Author: kobirubel.satnadee

  • নির্বাচন ব্যবস্থাকে সরকারের প্রভাবমুক্ত করতে হবে: জিএম কাদের

    জাতীয় ডেস্ক:

    সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বুঝিনা, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে চাই। যাতে নির্বাচনে সরকার কোন প্রভাব বিস্তার করতে না পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

    রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

    এসময় পার্টি চেয়ারম্যান আরও বলেন, আমরা ফর্মুলা দিতে পারি, সকল দল থেকে ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে। নির্বাচন ব্যবস্থা অবশ্যই সরকারের প্রভাবমুক্ত করতে হবে। বর্তমান সরকারের অধীনে ইলেকশন নয় সিলেকশন হতে পারে। বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থা তছনছ করে রাজনৈতিক সংস্কৃতি ধংস করেছে। বর্তমান সরকার একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। পেশাদার ও ব্যবসায়ী সংগঠনগুলোতে এখন আর নির্বাচন হয় না, সিলেকশন করে দেয়া হচ্ছে।

    জিএম কাদের বলেন, গণতান্ত্রিক ধারা ধ্বংস করে কর্তৃত্ববাদী এক নায়কতন্ত্র চালু করেছে। আগামী নির্বাচনেও যদি এভাবে চলতে থাকে তাহলে আর রাজনীতি বা রাজনৈতিক দল থাকবে না। দেশ এক নেতার অধীনে চলে যাবে, একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করা হবে।

    দেশের মানুষ তাদের অধিকার হারিয়ে ফেলেছে, এভাবে চলতে থাকলে দেশের মানুষের অধিকার বলতে কিছুই থাকবে না।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম চাকলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক, যোগদানকারীদের মধ্যে সৈয়দ শামসুদ্দোহা জুবায়ের, আব্দুল আজিজ।

    উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, গোলাম রাব্বানী, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ, জসীম উদ্দিন ভূঁইয়া, সম্পাদকমন্ডলীর হেলাল উদ্দিন, এমএ রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদকমন্ডলীর মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য শেখ আজহার, আব্দুল কাদের কদর, রাশেদ নিজাম, আবু মুসা সরকার, শফিকুল ইসলাম তপন, সোহেল রহমান।

    রেজাউল করিমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে লিয়াকত আলীর নেতৃত্বে কালীহাতি উপজেলার শরীফ সিদ্দিকী, আব্দুর রহিম বাদশাহ, ইকবাল হোসেন রিপন, মোঃ রমজান আলী, স্বপন সিদ্দিকীসহ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

  • বিশ্বকাপে তামিমই অধিনায়ক, বললেন বোর্ড সভাপতি

    খেলা ডেস্ক:

    হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। পরের দিনই আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন তামিম ইকবাল। আপাতত কাটাচ্ছেন দেড় মাসের ছুটি। পরিবার নিয়ে গেছেন দুবাই, সেখান থেকে চিকিৎসা করাতে যাবেন লন্ডনে।

    তবে ফেরার পর আবার তামিমই ওয়ানডে দলের অধিনায়ক থাকবেন কি না, এ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। দুবাই যাওয়ার আগে দেশের দুটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিম নিজেও বলে গেছেন, দেশে ফিরে তিনি বোর্ডের সঙ্গে বসবেন। সেই বসার ওপর নির্ভর করছে অনেক কিছু।

    তবে তামিমই যে ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই বোর্ড সভাপতি নাজমুল হাসানের। আজ বাংলাদেশ নারী দলের সঙ্গে টিম হোটেলে দেখা করতে যাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নাজমুল।

    তামিমের অধিনায়ক থাকা না থাকার প্রশ্নে তাঁর উত্তর, ‘আমি একটা সিম্পল জিনিস বলে দিই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’

    শুধু তামিমের অধিনায়কত্ব নয়, এসেছে তাঁর চোটের প্রসঙ্গও। দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তামিম। আর চোটের সঙ্গে যেহেতু তাঁর খেলতে পারা না পারার ব্যাপারটা জড়িত, খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে আলোচনাও চলতে থাকে। দুবাই যাওয়ার আগে দুটি সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে তামিম তাঁর পুরোনো পিঠের চোট ফিরে আসার জন্য জাতীয় দলের ট্রেনার, ফিজিও ও মেডিকেল বিভাগের দিকে আঙুল তুলেছেন।

    বোর্ড সভাপতি অবশ্য এ নিয়ে প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। পরে বলেছেন, ‘এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, তা তো আমি জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না, এই কথা বলার অবজেক্টিভটা কী। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলেছে, আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনিনি ওর অন্য কিছু আছে।’

    তবে তামিমকে সুস্থ করতে তুলতে বোর্ডের পক্ষ থেকে সব চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বোর্ডপ্রধান, ‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে, সেই ডাক্তার বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। যেটা লাগবে, করব আমরা। মানে, আমরা এক পায়ে খাড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার, আমরা করতে রাজি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

  • ফিফা’র আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান

    সাতনদী ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা’র আমন্ত্রণে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন বাংলাদেশের গর্ব সাতক্ষীরার কৃতি সন্তান, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান সামসছুজ্জামান। উল্লেখ্য, কিংবদন্তী এই রেফারি ১৯৭০ সালের ৯ জানুয়ারি সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফিফা রেফারিং হিসাবে প্রথম ম্যাচ পরিচালনা শুরু করেছিলেন ১৯৯৯ সালে। এর কিছুদিন পরই ফিফার এলিট প্যানেলে যুক্ত হয়ে ফিফা আয়োজিত বিশ্বকাপ কোয়ালিফায়িং, অলিম্পিক কোয়ালিফায়িং, এএফসি চ্যাম্পিয়ন্স লীগ, বিভিন্ন রাউন্ড টুর্নামেন্ট সহ শতাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় তিনি কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, হংকং, তাইয়ান, চীন, মঙ্গোলিয়া, ইরান, ইরাক, মালেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, জর্ডান, ওমান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজাকিস্থানসহ এশিয়ার প্রায় সব দেশে ফিফা, এএফসি এবং বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসাবে প্রতিনিধিত্ব করেছিলেন। সে হিসেবে তার গুণমুগ্ধ ভক্তদের সংখ্যা অগণিত। রেফারিংয়ে বিশেষ কৃতিত্বের জন্য তিনিই একমাত্র বাংলাদেশী হিসাবে প্রথম এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সাতক্ষীরা জেলা জন সমিতি-ঢাকা, সোনালী অতীত ক্লাব-ঢাকা, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোটস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান কর্তৃক সেরা রেফারিং এ সম্মাননা পেয়েছেন। এবং এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি) এর তৎকালীন প্রেসিডেন্টও তাঁকে সম্মাননা প্রদান করেছিলেন। টানা ১৮ বৎসর যাবৎ তিনি ফিফা রেফারিং হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি, আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা’র আমন্ত্রণে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান সামসছুজ্জামান। তিনি সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

  • সাতক্ষীরায় একদিনে ১ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ও বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরা জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়। এরপর কালেক্টরেট ইকো পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম মঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ। এছাড়া জেলার ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশী করে গাছ লাগাতে হবে। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে একদিনেই জেলাব্যাপী ১ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।

  • নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

    আব্দুর রহিম, কালিগঞ্জ: নলতা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সভাপতি সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা. আফম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, কালিগঞ্জ উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সাবেক প.প কর্মকর্তা ডা. আকছেদুর রহমান, কালিগঞ্জ উপজেলার আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাড়, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গাজী মিজানুর রহমান, নিহত রাজ: প্রতাবের জ্যাঠা দেবীরঞ্জন দাশ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নলতা সরকারী প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবককের মধ্যে বক্তব্য রাখেন শিরিনা, মো. রফিকুল ইসলাম খোকন, হিরা রহমান, মো. মুজিবর রহমান বাবলু, কমলা রানী বিশ্বাস, অনন্তকুমার মন্ডল, আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিদ্রুত স্কুলে পাঠদানের ব্যবস্থা করতে হবে। আরো বলেন, স্কুল চলাকালীন সময়ে যাতে কোন শিক্ষার্থী বাহিরে না যেতে পারে তার ব্যবস্থা, কোন শিক্ষার্থী স্কুলে না আসলে অভিভাবক জানানোর ব্যবস্থা করতে হবে এবং প্রকৃত ঘটনা উদঘটন করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সবার বক্তব্য শোনার পর প্রধান অতিতি বলেন, ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে আলোচনা করে দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করা হবে এবং প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

  • ৩০ লক্ষ শহিদের স্মরণে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে সাতক্ষীরা সদরের স্মার্ট স্কুল ডিবি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষরোপন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন’র উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল, সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, লুৎফুন্নেছা ডালিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম বাবু, শিক্ষার্থী রুহানিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

  • ছাত্র সমাজের হাত ধরেই তৈরি হবে আগামীর স্মার্ট বাংলাদেশ: বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

    সাতনদী ডেস্ক: “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজ গভর্নিং বডির সভাপতি রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ নাজনীন আরা নাজু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করতো। এখন তারাই বেশি ডিজিটাল সেবা ভোগ করছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপ দিতে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা যদি বিরোধিতা করতো তবে মেনে নেওয়া যেত। কিন্তু যারা স্বাধীনতা বিরোধী তারা বিরোধিতা করলে কখনো মেনে নেওয়া যায়না। মহান স্বাধীনতার চেতনায় ছাত্র সমাজের হাত ধরেই তৈরি হবে আগামীর স্মার্ট বাংলাদেশ। যে হেনরী কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল তার বাড়ির উপর দিয়ে বঙ্গবন্ধু স্যাটালাইট-১পাঠিয়েছি আমরা। আমরা আবারো বঙ্গবন্ধু স্যাটালাইট-২ পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। জননেত্রী শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে উন্নতির শিখড়ে পৌছাতে। জাতির জনক বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা আর তাঁর সুযোগ্য কন্যা দিয়েছেন উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ এবং তাঁরই হাত ধরে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এআরএম মোবাশ্বেরুল হক জ্যোতি, উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, ভালুকা চাঁদপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও মাদরাসা সুপার মহাসীনুল হক, কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা প্রমুখ। মতবিনিময় শেষে কলেজ চত্বরে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

  • বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে সাতক্ষীরা আদালত। রোববার বেলা ১১টায় তাকে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তিনি জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক মো. জিয়ারুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ হাজিরা দেন তিনি। সাতক্ষীরা জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, অন্য মামলায় আসামী জেলে থাকায় তার বিরুদ্ধে “প্রোডাকশন ওয়ারেন্ট” জারি করা হয়। শুনানি শেষে তার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি করে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • বাগআঁচড়ায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম, প্রশাসনের নজরদারির অভাব!

    সোহাগ হোসেন, শার্শা: শার্শার বাগআঁচড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে শিশুদের প্রিয় খাবার আইসক্রিম। আইসক্রিম তৈরির জন্য আলাদা পরিবেশ ও নিয়মনীতি থাকলেও তা মানছেন না বরফ ফ্যাক্টরির মালিকেরা। শুধু শিশু কিশোর নয় গ্রীস্মের প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে আইসক্রিম ছোট বড় সবারই প্রিয়, আর এসব নিম্নমানের আইসক্রিম খাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার কোমলমতি শিশুরা। তৈরিকৃত এ আইসক্রীম মাছের কাজে ব্যবহৃত কক সেটের ভিতরে করে গ্রামের পাড়া মহল্লার অলিতে গলিতে এবং বিভিন্ন স্কুলের সামনে অবাধে বিক্রি হচ্ছে। প্রত্যেকটি আইসক্রীম বিক্রি হয় ৩ টাকা থেকে ৫ টাকায়। গরমে পিপাসা মিটানোর জন্য শিশুদের পাশাপাশি বড়রাও খাচ্ছে এই আইসক্রীম। ফলে প্রতিনিয়তই আমাশা ডায়রিয়া, সর্দি-কাশিসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। তথ্য অনুসন্ধানে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দেয়ার জন্য বাগআঁচড়ার বেত্রাবতী সড়কের পাশে মজু মেম্বারের খাবার হেটেলের পাশে অবস্থিত মো. হজরত আলীর পিয়াজি-সিঙ্গাড়া বিক্রি করার দোকানের পেছনে অস্বাস্থ্যকর পরিবশে দীর্ঘদিন ধরে আইসক্রীম তৈরি করছে। আইসক্রিমের স্বাদ ও শিশুদের আকর্ষণ বাড়ানোর জন্য মিশানো হচ্ছে রং সেগারিনসহ বিভিন্ন ফ্রেভারের ক্ষতিকারক কেমিক্যাল, যা মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকার। অপরিচ্ছন্ন বালতির মধ্যে খালি হাতেই মেশানো হচ্ছে আইসক্রীমের উপকরণ। পানি রাখার হাউজ রয়েছে অপরিষ্কার। ঢাকনা দেয়া হয়েছে কাঠ দিয়ে। তৈরিকৃত আইসক্রীম তুলে ময়লা হাতেই রাখা হচ্ছে বাঁশের তৈরি ঝুঁড়ির মধ্যে। আইসক্রীম তৈরির কারিগরদের জন্য নির্দিষ্ট কোন পোশাক নেই। আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. হযরত আলীর কাছে আইসক্রিমে কি কি উপাদান দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি জানান, সেগারিন, রং, সুইডেস, এগুলো। আইসক্রিমে সেগারিন, রং মেশানো যায় কিনা প্রশ্ন করলে তিনি বলেন, এগুলো তো সব ফ্যাক্টরিতে ব্যবহার করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর, কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা খাবার সামগ্রী খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হতে পারে। যেমন পেট ব্যথা, আমাশা, ডায়রিয়া, শরীর দুর্বল’সহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম বলেন, আমি অভিযান করে অবস্থা গ্রহণ করবো। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল বলেন, প্রথমত বিষয়টি আমার জানা ছিলো না, আপনার মাধ্যমে জানলাম, খুব দ্রুত এসব অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • জলাবদ্ধতা নিরসন ও সাতক্ষীরা পৌর এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি

    প্রেস বিজ্ঞপ্তি: জলাবদ্ধতা নিরসন ও সাতক্ষীরা পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং প্রকৃতি ও জীবন ক্লাব সম্মিলিতভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ও অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যড. আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এ্যড. আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সামাদ, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক হাবিবুল হাসান, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের পরিচালক রাইসুল ইসলাম, সুলতানপুরের বাসিন্দা হামিদা খাতুন, রাজার বাগানের বাসিন্দা তামান্না পারভীন প্রমুখ। বক্তারা বলেন, বর্ষা মৌসুম চললেও প্রত্যাশিত বৃষ্টিপাত হচ্ছে না। তারপরও যা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তাতেই সাতক্ষীরা পৌর এলাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দুর্ভোগের সীমা থাকছে না। বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার ড্রেনগুলো দখল হয়ে যাচ্ছে। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে তা দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশিত হচ্ছে না। বৃষ্টি হলেই ড্রেনের ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় উপচে উঠছে। অনেক স্থানে পানি নিষ্কামনের মুখ না রেখেই ড্রেন নির্মাণ করা হয়েছে। ফলে সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। এতে পরিবেশ দূষিত হচ্ছে। বর্ষার পানি নিষ্কাশিত না হওয়ায় তাতে মশার জন্ম হচ্ছে। বাড়ছে ডেঙ্গুর বংশ বিস্তারের শংকা। আবার অনেক এলাকায় পানি নিষ্কাশনের কোনো ড্রেনই নেই। কিন্তু সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ নির্বিকার। প্রথম শ্রেণীর পৌরসবা হলেও ন্যূনতম নাগরিক সেবা পাচ্ছে না মানুষ। বক্তারা জলাবদ্ধতা নিরসন ও সাতক্ষীরা পৌর এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।