Home Blog Page 11

শ্যামনগরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, একই ব্যক্তির নাম খুচরা ও ডিলার তালিকায়!

0

# নীতিমালা নিয়ে প্রশ্ন; কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্তের দাবি

 

মশিউর রহমান বাপ্পি, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, আগে থেকেই খুচরা সার বিক্রেতা হিসেবে তালিকাভুক্ত একজন ব্যক্তির নাম সদ্য প্রকাশিত সার ডিলার নিয়োগের তালিকায়ও স্থান পেয়েছে। একই ব্যক্তির নাম দুই ধরনের তালিকায় থাকার বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

 

এ বিষয়ে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সার ডিলার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, যোগ্যতা যাচাই এবং প্রযোজ্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

একই ব্যক্তির নাম দুই তালিকায়, প্রশ্ন নিয়োগের যোগ্যতা নিয়ে

অভিযোগকারীর দাবি, মো. রহমত শেখ আগে থেকেই খুচরা সার বিক্রেতা হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এরপরও সদ্য প্রকাশিত সার ডিলার নিয়োগের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে প্রযোজ্য নীতিমালায় এ ধরনের দ্বৈত অন্তর্ভুক্তির ক্ষেত্রে কী শর্ত রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিয়োগের যোগ্য কি না, তা কর্তৃপক্ষের নথিপত্র যাচাই করে নিশ্চিত করা প্রয়োজন।

 

অভিযোগের সঙ্গে খুচরা সার বিক্রেতার তালিকা, নতুন ডিলার নিয়োগের তালিকা এবং সংশ্লিষ্ট নীতিমালার কপি সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন। এসব নথি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সারের সুষ্ঠু বণ্টন ও কৃষকের স্বার্থে স্বচ্ছতা জরুরি

কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং ফসলের উৎপাদন স্বাভাবিক রাখতে সময়মতো ন্যায্যমূল্যে সার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতার যথাযথ যাচাই এবং নীতিমালার সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

 

নিয়োগের তালিকা নিয়ে এমন প্রশ্ন উঠলে তা কেবল একজন ব্যক্তির যোগ্যতার বিষয়েই সীমাবদ্ধ থাকে না; বরং পুরো নিয়োগপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন সামনে আসে। তাই অভিযোগটি উপেক্ষা না করে সংশ্লিষ্ট নথি, পূর্ববর্তী খুচরা বিক্রেতার তালিকা, নিয়োগসংক্রান্ত শর্ত এবং যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অভিযোগকারী।

কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

শ্যামনগরের সার ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অভিযোগকারী চান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম বা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

 

পাশাপাশি সার ডিলার নিয়োগের যোগ্যতা, নির্বাচনের মানদণ্ড এবং সংশ্লিষ্ট তালিকা যাচাইয়ের প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যালোচনার দাবি উঠেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অভিযোগের পুনরাবৃত্তি না ঘটে এবং কৃষকরা সুষ্ঠু সার বিতরণব্যবস্থার সুফল পান।

এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষা

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে কাউকে দোষী সাব্যস্ত করার আগে যথাযথ তদন্ত ও নথিপত্র যাচাই অপরিহার্য। জেলা প্রশাসন ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির তদন্তে অভিযোগের সত্যতা ও প্রযোজ্য নীতিমালার কোনো লঙ্ঘন প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা অভিযোগকারীর।

 

স্থানীয় কৃষকদের স্বার্থ, সারের সুষ্ঠু সরবরাহ এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা বজায় রাখতে এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ নিষ্পত্তি এখন সময়ের দাবি।

দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত

0
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: অধিক ফলন, কম খরচ এবং কর্মসংস্থানের দারুণ এক বিকল্প হিসেবে সাতক্ষীরার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পুষ্টিকর ও সুস্বাদু ‘পানিফল’ চাষ। জেলার দেবহাটা উপজেলাসহ বিভিন্ন মাঠজুড়ে এখন সবুজ পাতার সমারোহে দৃশ্যমান হচ্ছে পানিফলের ক্ষেত। সুস্বাদু এ ফলটি সম্পর্কে অনেকের পূর্ণ ধারণা না থাকলেও বর্তমানে স্থানীয় ও বাহ্যিক বাজারে এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দুপাশে, স্থানীয় হাটবাজারের ফুটপাতে কিংবা সরাসরি ক্ষেত থেকে তুলে মহাসড়কের ধারে পসরা সাজিয়ে পানিফল বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। বর্তমানে প্রতি কেজি পানিফল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। ফলটির স্থানীয় উৎপাদন বেশি হওয়ায় এটি কৃষকদের কাছে একটি লাভজনক ও জনপ্রিয় মৌসুমি ফসলে পরিণত হয়েছে।
সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় মৌসুমভিত্তিক এই ফলের ব্যাপক চাষ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেবহাটা উপজেলার সখিপুর, গাজিরহাট, কামটা, কোঁড়া, দেবহাটা সদর, পারুলিয়া, কুলিয়া ও বহেরা এলাকায় বাণিজ্যিকভাবে পানিফলের চাষ করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব এলাকার উৎপাদিত ফল সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে।
কৃষকদের মতে, পানিফল চাষের জন্য মূলত ডোবা, খানা কিংবা মৎস্য ঘেরের মতো স্থান অত্যন্ত উপযোগী। সামান্য লবণাক্ত ও মিষ্টি—উভয় প্রকার পানিতেই এটি ভালো জন্মে। পানিফল গাছ কচুরিপানার মতো পানির ওপর ভেসে থাকে এবং পাতার গোড়া থেকে শিকড়ের মতো ডগা বের হয়ে বংশ বিস্তার করে, যেখান থেকে পরবর্তীতে ফল ধরে। সবচেয়ে বড় সুবিধা হলো, পানিফল চাষে অতিরিক্ত কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না এবং এতে সার ও কীটনাশকের ব্যবহারও নামমাত্র লাগে।
মৌসুমি এই ব্যবসা বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। সখিপুর ও ডেল্টা মোড় এলাকার খুচরা পানিফল ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বর্তমানে প্রতি কেজি পানিফল ৩০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কেজি ফল বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে তিনি তার পরিবার-পরিজন নিয়ে বেশ ভালোভাবেই সংসার চালাচ্ছেন।
অন্যদিকে, পাইকারি ব্যবসায়ীরা মৌসুমের শুরুতে অর্ধশতাধিক চাষীর মাঝে অগ্রিম অর্থ বিনিয়োগ করেন। পরবর্তীতে ফলন আসার পর বাজারদর অনুযায়ী উৎপাদিত ফসল সংগ্রহ করেন। এভাবেই প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসার সাথে যুক্ত থেকে অনেকেই সচ্ছলতা অর্জন করছেন।
এ বিষয়ে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান জানান, পানিফল চাষকে প্রথাগতভাবে প্রধান কৃষি খাতের অন্তর্ভুক্ত হিসেবে ধরা না হলেও, এর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে এটি দ্রুত প্রধান চাষের খাতের আওতায় আনার সুযোগ রয়েছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে এর আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি অধিদপ্তর থেকে সরাসরি কোনো আর্থিক বরাদ্দ না থাকলেও চাষিদের সার্বিক সফলতা ও উন্নয়নে নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হচ্ছে।

দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি আটক

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি এবং নিয়মিত মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর ২০২৬ তারিখ গভীর রাতে দেবহাটা থানার এসআই (নিঃ) সাহিদুল আলম, এসআই (নিঃ) মো. জাকারিয়া শেখ, এসআই (নিঃ) মো. সোহাগ মিয়া, এসআই (নিঃ) মো. বেলায়েত হোসেন এবং পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— দেবহাটার পূর্ব কুলিয়া গ্রামের দীন আলী মোল্লার ছেলে মো. গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মো. ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গুরুগ্রাম এলাকার মৃত মালেক গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম।

অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) আহম্মদ আলী ও এএসআই (নিঃ) মো. সাগর শেখ সঙ্গীয় ফোর্সসহ গত ২৯ অক্টোবর বিকেলে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত তমা সাহা (৩৫) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার শ্রীপুর ওয়ালেচ অফিস মোড়ের তন্ময় সাহার স্ত্রী। তিনি বর্তমানে খুলনা সদর থানার শামছুর রহমান রোড সিটি কলেজ তালতলা এলাকার রুমনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

গ্রেপ্তারকৃত সকল আসামিকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা নিতে ভূমি মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

0

# অর্পিত সম্পত্তির আপিল তামাদিতে খারিজ, সরকারি স্বার্থ ক্ষুণ্নের আশঙ্কা

# তালার পুটিয়াখালী মৌজার সম্পত্তি নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া

# আপিল শুনানি ও তামাদি খণ্ডনের আবেদন না করার বিষয়টি উঠে এসেছে নথিতে

বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণসংক্রান্ত একটি মামলায় সরকারের পক্ষে দায়ের করা আপিল তামাদি আইনে খারিজ হওয়াকে কেন্দ্র করে সরকারি স্বার্থ রক্ষায় দায়িত্ব পালনের প্রশ্ন সামনে এসেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো ২৯ অক্টোবর ২০২৬ তারিখের সরকারি পত্রে মামলার ধারাবাহিকতা, আপিল খারিজের কারণ এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

 

সরকারি নথিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের ৮০৯/২০২১ নম্বর মামলায় সম্পত্তি অবমুক্তির পক্ষে রায় ও ডিক্রি হওয়ার পর সরকারপক্ষ থেকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে ৯৯/২০২৫ নম্বর আপিল মামলা দায়ের করা হয়। কিন্তু ২০২৬ সালের ২৬ জানুয়ারি আপিলটি তামাদি আইনে খারিজ হয়ে যায়। জেলা প্রশাসকের চিঠিতে এ পরিস্থিতিতে সরকারি স্বার্থ ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তালার পুটিয়াখালী মৌজার সম্পত্তি নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া:

জেলা প্রশাসকের কার্যালয়ের পত্রে বলা হয়েছে, সাতক্ষীরার তালা উপজেলার পুটিয়াখালী মৌজার এসএ ২৩ নম্বর খতিয়ানভুক্ত এবং এসএ ৬৮৯ নম্বর দাগের সম্পত্তি অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকা থেকে অবমুক্ত করার দাবিতে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে তালা উপজেলার বড়কাশিপুর এলাকার মৃত হরেন্দ্র নাথের ছেলে দিগেন্দ্র নাথ মজুমদারকে।

 

নথিতে উল্লেখ রয়েছে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের ৮০৯/২০২১ নম্বর মামলায় ২০২৩ সালের ১৮ এপ্রিল রায় এবং ২৪ এপ্রিল ডিক্রি প্রদান করা হয়। ওই রায় ও ডিক্রির বিরুদ্ধে সরকারপক্ষ থেকে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনালে ৯৯/২০২৫ নম্বর আপিল মামলা দায়ের করা হয়।

 

তবে আপিল দায়েরের পর মামলাটির নিষ্পত্তি সরকারের অনুকূলে হয়নি। ২০২৬ সালের ২৬ জানুয়ারির আদেশে আপিলটি তামাদি আইনে খারিজ হয়ে যায়। ফলে সম্পত্তি-সংক্রান্ত মামলায় সরকারের স্বার্থ সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

শুনানি ও তামাদি খণ্ডনের আবেদন নিয়ে গুরুতর প্রশ্ন:

জেলা প্রশাসকের পত্রে আপিল মামলার কার্যক্রম পর্যালোচনার প্রসঙ্গে বলা হয়েছে, আপিলকারীপক্ষের আইনজীবী শুনানি করেননি এবং তামাদি খণ্ডনের জন্য কোনো আবেদনও করেননি। নথিতে আদালতের আদেশের বরাতে এসব বিষয় উল্লেখ করে আপিল খারিজ হওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে।

 

সাধারণভাবে, নির্ধারিত আইনগত সময়সীমা অতিক্রম করে মামলা বা আপিল দায়ের করা হলে তামাদি আইনের প্রশ্ন ওঠে। যথাযথ ক্ষেত্রে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তামাদি খণ্ডনের আবেদন করা যায়। কিন্তু সংশ্লিষ্ট মামলায় এমন আবেদন না করার বিষয়টি জেলা প্রশাসকের চিঠিতে বিশেষভাবে উঠে এসেছে।

 

সরকারি সম্পত্তি-সংশ্লিষ্ট মামলায় রাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়োজিত আইনজীবীদের ওপর বর্তায়। সে ক্ষেত্রে আপিলের শুনানি এবং প্রয়োজনীয় আইনগত আবেদন যথাসময়ে করা হয়েছিল কি না, তা গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসকের পত্রে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে মামলাটি পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালনের বিষয়টি পর্যালোচনার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ:

জেলা প্রশাসক স্বাক্ষরিত পত্রে সংশ্লিষ্ট বিষয়ে দায়ী ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ জানানো হয়েছে। পত্রের সঙ্গে মামলার বিবরণ ও সংশ্লিষ্ট নথির উল্লেখ রয়েছে। এর মাধ্যমে আপিল খারিজের ঘটনায় দায়িত্ব নিরূপণ এবং সরকারি স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় আনা হয়েছে।

 

তবে জেলা প্রশাসকের চিঠিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে কোনো বিভাগীয় বা আইনগত ব্যবস্থা নিয়েছে কি না, সে বিষয়ে নথিতে তথ্য নেই। একইভাবে, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের তথ্যও এই পত্রে উল্লেখ করা হয়নি।

 

সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় সময়সীমা, শুনানি এবং প্রয়োজনীয় আবেদন যথাযথভাবে নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে দায়িত্ব নির্ধারণ এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হলে সরকারি স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

 

এদিকে অভিযুক্ত আইনজীবী উপরোক্ত অভিযোগের বিষয়ে হোয়াটসঅ্যাপে লিখিত মতামত দেন। মতামতে তিনি জানিয়েছেন, অর্পিত সম্পত্তির মামলা নম্বর ৮০৯/১২ মামলার রায় ১৮/৪/২৩ ও ডিগ্রী ২৪/৪/২৩ তারিখ সরকার পক্ষে আইনজীবী এডভোকেট প্রবীর কুমার কান্তি ভি পি মামলার আপীলের ক্ষেত্রে ভিপি আইনের ১৮ ধারা ৪ উপ ২ ধারায় বলা আছে রায় প্রকাশের ৪৫ দিনের মধ্যে আপিল করতে হবে। সেক্ষেত্রে তামাদি আইনে ৫ ধারা কোনভাবে প্রযোজ্য নয়। আমি যোগদান করিয়াছি ৪/৫/২৫ তারিখে। যোগদানের পর তৎকালীন এডিসি রাজস্ব মইনুল স্যার তার কথা অনুযায়ী আপীল ৯৯/২৫ মামলাটি করা হয়। এর জন্য দায়ী এডভোকেট প্রবীর কুমার কান্তি। তার বিরুদ্ধে কোন কিছু বলা হয়নি। আমাকে কোন কিছু জানানো হয়নি। নোটিশ করা হয়নি।

সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানার চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে (২০) গ্রেফতার করেছে এসআরবি-৬। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা শহরের  কাঠালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুজাইফা সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মো. মিঠুর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রানী সম্পদ অধিদপ্তরের মুল ফটকের সামনে  রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। আসামিরা দোকানদার রবিউলের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে তার প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান প্রতিবাদ জানান। এর জেরে আসামিরা বাপ্পীকে মারধর ও ইট দিয়ে মাথায় গুরুতর জখম করে। এ সময় বাপ্পীকে রক্ষা করতে তার ছোট ভাই  জাকারিয়া খাঁন এগিয়ে গেলে আসামিরা ধারালো চাকু দিয়ে তার বাম বুকে আঘাত করে মারাত্মক জখম করে।
পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বড় ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাতক্ষীরা এসআরবি-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন পদ্মশাখরা ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। পদ্মশাখরা বিওপির অভিযানে ভাঙ্গার মুখ এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। স্থানটি সীমান্তের মূল পিলার ১ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। স্থানটি সীমান্ত পিলার ১৩/৩-এসের ৩ নম্বর আরবি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
এ ছাড়া বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাপালিপাড়া থেকে মো. আসাদুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৭/৪৩-এসের প্রায় ১০ গজ ভেতরে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সিম কার্ডগুলোর একটি ভারতীয় ও তিনটি বাংলাদেশি।
বিজিবির দাবি, জব্দ করা পণ্য শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

0

মো: মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার এবং এক্সপার্ট যুব সংঘের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আছমাতুল্লাহর সুযোগ্য সন্তান সেলিমুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার ভোরে (সকাল ৪টার দিকে) স্ট্রোকজনিত কারণে শহরের মাগুরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক এই মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ জোহরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি কুশখালীতে নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সেলিমুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘অগ্রগতি সংস্থা’ এবং ‘এক্সপার্ট যুব সংঘ’ পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সংগঠন দুটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরা দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী হাসান সবুজ। এ  সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা,যুগ্ম আহবায়ক ওমর ফারুক রাজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম মনি,সদস্য সচিব হিরোন কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা ও সদস্য সচিব কবির হোসেন, যুগ্ন আহবায়ক আনারুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

শ্যামনগরে অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবো- ইউএনও শামসুজ্জাহান কনক

0

‎সাতনদী ডেক্স: ‎সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ ইটভাটা নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে বক্তব্য জানতে গেলে সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবথ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুজ্জাহান কনকের এর বিরুদ্ধে। সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন বক্তব্যের অভিযোগে সাংবাদিকদের মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য ও বক্তব্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত নিরাপত্তার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

‎
‎বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান উপস্থিত সাংবাদিকরা।‎
‎সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, শ্যামনগর পৌরসভা এলাকায় ইটভাটা পুনর্নির্মাণের বিষয়ে বক্তব্য জানতে তাঁরা ইউএনওর কার্যালয়ে যান। এ সময় অবৈধ ইটভাটা সম্পর্কে জানতে চাইলে ইউএনও বলেন, “আমার কাছে ইটভাটার কোনো তথ্য নেই। এগুলো জেলা থেকে (ডিসি অফিস) নিয়ন্ত্রণ করা হয়। তাই ইটভাটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই।” এরপর এ বিষয়ে সংবাদে তাঁর বক্তব্য প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সাংবাদিককে ‘বাসা থেকে উঠিয়ে নিয়ে আসবথ বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎সাংবাদিকদের মতে, অবৈধ ইটভাটার মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তার বক্তব্য চাওয়া সাংবাদিকতার স্বাভাবিক ও পেশাগত দায়িত্ব। এ ক্ষেত্রে বক্তব্য না দেওয়ার কথা জানানো এক বিষয়, আর সংবাদে বক্তব্য প্রকাশের কারণে সাংবাদিককে বাসা থেকে তুলে আনার কথা বলা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এমন মন্তব্যের অভিযোগ তাঁদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
‎
‎এ বিষয়ে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন বলেন, “স্থানীয় ইউএনওর এ ধরনের আচরণ করা উচিত নয়। একজন সাংবাদিক বক্তব্য চাইতেই পারেন। তবে তাঁকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসব—একজন সরকারি কর্মকর্তা এ ধরনের কথা বলতে পারেন না। এটা অনুচিত।”
‎
‎অবৈধ ইটভাটার বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, “অবৈধ ইটভাটা চালানোর কোনো সুযোগ নেই। আমরা খুব শিগগিরই অভিযান পরিচালনা করব এবং যেসব ইটভাটা অবৈধ হিসেবে চিহ্নিত হবে, সেগুলো বন্ধ করে দেব।”
‎
‎অন্যদিকে, অবৈধ ইটভাটা এবং সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনটি অন্য একজন রিসিভ করায় জেলা প্রশাসকের সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‎
‎উল্লেখ্য, শ্যামনগর উপজেলায় বিভিন্ন ইটভাটার বৈধ লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অভিযোগ দীর্ঘদিনের । অবৈধ ইটভাটা পরিচালনা ও পরিবেশগত বিধিনিষেধ লঙ্ঘনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন সচেতন মহল। এসব ইটভাটার বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‎
‎ঘটনার সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের শ্যামনগর উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল হাকিম, দৈনিক কালের কণ্ঠের শ্যামনগর উপজেলা প্রতিনিধি আঃ আজিজ এবং গ্রামের কাগজের প্রতিনিধি ইয়াছিন মোড়লসহ আরও অনেকে।

খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা: ওসি প্রত্যাহার

0
মেহেদী হাসান, খুলনা প্রতিবেদক: খুলনায় পৃথক তিনটি স্থানে গুলির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী। আহতদের মধ্যে সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একই হাসপাতালে অস্ত্রোপচার শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন যুবদল নেতা অহিদুল ইসলাম বাদল। অন্যদিকে, জাপান টোব্যাকো কোম্পানির কর্মী সালমান হাওলাদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
একের পর এক গুলির ঘটনার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। থানায় কোনো মামলাও হয়নি। এর মধ্যে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন এস এম মিজানুর রহমান।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে খুলনার পৃথক তিনটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দুটি ঘটনা জেলার বটিয়াঘাটা থানার আওতাধীন এলাকায় এবং অন্যটি খুলনা মহানগরীর সদর থানার নিরালা আবাসিক এলাকায়। প্রতিটি ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি চালায় বলে জানা গেছে।
আহতদের মধ্যে অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। সোহেল শেখ আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। অপর আহত সালমান হাওলাদার জাপান টোব্যাকো কোম্পানির কর্মী।
তিনটি ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় ও চিকিৎসার অগ্রগতি জানা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গুলিবিদ্ধ সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবদল নেতা অহিদুল ইসলাম বাদল। তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
অন্যদিকে, গুলিবিদ্ধ সালমান হাওলাদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বটিয়াঘাটায় পৃথক দুটি গুলির ঘটনার পর বুধবার ওসি মারুফ হোসেনকে প্রত্যাহার করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৫ জুন তিনি বটিয়াঘাটা থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।
তাঁর স্থলে পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। বুধবার তিনি বটিয়াঘাটা থানার দায়িত্ব গ্রহণ করেন।
তবে ওসি প্রত্যাহারের সিদ্ধান্তের সঙ্গে গুলির ঘটনাগুলোর সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নতুন ওসি পদায়ন করা হয়েছে। মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই ওই দুজনকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করতে পেরেছি। খুব দ্রুত তারা গ্রেপ্তার হবে।’
বটিয়াঘাটা থানার নতুন ওসি এস এম মিজানুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পরই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
অন্যদিকে, খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, সালমান হাওলাদারকে গুলির ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।
পৃথক তিনটি গুলির ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা চললেও অপরাধীদের গ্রেপ্তার, ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটন এবং মামলা না হওয়ার বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের দাবি, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।
এখন দেখার বিষয়, শনাক্ত ব্যক্তিদের কবে আইনের আওতায় আনা যায় এবং পৃথক ঘটনাগুলোর পেছনে কী কারণ ছিল, তা তদন্তে কতটা স্পষ্ট হয়।