শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন: নিরাপত্তার দাবী জেলে-বাওয়ালিদের
মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি: মাদক সেবনকালে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল, বকচরা এলাকার রহমান ও মধুমোল্লারডাঙ্গী এলাকার খালিদ হাসানকে আটক করেছে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার (২৮ অক্টোবর ) সকাল ১১ টার দিকে বকচরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অল্প পরিমাণ মাদক, মাদক সেবনের সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জসিমউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় জাতীয় পার্টির নেতার মৃত্যু: দাফন সম্পন্ন
নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং খলিলনগর বাজার কমিটির সাবেক সভাপতি মো. সিরাজ গাজী (৭৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গত মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে নিজ গ্রাম প্রসাদপুরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন । বুধবার সকাল ১১টায় প্রসাদপুরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন।
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং খলিলনগর ইউনিয়নের ৩৬ বছরের সাবেক চেয়ারম্যান জি এম আব্দুল আলীর জ্যেষ্ঠ পুত্র মো. সাইদুর রহমান মুকুল, খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এস এম জাহাঙ্গীর হাসান, বিএনপি নেতা মো. শহিদুল্লাহ গাজী, ইউপি সদস্য মো. লিয়াকত হোসেন, জামায়াতে ইসলামী নেতা ও ইউপি সদস্য আওরঙ্গজেব, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. ওয়াজেদ আলী গাজী, সাধারণ সম্পাদক মো. রজব আলী ফকির, খলিলনগর বাজার মসজিদের খতিব মাওলানা মুহা. হারুনুর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমের জানাজায় ইমামতি করেন মাওলানা মুহা. মাহফুজুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই ছেলে মো. সাব্বির হোসেন গাজী ও মো. লাভলু গাজী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।
তালায় আট শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবীদের পাশে জেলা পরিষদ, পেল ৮০ বাইসাইকেল
নজরুল ইসলাম, তালা থেকে: মেধার স্বীকৃতি ও শিক্ষার পথে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ হিসেবে সাতক্ষীরার তালায় ৮০ জন মেধাবী শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল। জেলা পরিষদের উদ্যোগে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনের অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর আলিম, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান এবং কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুধাংশ কুমার সরকার।
বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়,তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, এইচ.এম.এস. মাধ্যমিক বিদ্যালয়, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয় এবং খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় । এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তাঁদের মতে, বিনামূল্যে বাইসাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয়ের পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
পারুলিয়াকে আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে চান নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহাসিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পারুলিয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক এবং জনকল্যাণমুখী আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ও স্থানীয় রাজনীতির অন্যতম তুখোর নেতা চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি পারুলিয়া ইউনিয়নের সার্বিক অগ্রগতি ও সুশাসন প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েছেন। নজরুল ইসলাম মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামোগত নির্মাণে সীমাবদ্ধ থাকে না; বরং প্রশাসনিক স্বচ্ছতা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতি নির্মূলের মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। পারুলিয়া ইউনিয়ন পরিষদকে জনগণের প্রকৃত সেবা কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়েই তিনি মাঠে নেমেছেন।
স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে ইতোমধ্যে নজরুল ইসলাম সর্বস্তরের মানুষের আস্থাজনিত অবস্থান তৈরি করেছেন। তার মতে, পারুলিয়ার প্রতিটি গ্রামে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুস্থ ও অসহায় মানুষের অধিকার আদায়, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে কর্মসংস্থান ও ক্রীড়ামুখী করা এবং আধুনিক ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তার এই উদ্যোগে সমর্থন ব্যক্ত করছেন।
পারুলিয়া ইউনিয়নকে নিয়ে নিজের রাজনৈতিক ভাবনার কথা জানাতে গিয়ে নজরুল ইসলাম বলেন, সততা ও সচ্ছতাই রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত। কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি বা স্বজনপ্রীতির স্থান পারুলিয়ায় থাকবে না। ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজের হিসাব জনগণের সামনে উন্মুক্ত রাখা হবে, যাতে প্রতিটি নাগরিক তাদের প্রাপ্য সুবিধা কোনো হয়রানি ছাড়া পেতে পারেন।
শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতিকে বুকে ধারণ করেই তিনি সাধারণ মানুষের কল্যাণে শেষ পর্যন্ত কাজ করে যেতে চান।
এলাকাবাসীর প্রত্যাশা, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত এই নেতার সুনির্দিষ্ট দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়িত হলে পারুলিয়া ইউনিয়ন খুলনা বিভাগের মধ্যে একটি দৃষ্টান্তমূলক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।
সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদন ফেরদৌস আহমেদ ও তাঁর স্বজনদের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় প্রধান অভিযুক্তসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
কালিগঞ্জ থানার মামলা জি.আর. ১৯৯/২৬, সূত্রে জানা যায়, বুধবার ২৮ অক্টোবর মামলার এজাহারভুক্ত তিন আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জেলহাজতে যাওয়া আসামিরা হলেন— জি.এম মনিরুল হক তুহিন, পিতা-শাহাদাত হোসেন, মোঃ শফিকুল সরদার , পিতা-অলি সরদার, এবং ওমর ফারুক , পিতা-জহর গাজী। এরা সকলেই কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের বাসিন্দা। মামলার অপর আসামিরা এখনও পলাতক রয়েছে বলে জানাযায়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারী ও অপরাধ চক্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করায় গত ২১ আগস্ট ২০২৬ তারিখ রাতে কালিগঞ্জ উপজেলার মহেশকুড় এলাকায় সাংবাদিক ফেরদৌস আহমেদ ও তাঁর স্বজনদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালায় আসামিরা। তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে সাংবাদিক ফেরদৌসের হাত-পায়ের হাড় ভেঙে দেওয়া হয় । এছাড়া তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্বজনদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরবর্তীতে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করে দ্রুত বাকি পলাতক আসামিদের গ্রেফতার এবং এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।
মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক পলাশের জন্মদিন পালন: প্রশংসায় ভাসছেন
মেহেদী আলী সুজয়: মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। ব্যক্তিগত আনন্দকে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। প্রচলিত জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে জন্মদিন উদ্যাপনের বিষয়টি সামাজিকভাবে আলোচনায় এসেছে।
এইচ এম রহমাতুল্লাহ পলাশ সাবেক মন্ত্রী এম মুনসুর আলীর পুত্র। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁর জন্মদিন পালনের এই ব্যতিক্রমী উদ্যোগ নতুন করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে তার কাটিয়াস্থ নিজস্ব বাসভবনেই মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি অনেকের কাছে মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সাধারণত জন্মদিন উপলক্ষে নানা ধরনের আয়োজন, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনুষ্ঠানিকতার প্রচলন রয়েছে। তবে জন্মদিনের আনন্দকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগ ভিন্ন মাত্রা যোগ করে। শিশুদের সঙ্গে দিনটি উদযাপন করার মধ্য দিয়ে এমন একটি বার্তা উঠে এসেছে যে, ব্যক্তিগত আনন্দের পাশাপাশি অন্যের মুখে হাসি ফোটানোও হতে পারে উদযাপনের গুরুত্বপূর্ণ অংশ।
মাদ্রাসা ও এতিমখানার শিশুরা সমাজের বিশেষ যত্ন ও সহযোগিতার দাবিদার। তাদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়া তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার বিষয়টিকে সামনে নিয়ে আসে। এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে আনন্দ সৃষ্টির পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করতেও ভূমিকা রাখতে পারে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে এইচ এম রহমাতুল্লাহ পলাশের রাজনৈতিক পরিচয় রয়েছে। তবে জন্মদিন পালনের ক্ষেত্রে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সম্পৃক্ত করার বিষয়টি তাঁর ব্যক্তিগত উদযাপনকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। রাজনৈতিক অঙ্গনের বাইরেও মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা, বিশেষ করে শিশুদের মতো সংবেদনশীল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর উদ্যোগ জনপরিসরে ইতিবাচক বার্তা বহন করে।
সামাজিক জীবনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কর্মকাণ্ড মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাঁদের ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে। সে বিবেচনায় জন্মদিনের মতো ব্যক্তিগত উপলক্ষকে শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্যোগ মানবিক ও সামাজিক মূল্যবোধ চর্চার একটি উদাহরণ।
এ ধরনের আয়োজনের প্রকৃত তাৎপর্য শুধু একটি দিনের আনন্দে সীমাবদ্ধ নয়; বরং শিশুদের প্রতি যত্ন, ভালোবাসা ও সহমর্মিতার ধারাবাহিকতা বজায় রাখার মধ্যেই এর গুরুত্ব নিহিত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি বিভিন্ন উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ান, তাহলে তাদের জীবনে আনন্দের পাশাপাশি সহযোগিতার নতুন সুযোগও তৈরি হতে পারে।
সব মিলিয়ে, মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে জন্মদিন পালন করে এইচ এম রহমাতুল্লাহ পলাশ যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছেন, তা সামাজিক সম্প্রীতি ও মানবিকতার গুরুত্বকে সামনে এনেছে। ব্যক্তিগত আনন্দকে অন্যের আনন্দের সঙ্গে মিলিয়ে নেওয়ার এই উদ্যোগ মানুষের মধ্যে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে আরও উৎসাহিত করবে—এমন প্রত্যাশা করছেন অনেকে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জেলেদের নিকট থেকে বনকর্মকর্তাদের গণচাঁদাবাজি
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুস্পকাঠি ও নটাবেকী অভয়ারণ্য কেন্দ্রের অন্তর্গত নিষিদ্ধ খাল ও নদনদীতে অবাধে মা মাছ ও কাঁকড়া শিকার করছে প্রায় তিন শতাধিক জেলে। এসব জেলেরা ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে মাছ ও কাঁকড়া শিকারে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ বনাঞ্চলের গহিনে।
এদিকে অভিযোগ উঠেছে, বন বিভাগের সংশ্লিষ্ট অভয়ারণ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আঁতাত করে বন আইন উপেক্ষা করে মাছ ও কাঁকড়া শিকার অব্যাহত রেখেছে জেলে নামধারী দুর্বৃত্তরা। এভাবে নিষিদ্ধ বনাঞ্চলের অভয়ারণ্যের নদনদীতে অবাধে মা মাছ ও রেণু পোনা ডিম ধ্বংস করতে থাকলে অদূর ভবিষ্যতে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
জেলে ও বাওয়ালিদের সূত্রে জানা যায়, পুস্পকাঠি ও নটাবেকী অভয়ারণ্য কেন্দ্রের কতিপয় কর্মকর্তা কর্মচারীর সঙ্গে গোন চুক্তিতে (৭ দিনে এক গোন) নৌকা প্রতি ফাঁস জাল ৭ হাজার টাকা, কাঁকড়া ৩ হাজার টাকা, চরপাটা জালে ১০ হাজার টাকা ও কাটি জালে ৫ হাজার টাকা ও পারশে পোনা আহরণ প্রতি বিশ হাজার টাকা দিতে হয়। এতে পুষ্পকাঠি ও নটাবেকী অভয়ারণ্য কেন্দ্রের কতিপয় কর্মকর্তা-কর্মচারী গোনে প্রায় ৫/৭ লাখ টাকা ঘুষ নিয়ে জেলে নামধারী দুর্বৃত্তদের সুন্দরবনের এসব অভয়ারণ্য এলাকায় অবাধে মাছ ও পোনা ধরার সুযোগ করে দেন। প্রতিটি জেলে নৌকায় ৫০ ওয়াটের সৌর বিদ্যুৎসহ দুই-তিনটা মোবাইল ফোন থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার আগেই মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের সতর্ক করা হলে তারা তাৎক্ষণিক খালের আগা অথবা গহীন বনে ঢুকে পড়েন। যে কারণে নীলকোমল অভয়ারণ্য এলাকার নিষিদ্ধ বনাঞ্চলের নদী ও খালে প্রায় সারা বছর ধরে অবাধে মাছ ও কাঁকড়া ধরা অব্যাহত থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলেরা জানান, পুষ্পকাঠি ও নটাবেকী অভয়ারণ্য কেন্দ্রের অধীনে সব খাল ও নদীগুলোতে ও আশপাশের বনাঞ্চলের নিষিদ্ধ খাল ও নদীতে অবাধে মাছ ও কাঁকড়া শিকার অব্যাহত রয়েছে। গোন চুক্তিতে ট্রলার প্রতি বিশ হাজার টাকা ঘুষ নিয়ে পাঁচটি ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমে নিষিদ্ধ জালে পারশে পোনা আহরণ করছে। জেলেরা এক প্রজাতির পোনা ধরতে গিয়ে প্রতিদিন শতাধিক প্রজাতির কোটি কোটি বনজ প্রাণি ও ডিম ধ্বংস করছে। যে কোনো মুহূর্তে এরা সুন্দরবনের নিষিদ্ধ বনাঞ্চলে ঢুকে নির্বিচারে পোনা নিধন করবে। এভাবে নিষিদ্ধ বনাঞ্চলের নদীতে অবাধে মা মাছ রেনুপোনা ডিম ধ্বংস করতে থাকলে অদূর ভবিষ্যতে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সরকার ২০০৩ সালে এসব এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করেন। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও মাছ প্রজননের জন্য এসব নদনদী ও খাল এবং সংশ্লিষ্ট এলাকায় মাছ ধরা ও কাঠকাটাসহ সব ধরনের বনজ দ্রব্য আহরণ নিষিদ্ধ করে সরকার। বঙ্গোপসাগর থেকে বয়ে আসা এসব খাল ও নদনদীতে বিভিন্ন প্রজাতির মা মাছ এসে ডিম ছাড়ে। এ কারণে সুন্দরবনের অন্যান্য নদনদী ও খালের তুলনায় এসব জায়গায় বেশি মাছ পাওয়া যায়। ফলে লোভের বশবর্তী হয়ে জেলে নামধারী দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে এসব মা মাছ ও রেণুপোনা সমূলে বিনষ্ট করছে। চলতি শীত মৌসুমের প্রায় ৫/৬ মাস নির্বিচারে মা মাছসহ পোনা ধ্বংস অব্যাহত থাকবে। এতে করে মৎস্য প্রজনন কেন্দ্রগুলো ধ্বংস হচ্ছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
এব্যাপারে জানতে চাইলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বলেন, সুন্দরবন একটি বিশাল এরিয়া। হয়তো জেলেরা অভয়ারণ্য এলাকা থেকে মাছ শিকার করতে পারে। তবে আমরা যখন ইনফরমেশন পাই, তখন অভিযান চালিয়ে নৌকাসহ জেলেদের আটক করে আনি। আজও দুটি নৌকা জব্দ করা হয়েছে। সবাই মিলে সহযোগিতা করলে এর সমাধান মিলবে।
শ্যামনগরে অতিরিক্ত মদ্যপানে স্কুলছাত্রের মৃত্যু
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দ্বীপরাজ হাউলি (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দ্বীপরাজ হাউলি শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। সে স্থানীয় প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার বাড়িতে পূজা উপলক্ষে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর দ্বীপরাজ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত
#সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ, ফেরতের দাবি
#জেলা প্রশাসক বরাবর গ্রাহদের লিখিত অভিযোগ, প্রতিকার মেলেনি
#আজ সকাল ৯ টায় পালিয়ে যাচ্ছে সকল স্টাফ, ভোর সকাল থেকে ট্রাক ভর্তি সকল মালামাল সরিয়ে নেওয়ার প্রস্তুতি
#জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা গ্রাহকরা আনন্দ এনজিও অফিসে হাজির হচ্ছে
মেহেদী আলী সুজয়/মোঃ মোকাররম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় আনন্দ এনজিও’র বিরুদ্ধে প্রায় পাঁচ হাজার সদস্যের কাছ থেকে সংগৃহীত আনুমানিক ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংস্থাটির আর্থিক কার্যক্রম তদন্ত, সদস্যদের জমাকৃত অর্থ ফেরত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
২০২৬ সালের ২৫ অক্টোবর তারিখে দেওয়া ওই আবেদনে আনন্দ এনজিও’র স্থানীয় কার্যক্রম, সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং সংগৃহীত অর্থের ব্যবহার নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। আবেদনকারীদের দাবি, সংস্থাটির কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সদস্যদের আর্থিক স্বার্থ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, আনন্দ এনজিওর সঙ্গে যুক্ত স্থানীয় পর্যায়ের সদস্যরা বিভিন্ন সময়ে সংস্থাটির কার্যক্রমে অংশ নিয়েছেন। সংস্থাটির কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
আবেদনকারীদের অভিযোগ, সংগৃহীত অর্থের একটি অংশ সদস্যদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। এভাবে প্রায় পাঁচ হাজার সদস্যের কাছ থেকে আনুমানিক ২০ লাখ টাকা সংগ্রহের পর তার যথাযথ হিসাব ও ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।









