প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের ওয়েভ ফাউন্ডেশন উপজেলা এ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটির ষান্মসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ম্যানগ্রোভ সভাঘরে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিগত ৬ মাসে পিছিয়ে পড়াজনগোষ্ঠির জীবন মান উন্নয়নের জন্য কি ধরনের সহযোগিতা করা হয়েছে এবং আগামী ৬ মাসে পিছিয়ে পড়াজনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণ করানোর জন্য কি কাজ করা হবে তার উপরে ষান্মসিক পরিকল্পনা করা হয়। এর পূর্বে গত ৮ জুলাই উপজেলা এ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। ৯ জুলাই রোববার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ শাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ। প্রশিক্ষক ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় ফ্যাসিলিটেটর জহির উদ্দীন।
Author: kobirubel.satnadee
-
কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৭
কলারোয়া ব্যুরো: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে আটক করেছে। এরমধ্যে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন, ৪শ গ্রাম গাঁজাসহ চারজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন। সোমবার বিকেলে ‘কলারোয়া মিডিয়া সেল’র হোয়াটসঅ্যাপ গ্রুপে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। সোমবার উপজেলার বিভিন্ন স্থানে হওয়া পুলিশের অভিযানে আটককৃতরা হলো ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের মহাসিন গাজী (৩৫), সাতক্ষীরা সদর থানার পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুর রহমান (৫৫), ৪শ গ্রাম গাঁজাসহ উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আনোয়ারা খাতুন (৫০), হরিনা-গোয়ালচাতর গ্রামের সাইফুল ইসলাম ময়না (২৮), সাতক্ষীরা সদর থানার গোবিন্দকাটি গ্রামের সাইদুল ইসলাম (২৩) ও ইমামুল হোসেন (২২) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের জামাল উদ্দিন।
-
শার্শায় এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
সোহাগ হোসেন, শার্শা: যশোরের শার্শায় জাহিদ হাচান নামে ২১ বছর বয়সের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় তার মৃত্যু হয়। মৃত জাহিদ হাচান শার্শা উপজেলার পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মো. আবুতালেব ছেলে। জানা গেছে, মৃত জাহিদ হাচান প্রতিদিনের ন্যায় নির্মাণ কাজের জন্য শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মো. কামরুল ইসলামের বাড়িতে যায়। সেখানে কাজ করার সময় ঘরের ছামসেড ভেঙে চাপা পড়ে ঘটনা স্থালে তার মৃত্যু হয়। জাহিদের এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকা মানুষের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। এবিষয় শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সুরুতহাল রিপোর্টের পরে, বাদী না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
-
পাটকেলঘাটায় তিন সরকারী কর্মকর্তার মোটরসাইকেল চুরি
কিশোর কুমার: পাটকেলঘাটায় এক পুলিশ কর্মকর্তাসহ দুই সরকারী কর্মকর্তার মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোর চক্র। সোমবার (১০ জুলাই) দিবাগত রাতে পাটকেলঘাটা বাজারের ছিদ্দিকিয়া মাদ্রসার পাশের নিজাম ভূঁইয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় চোরেরা আশপাশের সকল সিসি ক্যামেরা ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ঘটানাস্থল পুরিদর্শন করেছেন পাটকেলঘাটা থানা পুলিশ। ভুক্তভোগীরা হলেন, পাটকেলঘাটা থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) লিটন শেখ, এসিল্যান্ড অফিসের নৈশ প্রহরী তারিকুল ইসলাম ও সাতক্ষীরা সহকারী জজের স্টোনোগ্রাফার নাসির হোসেন। সরেজমিনে গেলে পাটকেলঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক নিটন শেখ জানান, তিনি চাকুরী সুবাদে পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার পাশে নিজাম ভুইঁয়ার বাসায় ভাড়া থাকতেন। রাতে থানার কাজ সেরে প্রতিদিনের মত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ওঠে দেখেন তিনি সহ একই এ্যাপাটমেন্টেরর তরিকুল ইসলাম ও নাজির হোসেন নামে দুই সরকারী কর্মকর্তার মোটর সাইকেল চুরি হয়ে গেছে। ভূমি অফিসের কর্মচারী তারিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত আমরা নিজতালায় গাড়ী রেখে উপরে ঘুমাই। নিচে কেউ থাকে না, এই সুযোগে রাতের কোন এক সময় চোরেরা গেটের তালা ভেঙ্গে পাটকেলঘাটা থানার এসআই লিটন শেখের পালসার, আমার টিভিএস ও অপর ভাড়াটিয়া নাসির উদ্দীনের ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। পরে ফজরের আজানের সময় নামাজ পড়তে উঠলে বিষয়টা নজরে আসে। তিনি আরো জানান, চোর চক্রটি সমবায় ট্রেডার্সের দোকানের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। এছাড়া ক্যাশ বাস্কে থাকা সামান্য কিছু টাকা, একটি ব্যাটারী, মাউস নিয়ে পালিয়ে গেছে। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মাহামুদ হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
-
নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কথা বলেনি ইইউ: ওবায়দুল কাদের
জাতীয় ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচন নিয়ে কোনো উদ্বেগের কথা জানিয়েছে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কোনো উদ্বেগের কথা তারা বলেননি। তারা ভালোটা আশা করছেন। খারাপ কিছু নিয়ে কোনো কথা বলেননি। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক, এটাই তারা চেয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী ও পরিপক্বতা অর্জন করুক, এটি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমাদের মধ্যে মূলত নির্বাচন নিয়ে কথাবার্তা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্কের অগ্রগতি নিয়ে আমরা আলাপ করেছি। এতে চলমান বিশ্ব পরিস্থিতিও ছিল। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। তাদের সে কথাই বলেছি। শেখ হাসিনা সরকার নিয়মিত কাজ করে যাবে। এ সরকার নির্বাচনকালে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সরকারি দল তখন কেবল রুটিনওয়ার্ক করবে, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমনটি হয়।
নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো সুপারিশ ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা বলেছি তারা যদি পর্যবেক্ষক দিতে চায়, তাদের সুস্বাগত। তারা আসবেন, আমাদের অতিথি। যারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন, একজন কূটনীতিক নিজের আওতার মধ্য থেকে কাজ করবেন। পর্যবেক্ষকদেরও দায়িত্ব পালনে ৪১ ভিয়েনা কনভেনশনের নীতিমালা আছে। তারা সেই নীতিমালার মধ্যে দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের কোনো আপত্তি থাকার প্রশ্ন নেই। বিভিন্ন দেশ থেকে আসা পর্যবেক্ষকরা সরেজমিনে দেখতে পাবেন, নির্বাচন কীভাবে হচ্ছে। এ নিয়ে বাদানুবাদের কোনো সুযোগ থাকবে না।
কেন্দ্রগুলো সিসি টিভির আওতায় আনার বিষয়ে কোনো আলোচনা হয়েছি কি না, এ বিষয়ে তিনি বলেন, বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তাদের ছয়জনের একটি দল এসেছে। তারা খুঁটিনাটি বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। তারা দলের সঙ্গেও বসবে আগামী ১৫ জুলাই। ‘তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ এসব নিয়ে কোনো কথা হয়নি ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে। তবে সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।’
বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা নিয়ে তারা কোনো কথা বলেছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, না। এ কথা আমরা কেন বলবো। তারা কাকে কী অনুরোধ করবেন, এটা তাদের ব্যাপার।
বিএনপিতো রাস্তায় আছে। তারা এ সরকারের অধীন নির্বাচনে যাবে না, সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, আমরাও রাস্তায় আছি। তারা বিক্ষোভে আছে, আমরা শান্তি সমাবেশে আছি।
-
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
জাতীয় ডেস্ক:
সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে তারা বৈঠক করেন। বৈঠক চলে ১০টা ৪০ মিনিট পর্যন্ত।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে ইইউ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো এবং সদস্য মেরি-হেলেন অ্যান্ডারলিন রোববার (৯ জুলাই) ঢাকায় আসেন।
এর আগে শনিবার ছয় সদস্যের প্রতিনিধি দলের চারজন দুই ভাগে ঢাকায় আসেন। তবে রোববার থেকে ঢাকায় তাদের আনুষ্ঠানিক সফর শুরু হয়। আগামী ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন।
ঢাকায় সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, প্রতিনিধি দল সে বিষয়ে সুপারিশ করবে।
-
বিক্ষোভ স্থগিত করল রেজা পন্থী গণঅধিকার পরিষদ
জাতীয় ডেস্ক: পাল্টাপাল্টি বহিষ্কারের মধ্যে নতুন নেতৃত্ব ঠিক করতে আজ কাউন্সিল করছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদ। অন্যদিকে সকাল ১১টায় ড. রেজা কিবরিয়ার অনুসারীরা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করার কথা ছিলো। কিন্তু তারা সংঘর্ষ এড়াতে বিক্ষোভ স্থগিত করে নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে আলোচনার আহ্বান জানিয়েছে।
সোমবার সকাল ১১টা ২৫ মিনিটে রেজা কিবরিয়ার অনুসারী গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ফারুক হাসান গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন। ফারুক হাসান বলেন, অনেকে আশঙ্কা করছেন- আমাদের আজকের কর্মসূচি না কি অস্থিরতা সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা কোনো অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত অবস্থা চাই না। সেই সঙ্গে আমরা ঐক্যের পক্ষে থাকতে চাই। তাই কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুনের পরামর্শে ১০ তারিখের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। সেইসাথে গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র থেকে বিচ্যুত সহযোদ্ধাদের অবৈধ ও একপেশে কাউন্সিল বন্ধ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় যারা কাউন্সিলের নামে গ্রুপিং করছেন তারা এই দলের ভাঙনের জন্য দায়ী থাকবেন। আর কাউন্সিল বন্ধ করে আমরা তাদেরকে আলোচনাও আহ্বান জানাচ্ছি।
এদিকে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কাউন্সিলে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।এই নির্বাচনে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে বর্তমান সদস্য সচিব নুরুল হক নুর ছাড়াও আছেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। আর সাধারণ সম্পাদক প্রার্থীরা হচ্ছেন, দলের আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে আহ্বায়কের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা রাশেদ খান ছাড়াও রয়েছেন বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন।
এছাড়া উচ্চতর পরিষদে ৮টি পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী। তারা হলেন- শাকিল উজ্জামান, হানিফ খান সজিব, ফিরোজ আহমেদ, আবু হানিফ, শহীদুল ইসলাম ফাহিম, আনিসুর রহমান মোল্লা, ওয়াহিদুর রহমান মিল্কী, ফাতেমা তাসনিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সাদ্দাম হোসেন, আল আমিন মিনা, মো. জসিম উদ্দিন, মঞ্জুর ইসলাম, এসএম সাফায়েত, আবদুল্লাহ আল মামুন সুজন ও আব্দুজ জাহের।
এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২১৬ জন। এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটারের সংখ্যা ১২৬। অন্যগুলো জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।
২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আহ্বায়ক কমিটি দিয়ে চলছে দলটি। আর পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগেই দলে দেখা দিয়েছে ভাঙন। -
১২ জুলাই পল্টনে বিএনপির সমাবেশ, সহযোগিতার আশ্বাস পুলিশের
জাতীয় ডেস্ক:
১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে কথা বলেছেন দলটির নেতারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে ডিএমপি কমিশনার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেবে বিএনপি।
সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান দলটির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১২ জুলাই বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহ্বান করেছি। এই প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা উনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি আইনশৃঙ্খলার দিক থেকে। ডিএমপি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা আশাবাদী আমাদের সমাবেশটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে।
শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, আমরা একটা সমাবেশ করবো, এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম। আপনারা জানেন আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এই আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমাবেশ হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
সমাবেশের অনুমতি না দিলে কি করবেন সেই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এই মুহূর্তে আমরা কোনো বাধার সম্মুখীন হই নাই। আশা করি হবো না। আমরা আন্দোলনের মাঠে রয়েছি। আন্দোলন বেগবান করার মধ্য দিয়ে আমরা সমাবেশ সফল করবো।
বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করছি এদেশের জনগণকে সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবো। আমরা ডিএমপিকে অবহিত করেছি। তাদের সহযোগিতা কামনা করছি।
পরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছি। অবিলম্বে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের এই সমাবেশ। সমাবেশে বিএনপি ও সমমনা দলগুলো এতে অংশ নেবে। সমাবেশকে সহযোগিতা করার জন্য কমিশনারও আমাদের আশ্বাস দিয়েছেন।
-
আরও ১০ জেলায় নতুন ডিসি
জাতীয় ডেস্ক: আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এর আগে গত ৬ জুলাই ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনে সরকার। এর তিনদিনের মধ্যে নতুন এ পরিবর্তন এলো। বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা, নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দকে হবিগঞ্জ, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-২ (উপসচিব) মোহা. খালিদ হোসেনকে বাগেরহাট এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশালের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (উপসচিব) মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলা, স্থানীয় সরকার বিভাগের উপসচিব শাহেদ পারভেজকে নেত্রকোনা, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. নূর কুতুবুল আলমকে পটুয়াখালী, বিদ্যুৎ বিভাগের উপসচিব শেখ রাসেল হাসানকে সিলেট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. এহতেশাম রেজাকে কুষ্টিয়ার ডিসি করা হয়েছে। সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।
ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী- আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় জেলা প্রশাসকরা (ডিসি) জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকায় যেকোনো কেন্দ্রের ভোটগ্রহণ থেকে শুরু করে বাতিলের ক্ষমতাও তাদের থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে রিটার্নিং কর্মকর্তা তথা ডিসির অধীনে। নির্বাচনের সময় সমন্বয়কারীর ভূমিকায়ও থাকেন ডিসিরা।
-
পর্যালোচনার পর বিএনপির ১২ জুলাই সমাবেশের অনুমতি: ডিএমপি
জাতীয় ডেস্ক: আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশের অনুমতি পাবে কি না তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৯ জুলাই) বিকেলে ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
১২ জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের সমাবেশ করতে ডিএমপি কমিশনার কার্যালয়ে অনুমতি চাওয়া হয়েছে। এরই মধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠিয়েছে দলটি। তবে ডিএমপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। ডিএমপি জানিয়েছে, অনুমতি দেওয়া যাবে কি না তা আগে পর্যালোচনা করে দেখা হচ্ছে।
বিএনপির দেওয়া চিঠির বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা সেটা পেয়েছি। সেটা আমরা পর্যালোচনা করবো। সমাবেশের অনুমতি দেওয়া হবে কি হবে না, পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে- সেটা পর্যালোচনা করার জন্য ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর বিষয়টি দেখা হবে।
এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। ডিএমপি কমিশনার কার্যালয় থেকে আজকে চিঠির অনুলিপি পেয়েছি। সমাবেশের অনুমতি পাবে কি না সেটা পর্যালোচনা করে জানাতে বলা হয়েছে। আমরা গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে পর্যালোচনা করে কমিশনার কার্যালয়ে জানাবো। অনুমতি পাবে কি না সেটা কমিশনার কার্যালয় দেখবে।
এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনকে এক দফা ঘোষণা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে পরামর্শ করতে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ জুলাই) রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান তিনি।