ে ইসমাইল সরদারের বাড়ির পাশে এড. শম্ভু সিংহ’র জমির পূর্ব পাশ থেকে ২ মাস পূর্ব থেকে ভূ-গর্ভের বালি উত্তোলন শুরু করেন। রফিকুল ও আবু সাইদ ঐ বালি কিনে নিয়ে মেইন সড়কের পাশে পুকুর ভরাট করেন। এবং ডিসি সাহেবের অনুমতি নিয়ে বালি উত্তোলন করা হচ্ছে বলে আস্ফালন করেন। দীর্ঘ দুই মাস অবৈধ ভাবে বালি উত্তোলন করা হলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। গত শুক্রবার ড্রেজার মেশিন ইসমাইলের বসতঘরের মাত্র ৩০ ফুট দূরে এবং ভিটে বাড়ির মাত্র ৫ হাত দূরত্বে বসানো হয়। প্রতিকার করলে তারা থামেনি বরং তাদেরকে নানা ভাবে হুমকী ধামকী দেওয়া হয়। এভাবে সরকারি বিধি নিষেধ ও আইনকে অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন প্রতিরোধ না করা হলে বালি উত্তোলনে প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চরম ক্ষতির মুখে থাকা ইসমাইল তার বসতবাড়ি ও এলাকাবসীর ক্ষতির মুখে ফেলে ভূ- গর্ভের বালি উত্তোলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে আনুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, বালি উত্তোলন করা হচ্ছে শুনেছি। আমি এখনই ঘটনাস্থলে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলছি।

  • জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সিএন্ডএফ’র হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে

    নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থলবন্দরে ট্রাক প্রতি পণ্য খালাসের জন্য ৪০০ টাকা দাবি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কর্মচারীদের সাথে শ্রমিকদের সংঘর্ষে তিন জন শ্রমিক-কর্মচারি আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ট্রাক থেকে পণ্য ওঠানো ও নামানো বন্ধ রয়েছে। এতে সীমাহীন ট্রাকজটে পড়েছে স্থলবন্দরটি। পরে জেল প্রশাসন, পুলিশ সুপার ও সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শ্রমিকরা কাজে যোগদান করে।
    ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান জানান, একটি ট্রাক থেকে পণ্য নামাতে শ্রমিকদের ৮০০ টাকা দিতেন ব্যবসায়ীরা। দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে শ্রমিকরা ১ হাজার ২০০ টাকা দাবি করা হয়। এই দাবিতে শনিবার সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন চলছিল। শনিবার বিকেলে কর্মচারি ইউনিয়নের নেতৃত্বে ব্যবসায়ীদের গুদামের শ্রমিকদের দিয়ে ট্রাক লোড-আনলোড করার সময় সঙ্গত কারণে শ্রমিকরা বাঁধা দেয়। এনিয়ে সংঘর্ষ বাঁধে।
    সংঘর্ষে কর্মচারি ইউনিয়নের সাব্বির হোসেন, শ্রমিক দেলওয়ারসহ তিনজন আহত হয়। একটি ট্রাকের মালামাল নামাতে এক হাজার ২০০ টাকা দেওয়া না হলে শ্রমিকরা কাজ করবেনা বলে জানান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এই নেতা।
    এ ব্যাপারে ভোমরা কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন ওরফে পানি ডাক্তার জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সিএন্ডএফের এজেন্ট নেতৃবৃন্দের সাথে বিকেলে সভা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত, উভয় পক্ষ কাজে যোগদান করেছে।

  • কলারোয়া হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রোগী ধরার ফাঁদ!

    নিজস্ব প্রতিবেদক: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কলারোয়া হাসপাতালকে তার মালিকানাধীন ক্লিনিকের রোগী ধরার ফাঁদে পরিণত করেছেন। হাসপাতালে ভর্তি রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা লিখে রির্পোটের জন্য তার ক্লিনিকে যেতে পরামর্শ দেন বলে অভিযোগ রয়েছে।
    জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান সাণ্টুর বাড়ি উপজেলার সোনাবাড়িয়া গ্রামে। কলারোয়া হাসপাতালের সামনে তার মালিকানাধীন ”আরোগ্য সদন” নামে প্রাইভেট ক্লিনিক ও ডায়গোনেষ্টিক সেণ্টার রয়েছে। হাসপাতাল থেকে রোগী ভাগায়ে নিজস্ব ক্লিনিকে নিয়ে ব্যাক্তিগত ব্যবসা প্রসারে তিনি সর্বদা ব্যাস্ত থাকেন। হাসপাতালে ভর্তি রোগীর চিকিৎসার দায়িত্ব আবাসিক মেডিকেল অফিসারের। সেই আবাসিক মেডিকেল অফিসার উপস্থিত থাকার পরেও ডাঃ মাহবুবুর রহামান রাউন্ডের পরে এসে হাসপাতালে ভর্তি রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা লিখে রির্পোটের জন্য তার ক্লিনিকে যেতে পরামর্শ দেন। হাসপাতাল ল্যাবে পরীক্ষার সুযোগ রয়েছে-এমন রোগীর পরীক্ষার জন্যও আরোগ্য সদনে পাঠানো হয়। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে অহেতুক পরীক্ষা করতে পাঠানো হয় বলে হাসপাতালের একটি সুত্র জানায়।
    গত ৩ আগষ্ট হাসপাতালে ভর্তি রোগী ঝাপাঘাট গ্রামের মৃত জমাত আলীর স্ত্রী সাবিনা খাতুনের কয়েকটি টেষ্ট লিখে দিয়ে পরীক্ষার জন্য তার ডায়গনষ্টিক সেণ্টারে যেতে বলা হয়। এভাবে শতশত রোগীর বিভিন্ন পরীক্ষার তার ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালে আগত বহু গরীব অসহায় রোগীকে হাসপাতাল থেকে তার ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। কলারোয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনের অত্যাধুনিক সুযোগ সুবিধা, ডাক্তার, নার্স সবই রয়েছে। কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ প্রাইভেট ক্লিনিকের সংগে সম্পৃক্ত ডাক্তারদের অপতৎপরতায় ৯০ শতাংশ গর্ভবতী মায়েরা প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশন করান বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। এভাবে কলারোয়া হাসপাতাল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রোগী ধরার ফাঁদে পরিণত হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায় হাসপাতালে কোন অপারেশানের রোগী না থাকলেও স্বাস্থ্য কর্মকর্তার নিজস্ব প্রতিষ্ঠানে অনেক রোগী আছে। এছাড়া করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী ও আপ্যায়ন বাবদ ৯ লাখ টাকা বরাদ্ধ আসে। এসময় স্বেচ্ছাসেবী হিসাবে ৬ জন আনসার সদস্য রুটিন মাফিক ডিউটি করলেও কাগজ কলমে ৯ জনের ডিউটি দেখানো হয়। প্রত্যেক আনসারের জন্য ৫৮ হাজার ২’শ টাকা উত্তোলন দেখানো হলেও তাদের হাতে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে আনসার সদস্য মুরারীকাটি গ্রামের মৃত আ: রহমানের ছেলে মোহাম্মাদ আলী জানান। প্রতি বছরে হাসপাতাল পরিচ্ছন্নতা বাবদ ৩ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও গত ২ মাস যাবৎ কোন পরিচ্ছন্নতার কাজই করা হয়নি বলে জানা যায়। হাসপাতালের একমাত্র এ্যামবুলেন্সটি জরুরী রোগী পরিবহনের চেয়ে কর্মকর্তা নিজের ঘোরাফেরার কাজে বেশী ব্যবহৃত করেন বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। এদিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিসে হাজিরা দিয়ে কখনো ফেসবুক নিয়ে ব্যাস্ত থাকেন। কখনো বের হয়ে নিজস্ব ক্লিনিকে রোগী নিয়ে ব্যাস্ত থাকেন বলে অভিযোগ উঠেছে। বিধি লংঘন করে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়াই হাসপাতালের অবকাঠামোগত পরিবর্তনের কাজ চলছে সংশ্লিষ্ট সুত্র জানায়। এই কর্মকর্তা যোগদানের পর থেকে অসৌজন্য মূলক আচারনের কারনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মীরা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকান্ড থেকে বিরত আছেন বলে জানা যায়।
    জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান তার ব্যক্তিগত ক্লিনিকে রোগী পাঠানোর বিষয়টি এড়িয়ে যেয়ে সঠিক ভাবে আনসার সদস্যের টাকা প্রদান ও অবকাঠামো পরিবর্তন হচ্ছে বলে জানান।
    খুলনা বিভাগীয় পরিচালক ডা: মনজুরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, এর পূর্বেও আমার নিকট অনেক অভিযোগ এসেছে। তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

  • কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

    কলারোয়া ব্যুরো: কলারোয়ায় রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানি এবং মামলা দায়েরের প্রতিবাদে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ডা. আব্দুল জব্বারের সভাপতিত্বে নসহকারী অধ্যাপক ডা.আশিকুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ আব্দুল বারিক, প্রভাষক হাবিবুর রহমান, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. শাহিদুর রহমান,স যুগ্ম সম্পাদক ডা. সিরাজুল হক খান, সহকারী অধ্যাপক ডা.শান্ত কুমার পাল, প্রভাষক ডা.মুহা.আসাদুজ্জামান ফারুকী, ডা.সূদর্শন হোড়, ডা. ইকবাল হোসেন, ডা.শফিকুর রহমান বাবু প্রমুখ।
    এসময় প্রবীন চিকিৎসক ডা.আব্দুর রাজ্জাক,ডা.সৈয়দ মিরাজ উদ্দীন, প্রভাষক ডা.ওমর ফারুক, প্রভাষক ডা. মুহাম্মাদ মুহসিন, ডা.আব্দুর রশীদসহ আগত উপজেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশগ্রহণ করেন।