
শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া থেকে: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার গোলনা রাহাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্বামী ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার রায় (৫৫) ও তাঁর স্ত্রী হান্না সরকার (৪৫)। তাঁরা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর বগুড়া-জ-১১-০০৩৮ এবং মোটরসাইকেলটির নম্বর সাতক্ষীরা-হ-১৮-২৫০৩।
প্রত্যক্ষদর্শী সোহাগ হাসান জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী পরপর দুটি যাত্রীবাহী বাস ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলের সঙ্গে থাকা লাগেজে (ব্যাগে) সামনের বাসটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পেছনে থাকা বাসটি মোটরসাইকেলটিকে রক্ষার চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শর্মিষ্ঠা সাহা বলেন, স্বপন কুমার রায়কে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর স্ত্রী হান্না সরকারকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর অবস্থা ছিল সংকটাপন্ন। চিকিৎসা শুরু করার মধ্যেই তাঁর মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুরাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, স্থানীয়রা মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পরে হাসপাতাল থেকে তাঁদের মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল ঘটনাস্থলে রয়েছে। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
