শ্যামনগরের হরিনগর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

*সাধারণ সম্পাদক আবু হাসান, ১নং সদস্য শরিফুল ইসলাম সাগর ও ২নং সদস্য জাহাঙ্গীর হোসেন 

 

আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রাণকেন্দ্র হরিনগর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবু হাসান এবং দুটি সদস্য পদের মধ্যে ১নং সদস্য হিসেবে শরিফুল ইসলাম সাগর ও ২নং সদস্য হিসেবে জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে আবু হাসান ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান (আনিস) পেয়েছেন ১০১ ভোট। এছাড়া বাবলুর রহমান ৮৯, মোতালেব হোসেন ৩০ এবং আবুল কাশেম ২৫ ভোট পেয়েছেন।
অন্যদিকে, সদস্য পদে শরিফুল ইসলাম সাগর ২৬৩ ভোট পেয়ে ১নং সদস্য এবং জাহাঙ্গীর হোসেন ১৭২ ভোট পেয়ে ২নং সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ১১৩, জামাল হোসেন ৯৪, নাজমুল হোসেন ৬৩ এবং আব্দুল হামিদ ২৫ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদবর্গ। তাঁরা আশা প্রকাশ করেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে বাজারে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন ঘটবে এবং সকলকে নিয়ে বাজারের সার্বিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “উপজেলার মধ্যে হরিনগর বাজারটিও একটি জাঁকজমকপূর্ণ বাজার বলে আমি মনে করি। দীর্ঘ দিন বাজারে কমিটি না থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ব্যবসায়ীরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা সকল ব্যবসায়ীকে সাথে নিয়ে বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ উপজেলার একটি মডেল বাজার হিসেবে উপহার দিতে চাই।”

Recomended