
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি সদরে ভূ-গর্ভের বালি উঠিয়ে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বালি উত্তোলনের ঘটনার প্রতিবেশীরা অজানা আতঙ্কে রয়েছেন। জাহিদুর রহমানসহ স্থানীয় প্রতিবেশীরা অভিযোগ করেন, কয়েকদিন ধরে আশাশুনি দঃপাড়ার মোমরেজ মোল্যা তার নিজের জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করছেন।
এখানে ৫০ গজের মধ্যে জনবসতিপূর্ণ এলাকা অবস্থিত। বহু পাকা ও কাচা ঘরে মানুষ বসবাস করে থাকেন। ২০/৩০ গজের মধ্যে ইটের সরকারি রাস্তা রয়েছে। বালি উত্তোলনের ফলে ভূমি ধ্বসের মত অজানা আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা। এলাকাবাসী জানান, ভূ-গর্ভের বালি উত্তোলন করে মোমরেজ মোল্যা পুকুর ভরাট করছেন।
বালিতে দীর্ঘকালের পানি নিস্কাশন পথ বন্ধ হয়ে গেছে দাবী করে প্রতিবেশীরা জানান, ১০০ বছরেরও বেশী দিনের পানি নিস্কাশনের নালা/ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় চেয়ারম্যান হোসেনুজ্জামানের বাড়ির পূর্বপাশ থেকে ১০০/১৫০ পরিবারের পয়:নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহরের জোর দাবী জানান হয়েছে। বালি উত্তোলনকারী মোমরেজ মোল্যার বক্তব্য নিতে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, ভূ-গর্ভের বালি উত্তোলনের বিষয়ে জানা ছিলনা, আগামীকাল আমি ব্যবস্থা নেব।

