Home Blog Page 2733

বড়দলে ছেলে ধরা গুজব বিরোধী জনসচেতনতা মূলক সভা

0

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে ছেলে ধরা গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে জন সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫.৩০ টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ সভার আয়োজন করা হয়। এলাকার ব্যবসায়ী, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রী, নারী সামজ, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবদুস সালাম। উপজেলা আওয়ামীলীগ নেতা জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসেন, এসআই বিল্লাল হোসেন, গোয়ালডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির, সাংবাদিক প্রভাষক শিবপদ সরকার, বাজার কমিটির সহ-সভাপতি আঃ মজিদ মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক জি এম মঞ্জুরুল ইসলাম।

দেবহাটায় ঘের দখল নিতে সন্ত্রাসী হামলায় আহত-২

0

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মিসেস রুপা রহমান নামের এক নারীর মৎস্য ঘের জোর পূর্বক দখলে নিতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় লিটন হোসেন (৪২) ও মাসুদ রহমান (৪০) নামের দুই ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহত লিটন হোসেন দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত শামছুর সরদারের ছেলে ও মৎস্য ঘেরের কর্মচারী এবং অপর আহত শেখ মাসুদ রহমান ঘের মালিক মিসেস রুপা রহমানের স্বামী ও পুরাতন সাতক্ষীরার মাহবুবুর রহমানের ছেলে। বৃহষ্পতিবার রাত ১০ টার দিকে দেবহাটার কামকাটিয়া এলাকায় রুপা রহমানের মৎস্য ঘেরটি জোর পূর্বক দখলে নিতে কামকাটিয়া গ্রামের ময়নুদ্দীন ঢালীর ৪ ছেলে বাবুরালী ঢালী, খালেক ঢালী, হক ঢালী, বাবলু ঢালী, আবুল কালাম, বাবলু ঢালীর ছেলে রুহুল আমিন, ইসরাফিল ঢালীর নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালালে তাদেরকে বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারপিটে মারাত্বক জখম হন লিটন হোসেন ও মাসুদ রহমান। বর্তমানে লিটন হোসেন সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শেখ মাসুদ সাতক্ষীরার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৎস্য ঘের মালিক মিসেস রুপা রহমান জানান, কামকাটিয়া মৌজায় তার লিজকৃত ১৮ বিঘা জমির মৎস্য ঘেরটি সম্পূর্ন বে-আইনিভাবে জবরদখলে নিতে উল্লেখিত ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। এর আগে চলতি বছরের ৫মার্চ একইভাবে মৎস্য ঘেরটি দখলে নিতে সন্ত্রাসী হামলা চালিয়ে লিটন হোসেনকে কুপিয়ে মারাত্বক জখম করে সন্ত্রাসীরা। এঘটনায় দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সুত্রে জানা গেছে।

দেবহাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন

0

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার গাজীরহাটে দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কার্যালয়টি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ মারুফ হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রশান্ত কুমার, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, দেবহাটা উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি শরিফুল ইসলা, সাধারন সম্পাদক আল আমিন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন

0

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার ১৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। ২৫ শে জুলাই (বৃহস্পতিবার) শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সংগঠন কে আরো শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে আগামী ০১ (এক) বছরের জন্য ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি দেয়া হলেয়ে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন- বিগত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সুমন, সহ-সভাপতি আল-আমিন হোসেন রাজ, সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমাম হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক অভিষেক মিস্ত্রি, মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জি এম রাজন হোসেন, দপ্তর সম্পাদক গোপাল কুমার গাইন, সমাজসেবা সম্পাদক বুলবুল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রাব্বি, কার্যকরী সদস্য পলাশ কুমার চৌকিদার, ইমরান হোসেন, আমিনুর রহমান।

নলতা ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

0

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়’র মাতা ও কাজলা গ্রামের আলহাজ্জ মরহুম করিম বক্স পাড়ের স্ত্রী আলহাজ্জ আছিয়া খাতুন (৬৮) শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১ টায় ১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে…………রাজেউন)। শুক্রবার বাদ মাগরিব মরহুমাকে কাজলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নলতায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বোর্ড চেয়ারম্যান

0

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ডের ২০১৯ সালের চলমান বোর্ড চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ কেন্দ্র শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পরিদর্শন করেন বোর্ডের চেয়ারম্যান সেনা মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ ডাঃ মোহাঃ হাসান আলী তালুকদার। উক্ত পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষ ডাঃ এম.এ জাফর ছিদ্দিক’র সার্বিক তত্ত্বাবধানে হল সুপারের দায়িত্ব পালন করেন, ডাঃ হাফিজুর রহমান। পরীক্ষায় অংশ গ্রহন করেন, ১৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এল.এইচ.এম.পি ১ম পাঠ ৯২ জন, এল.এইচ.এম.পি চুড়ান্ত পর্ব ৫৫ জন এবং এইচ.পি.সি চুড়ান্ত ১২ জন। এছাড়াও পরিদর্শক বোর্ডের চেয়ারম্যান সেনা মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ ডাঃ মোহাঃ হাসান আলী তালুকদার ২০১৮ সালের বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ডাঃ ইমরান হোসেন, ডাঃ ইয়াছির আরাফাত, ডাঃ ফাতিমা খাতুনকে সনদ বিতরণ করেন।

পাইকগাছায় গুজব আতঙ্ক প্রতিরোধে লিফলেট বিতরণ

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য থানা পুলিশের উপজেলার সর্বত্রই ব্যাপক প্রচারণার ধারাবাহিকতায় লিফলেট বিতরন করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলাবাসি। প্রকাশ শুক্রবার (২৬ জুলাই) জুম্মাবাদ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে উপজেলাধীন বিভিন্ন মসজিদ, হাট-বাজার, বাসস্ট্যান্ড ও রাস্তার মোড়সহ জনবহুল স্থানে গিয়ে গুজব ঠেকাতে প্রচারণা চালিয়েছেন। সার্বিক প্রচারণার মনিটরিং করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ( ডি -সার্কেল, কয়রা-পাইকগাছা) আসাদুজ্জামান ও পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ। এ প্রচারণায় ব্যস্ত ছিলেন, থানা পুলিশের এসআই আবু সাঈদ, এসআই নকীব আইজুল, এসআই নাজমুল হুদা, এসআই মিন্টু মিয়া, এসআই অনিষ মন্ডল, এসআই আল ইমরান সহ অন্যান্য অফিসার ফোর্স। সিনিয়র সহকারি পুলিশ সুপার ( ডি -সার্কেল, কয়রা-পাইকগাছা) আসাদুজ্জামান ও পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, ছেলে ধরা বিষয়টি পুরোটাই গুজব। ছেলে ধরা গুজবে আতঙ্কিত হওয়া যাবে না। তারা আরও বলেন, এটা গুজব ছড়ানো হয়েছে। ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনী বা গণধোলাই দেয়া ফৌজদারী অপরাধ। কারও প্রতি সন্দেহ হলে মারধর না করে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান।

পাইকগাছায় সরকারী রাস্তা দখল করে দোকান সম্প্রসারণের অভিযোগ

0

প্রমথ সানা, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনিতে চলাচলের জনগুরত্বপূর্ণ সরকারী রাস্তা দখল করে দোকানের বারান্দা সম্প্রসারণের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ইউএলএও ভূমি কর্মকর্তা জাকির হোসেন। সরকারী ছুটির ফাঁকে ফের দখল প্রক্রিয়া শুরু হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন, বাজার ব্যবসায়ীসহ স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন ভূমি কর্তার হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ থাকলেও রাস্তার উপর ইটের গাঁথুনি এখনো অপসারণ না হওয়ায় আশংকা আরো দানা বেঁধেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্থক্ষেপ কামনা করেছেন।
অভিযোগে জানাযায়, উপজেলার অন্যতম প্রধান ও ব্যস্ততম বাণিজ্যেক কেন্দ্র কপিলমুনির প্রাণকেন্দ্রের ব্যস্ততম কেন্দ্রীয় জামে মসজিদ রোডের চলাচলের সরকারী রাস্তাটির এক পাশের প্রায় দু’ফুট জায়গা প্রাকাশ্যে দখল করে সেখানে পার্কিং টাইলস বসানোর কাজ শুরু করে দেয় স্থানীয় খান গ্রুপ। রাস্তাটি দিয়ে মূল বাজারের মধ্যে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরও প্রতিনিয়ত ছোট-খাট জানযটে জটলা লেগেই থাকে সেখানে। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। জনসাধারণের চলাচলের রাস্তা সংকুচিত হওয়ার খবর পেয়ে কপিলমুনি ভূমি অফিসের ইউএলএও জাকির হোসেন সরেজমিনে এসে নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দেন। তবে স্থানীয়দের আশঙ্কা, নির্মাণ কাজ আশু বন্ধ হলেও রাস্তার উপর ইটের গাথুনি এখন পর্যন্ত অপসারণ হয়নি। ধারণা করা হচ্ছে, দু’দিনের সাপ্তাহিক ছুটিতে ভূমি কর্তাদের অনুপস্থিতির সুযোগে সেখানে ফের শুরু হতে পারে কার্যক্রম। সামগ্রিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে কপিলমুনি ভূমি অফিসের ইউএলএও জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, বাজারের ভিতর অংশে সরকারী জায়গা দখল করে কেউ কোন প্রকার ইমারত নির্মাণ করতে পারবে না। আর জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে দোকানের বারান্দা সম্প্রসারণ কিংবা শ্রীবৃদ্ধির কোন প্রকার সুযোগ নেই। সর্বশেষ ঘটনায় বাজারের ব্যবসায়ী, পথচারী, সচেতন এলাকাবাসী বাজার অভ্যান্তরের রাস্তার দখল ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্থক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞানী পিসি রায়ের জন্মস্থান পরিদর্শনে ইউএনও

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) এর বসতবাড়িসহ পাইকগাছার দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন পাইকগাছা পজেলা নির্বাহি কর্মকর্তা জুলিয়া সুকায়না। তিনি বিজ্ঞানী পিসি রায়ের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার পিসি রায়ের পিতা হরিশ্চন্দ্র রায়ের ১৮৫০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বালিকা বিদ্যালয় রাড়–লী ভূবন মোহনী বালিকা বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি বিজ্ঞানীর জন্মস্থান ও বসতবাড়ি পরিদর্শন করেন এবং জন্মবার্ষিকী উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এরপর তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাটিপাড়াস্থ মামার বাড়ি (জন্মস্থান) পরিদর্শন করেন। পরিদর্শনের ফাঁকে তিনি কাটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও কিছু সময়ের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করান। এরপর তিনি ১৯০৩ সালে বিজ্ঞানী পিসি রায়ের প্রতিষ্ঠিত রাড়–লী আর,কে,বি,কে কলেজিয়েট স্কুল পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন ও মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ গোলদার, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, ডা.শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, অসীম দাশ, প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ, প্রভাষক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, সার্ভেয়ার সাকিরুল ইসলাম ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তাহিদুল ইসলাম।

পাতানো ফাঁদে ফেসে গেলো মিন্নির পরিবার!

0

সাতনদী ডেস্ক : বরগুনার আলোচিত রিফাত হত্যাকান্ডের আলোচনা কিছূতেই থামছে না। একের পর এক বেরিয়ে আসছে অজানা কাহিনী। এবার প্রকাশ পেলো অন্যরকম এক তথ্য। যে সংবাদে ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেছে এ প্রতিবেদক। শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই মিলবে মিন্নি ফেসে যাওয়ার ঘটনা।

বরগুনা সরকারি কলেজের সামনে শাহনেয়াজ রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। সে সময় রিফাতের সঙ্গে তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও ছিলেন। ওই হামলার ভিডিওতে দেখা যায়, কলেজের মূল ফটকের কাছে কয়েকজন তরুণ রিফাতের ওপর ধারালো অস্ত্র নিয়ে উপর্যুপরি হামলা চালাচ্ছে। মিন্নি একাই অস্ত্রের মুখে পড়েও দুর্বৃত্তদের হামলা থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনাস্থলের কাছে থাকা লোকজন কেউ এগিয়ে আসেনি। কোপানোর সেই ভিডিও ভাইরাল হওয়ার পর রিফাত খুনের ঘটনাটি দেশজুড়ে আলোচনায় আসে। স্বামীকে বাঁচানোর সাহসী পদক্ষেপের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিন্নিকে সাহসীও অবহিত করা হয়।

ফৌজদারি কার্যবিধির এই অপরাধের ধরন বলছে, নিহত রিফাতের স্ত্রী মিন্নিরই মামলার বাদী হওয়ার কথা। কিন্তু রিফাতের বাবা মিন্নিকে মামলার প্রধান সাক্ষী করেন। এর কিছুদিন পর মিন্নির বিরুদ্ধেই খুনের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। সেই ঘটনার জের ধরে সাক্ষী হিসেবে তথ্য নেওয়ার কথা বলে মিন্নিকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টা জেরার পর তাঁকে প্রধান সাক্ষী থেকে আসামি করা হয়। পরে মিন্নির পক্ষে কোনো আইনজীবী ছাড়াই তাঁর রিমান্ড শুনানি হয়। সেখানে আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর করেন। এরপর খুনের পরিকল্পনাকারী হিসেবে আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন মিন্নি।

বাদী-সাক্ষীর ফাঁদে মিন্নির পরিবার
ভিডিও ফুটেজে যারা মিন্নির সাহসী ভূমিকা দেখেছেন, তাদের প্রশ্ন কেন এমনটি ঘটল? মামলায় যেখানে মিন্নির বাদী হওয়ার কথা, সেখানে তাঁকে সাক্ষী করা হলো। আবার সাক্ষী থেকে আসামির কাঠগড়ায় যেতে হলো। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, রিফাত হত্যা মামলার বাদী-সাক্ষীর ফাঁদে শুরু থেকেই মিন্নির পরিবার। ঘটনাস্থল থেকে মিন্নিই বরগুনা জেনারেল হাসপাতালে রিফাতকে নিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে এমপিপুত্র সুনাম দেবনাথের ঘনিষ্ঠ ও রিফাতের বন্ধু মনজুরুল আলম জন হাসপাতালে ছুটে আসেন। রিফাতকে যখন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল, তখন মিন্নিও স্বামীর সঙ্গে আসতে চেয়েছিলেন। কিন্তু জনের বাধার কারণে পারেননি।

বরগুনা হাসপাতাল থেকেই মিন্নির পরিবারের প্রতি ফাঁদ পাতা হয়। মিন্নির বাবার টাকায় বরগুনা থেকে বরিশালের উদ্দেশে অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়। বরিশালে রিফাতের চিকিৎসার সব খরচ তিনিই বহন করেন। বিকেলে রিফাতের মৃত্যু ঘটে। খবর পেয়ে মিন্নির চাচাশ্বশুর আব্দুস সালাম শরীফ রাতে সেখানে আসেন। পরের দিন সকালে জামাইয়ের লাশ গ্রামের বাড়িতে নেওয়ার জন্য মিন্নির বাবা অ্যাম্বুল্যান্স ভাড়া করেন। লাশ ওঠানোর আগে মিন্নির বাবার সঙ্গে জন খারাপ আচরণ করেন। জনের সঙ্গে থাকা বন্ধুরা শের-ই-বাংলা মেডিক্যালের লাশকাটা ঘরের সামনে মিন্নির বাবাকে লাঞ্ছিত করে। এমনকি তাঁকে অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে দেওয়া হয়।

স্বামীর লাশ দেখতে পারেননি মিন্নি
মিন্নির বাবা বিকল্প পরিবহনে বরগুনায় পৌঁছান। তার আগেই রিফাতের লাশ তাঁর বাবার বাসা বড়লবণগোলা গ্রামে পৌঁছায়। মিন্নির পরিবার লাশ দেখতে রিফাতের বাসায় যায়।

বড়লবণগোলা গ্রামের বেল্লাল হোসেন রিফাতের দূরসম্পর্কের আত্মীয়। ঘটনার পর ২৮ এবং ৩০ জুন তাঁর সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, ‘২৭ জুন বিকেল তখন ৪টা হবে। ওই সময় মিন্নি তাঁর পরিবারের সঙ্গে রিফাতের বাসায় প্রবেশ করছিলেন। তখন রিফাতের বন্ধুরা জনের নেতৃত্বে মিন্নির পরিবারকে বাধা দেয়।’ বেল্লাল ঘটনা বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘জনের বিশেষ ভূমিকার কারণে সেখানকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সেখানকার নারী-পুরুষ মিন্নির পরিবারের দিকে তেড়ে আসে। লাঞ্ছিত হওয়ার ভয়ে মিন্নির পরিবার রিফাতের বাসার লাগোয়া তাঁর চাচা আব্দুস সালামের বাসার দোতলায় গিয়ে আশ্রয় নেয়। রিফাতের জানাজার আগে-পরে তাঁর লাশ দেখার জন্য জনের কাছে অনুনয়-বিনয় করেন মিন্নি। কিন্তু মিন্নিকে তাঁর স্বামীর লাশ দেখতে দেওয়া হয়নি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মিন্নির শ্বশুরের সহযোগিতায় তাঁরা ওই বাসা থেকে বের হন।

খুনের ঘটনার পরের দিন রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা সদর থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মিন্নিকে প্রধান সাক্ষী করা হয়। কিন্তু মামলা দায়েরের আগে মিন্নির সঙ্গে তাঁর শ্বশুর কোনো যোগাযোগ করেননি। এদিকে এমপিপুত্র সুনাম দেবনাথ ফেসবুকে পোস্ট দিয়ে মিন্নিকে খলনায়ক বানানোর চেষ্টা করেন। তিনি লিখেছিলেন, ‘এখন যাকে মিডিয়া হিরো বানাচ্ছে, সে-ই এ ঘটনার ভিলেন হতে পারে।’ এ নিয়ে পত্রিকায় প্রতিবেদনের পর সুনাম দেবনাথ তাঁর স্ট্যাটাসের ওই অংশটুকু মুছে ফেলেন।

২৮ জুন সকালে এ প্রতিবেদক রিফাত শরীফের বাসায় যান। তখন রিফাতের চাচাশ্বশুর বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সালেহ ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন। রিফাতের মা, বাবা আর বোনও ছিলেন। তখন রিফাতের বাবা বলেন, পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজ দেখে জনের সহযোগিতায় আসামিদের শনাক্ত করে তিনি মামলা দায়ের করেছেন। ছেলেকে চিকিৎসা থেকে শুরু করে কবর দেওয়ার কাজটিও জন করেছে। জনের সঙ্গে রিফাতের খুব ভালো সম্পর্ক ছিল। দুলাল শরীফের দাবি, ঘটনার সময় জন থাকলে রিফাতের ওই ঘটনা ঘটত না। খোঁজ নিয়ে জানা গেছে, আসামিদের সঙ্গেও একসময় জনের ভালো সম্পর্ক ছিল। মাদক কারবার নিয়ে বিরোধের জের ধরে তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। মামলায় জনকে সাক্ষী করা হয়েছে।

দুই পরিবারের সঙ্গে কথা বলে যানা গেছে, ঘটনার পর রিফাতের কাছের আত্মীয় বলতে মিন্নির বাবাই সব সময় কাছে ছিলেন। কিন্তু মামলায় মিন্নির বাবাকে সাক্ষী করা হয়নি। উল্টো রিফাতের দুই চাচার নাম সাক্ষীর তালিকায় রাখা হয়েছে। তাঁদের মধ্যে আব্দুস সালাম শরীফ রিফাত নিহত হওয়ার পর শের-ই-বাংলা হাসপাতালে আসেন। অপর চাচা আ. আজিজ শরীফ ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। এজাহার ঘেঁটে জানা গেছে, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপনের ছেলে মনজুরুল আলম জন ছাড়া ১০ সাক্ষীর আটজনই রিফাতের গ্রামের বাড়ি উত্তর বড়লবণগোলা গ্রামে। তাঁদের অধিকাংশই রিফাতের আত্মীয়, যারা রিফাতকে কোপানোর সময় ঘটনাস্থলে ছিলেন না।

সংশ্লিষ্টরা যা বলছেন
মামলার প্রধান সাক্ষী মিন্নি গ্রেপ্তারের আগে তাঁর সঙ্গে মাইঠা এলাকায় তাঁর বাবার বাসায় এ প্রতিবেদকের কথা হয়। মিন্নি বলেছিলেন, ‘বরগুনা হাতপাতাল থেকেই আমাকে বাসায় পাঠিয়ে দেয় জন। বলে মহিলাদের নিলে ঝামেলা। পরের দিন বিকেলে জনই আমার স্বামীর লাশ দেখতে বাধা দেয়। স্বামীর কবরে মাটিও দিতে পারিনি। পরিবেশটা এমনভাবেই তৈরি করা হয় যে আমার সঙ্গে বিয়ের কারণেই রিফাতকে খুন করা হয়েছে।’ মিন্নি বলেন, ‘বিয়ের পর থেকেই জনের সঙ্গে আমার দূরত্ব। কারণ জন মাদকের সঙ্গে জড়িত। রিফাতকেও একই পথে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দেওয়ায় আমার ওপর জন ক্ষুব্ধ ছিল।’

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘জনের সঙ্গে রিফাতকে চলাফেরা করতে আমি নিষেধ করতাম। কারণ জনের ব্যাপারে শহরের মানুষের নেতিবাচক ধারণা আছে। ওই ঘটনার জের ধরেই রিফাতকে কোপানোর পর জন আমার সঙ্গে বাজে ব্যবহার শুরু করে। বন্ধুদের নিয়ে লাশকাটা ঘরের সামনে আমাকে লাঞ্ছিত করেছিল। জামাইয়ের লাশ নেওয়ার জন্য আমি টাকা দিয়ে অ্যাম্বুল্যান্স ভাড়া করেও তাতে আসতে পারিনি। মামলা দায়েরের ব্যাপারে জন সম্পৃক্ত ছিল। মিন্নিকে ফাঁসানোর জন্য মামলায় তাঁকে (মিন্নি) বাদী এবং আমাকে সাক্ষী করেনি।’

জন সম্প্রতি মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, ‘রিফাতকে যখন বরিশালে নেওয়া হলো, তখন মিন্নির বাবা চিকিৎসার টাকা দেননি। এ নিয়ে রিফাতের বন্ধুরা ক্ষুব্ধ ছিল। তাদের কেউ কেউ আবেগবশত তাঁর (মিন্নির বাবা) সঙ্গে বাজে আচরণ করেছে।’ মিন্নির প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর ব্যক্তিগত বিষয়গুলো আমি অবগত ছিলাম। তাই রিফাত আমার কাছের বন্ধু হলেও বিয়েতে আমি যাইনি। রিফাতের পরিবারের ধারণা ছিল মিন্নিকে রিয়ের কারণেই রিফাতের এই অকালে চলে যাওয়া। তাই মিন্নির পরিবার যখন রিফাতের লাশ দেখার চেষ্টা করেছিল, তখন রিফাতের ক্ষুব্ধ আত্মীয়রা চড়াও হয়েছিল। আমিই মিন্নির পরিবারকে লাঞ্ছিত হওয়ার হাত থেকে রক্ষা করে নিরাপদে বাড়িতে পাঠিয়েছিলাম।’ মামলা প্রসঙ্গে বলেন, ‘রিফাতের বাবা মামলার বাদী। তিনিই এ ব্যাপারে জানেন।’

রিফাতের বাবা দুলাল ফরাজী বলেন, ‘নয়নের সঙ্গে একসময় রিফাতের যোগাযোগ ছিল। মিন্নিকে বিয়ে করার পর নয়নের সঙ্গে রিফাতের দূরত্ব হয়। এ নিয়ে রিফাতকে বিভিন্ন সময় নয়ন হুমকি দিয়েছিল। কিন্তু তা আমলে নেইনি। বিয়ের পরও নয়নের সঙ্গে মিন্নির যোগাযোগ ছিল। রিফাতকে মাদক দিয়ে নয়ন পুলিশে ধরিয়ে দিয়েছিল। এই সব ঘটনার কারণে মিন্নিকে মামলার বাদী না করে সাক্ষী করেছিলাম। কিন্তু বন্দুকযুদ্ধে নিহত নয়নের মায়ের বক্তব্যের পর মিন্নির বিষয়ে আমার সন্দেহ সৃষ্টি হয়। তাই সংবাদ সম্মেলন করে মিন্নিকে গ্রেপ্তারের দাবি করেছিলাম।’ মিন্নির বাবার প্রসঙ্গে তিনি বলেন, ‘নয়নের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছিল। সেই তথ্য গোপন করে তিনি আমার ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছেন। যার কারণেই আমার ছেলেটার এই পরিণতি। আমি মিন্নির বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করব।’

মামলার প্রধান আসামি নয়ন ২ জুলাই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। ওই দিন সকালেই সংসদ সদস্য শম্ভু নিহত রিফাত শরীফের বাড়িতে যান। তিনি রিফাতের পরিবারের সঙ্গে কথা বলেন। সে ঘটনার একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে রয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, রিফাতের কবরের পাশে দাঁড়িয়ে শম্ভু বলছেন, ‘দুটি আইন পাসের জন্য সংসদে উপস্থিত থাকতে হয়েছে। সে কারণেই আমি ঘটনার সময় আসতে পারিনি। তবে ঘটনার পর থেকেই রিফাতের বাবার সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। মামলা করতে দেরি হচ্ছে কেন? দ্রুত মামলা করার জন্য আমি তাঁকে বারবার বলেছি। সে যথাযথভাবে মামলাটি করেছে। মামলায় যদিও সে (রিফাতের বাবা) একটা নির্দিষ্টসংখ্যক আসামি দিয়েছে। কিন্তু আমি মনে করি, আরো অনেক লোক এর সঙ্গে জড়িত। এর পেছনে একটা গ্রুপ আছে।’ ওই সময় রিফাতের বাবাকে এমপির ডান পাশে দাঁড়ানো দেখা যায়।

মিন্নির চিকিৎসার জন্য আইনজীবীদের আবেদন নাকচ
বরগুনা প্রতিনিধি জানান, রিফাতের স্ত্রী মিন্নিকে আদালতে উপস্থিত করা এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করার জন্য আইনজীবীদের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী এ আবেদন নামঞ্জুর করেন।

মিন্নির আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলাম জানান, মিন্নির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি বাতিলের জন্য তাঁর স্বাক্ষর নিতে এবং মিন্নির চিকিৎসার জন্য তাঁকে হাজির করার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত বিষয়টি জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্পন্ন করার পরামর্শ দিয়ে আবেদন নাকচ করে দেন। এর আগের দিন মিন্নির পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন একই আদালত।

রিশান ফরাজীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রিফাত হত্যা মামলার তিন নম্বর আসামি মো. রাশিদুল হাসান রিশান ফরাজী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। পাঁচ দিনের রিমান্ডের চার দিন শেষে তাকে গতকাল বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে রিশান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ‘রিশানকে আদালতে হাজির করা হলে সে রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।’

রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মামলার এজাহারভুক্ত চার আসামি এখনো পলাতক রয়েছে।