
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি কলেজের বাংলা বিভাগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট একটি কম্পিউটার দোকানের নাম উল্লেখ করায় নানা প্রশ্ন উঠেছে। অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ ও সংশ্লিষ্ট কার্যক্রমের ক্ষেত্রে কেন একটি নির্দিষ্ট দোকান থেকেই ফরম সংগ্রহ ও পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কলেজের বাংলা বিভাগের প্যাডে সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের যেসব শিক্ষার্থী ফরম পূরণ করতে ইচ্ছুক, তাদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম ডাউনলোড করে কলেজের নির্ধারিত প্রক্রিয়ায় জমা দিতে হবে। যাদের ফরম উঠছে না, তাদের বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
তবে বিজ্ঞপ্তির নিচের অংশে আরও একটি নির্দেশনায় বলা হয়েছে, অনার্স প্রথম বর্ষের যেসব শিক্ষার্থী আইডি কার্ড করতে ইচ্ছুক, তারা ‘বি.কে. কম্পিউটার’ দোকান থেকে ফরম তুলে পূরণ করে ২০ সেপ্টেম্বরের মধ্যে বাংলা বিভাগে জমা দেবেন। এখানেই প্রশ্ন উঠেছে,একটি সরকারি কলেজের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি কম্পিউটার দোকান থেকে ফরম সংগ্রহ ও পূরণের নির্দেশনা কেন দেওয়া হবে? সাতক্ষীরা শহরে যেখানে অসংখ্য কম্পিউটার ও অনলাইন সেবা কেন্দ্র রয়েছে, সেখানে নির্দিষ্ট একটি দোকানকে কেন এভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলো? সাধারণ মানুষের প্রশ্ন, এটি কি শুধুই শিক্ষার্থীদের সুবিধার্থে দেওয়া নির্দেশনা, নাকি এর পেছনে কোনো আর্থিক সুবিধা বা কমিশন বাণিজ্যের সম্পর্ক রয়েছে? যদিও কমিশন নেওয়ার কোনো প্রমাণ বা অভিযোগের সত্যতা এই বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞপ্তিতে বেসরকারি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা জরুরি। যদি শিক্ষার্থীদের সুবিধার্থে নির্দিষ্ট দোকানের নাম উল্লেখ করা হয়ে থাকে, তাহলে এর কারণও স্পষ্ট করা উচিত। এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের প্রশ্ন শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দিষ্ট একটি কম্পিউটার দোকানের ওপর নির্ভর করতে বলা হলো কেন? এর পেছনে কি কোনো লিখিত অনুমোদন বা চুক্তি রয়েছে? আর যদি না থাকে, তাহলে সরকারি কলেজের অফিসিয়াল প্যাডে একটি নির্দিষ্ট দোকানের নাম কীভাবে এলো? শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিষয়টি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার করা হলে এ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও সন্দেহের অবসান হবে।

