Home Blog Page 19

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

 

রবিবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া শারদীয় দুর্গোপূজা মণ্ডপ পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি মণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে কুশলবিনিময় করেন। একইসঙ্গে পূজার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ভক্তরা যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে ও নিরাপদে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল সানা, সাধারণ সম্পাদক হাসান সারাফী এবং দেবহাটা উপজেলা মহিলা দলের নেত্রী বিউটি পারভীনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা প্রশাসকের এই পরিদর্শনের ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা গেছে। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উপস্থিতিতে মণ্ডপগুলোতে উৎসবের আমেজ আরও মুখর হয়ে ওঠে।

শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ

0

শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের তৃতীয় তলার হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত গ্রাম ডাক্তারা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মাসুম বিল্লাল এবং গীতা পাঠ করেন সন্তোষ কুমার মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার জিএম আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী ওষুধ কোম্পানির হেড অব সেলস (মার্কেটিং অফিসার) আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার শহিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন শ্যামনগর ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি গ্রাম ডাক্তার দবির হোসেন, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার জিয়াউর রহমান, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদর সভাপতি গ্রাম ডাক্তার আলহাজ্ব আবু কাওসার, কোষাধ্যক্ষ গ্রাম ডাক্তার শহিদুল ইসলাম, মোবাশ্বর হোসেন মানিক, আলহাজ্ব নুরুল আমিন, আলহাজ্ব আব্দুল করিম, কামরুল ইসলাম এবং কুমুদিনী ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার আব্দুল আজিজ। এ ছাড়া সুব্রত, আসাদুল ইসলাম ও মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব বলেন, “কুমুদিনী ওষুধ কোম্পানি দেশের একটি সুপরিচিত প্রতিষ্ঠান। আমাদের ওষুধের গুণগত মান ভালো এবং কার্যকারিতাও সন্তোষজনক। আমরা মানসম্মত ওষুধ সরবরাহে গুরুত্ব দিয়ে থাকি।” তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম চিকিৎসকদের ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে জিএম আকবর হোসেন বলেন, কুমুদিনী একটি দীর্ঘদিনের পরিচিত ওষুধ কোম্পানি। তাঁর অভিজ্ঞতায় প্রতিষ্ঠানটির ওষুধের গুণগত মান ভালো। তিনি শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা গ্রাম চিকিৎসকদের উদ্দেশে বলেন, ওষুধের গুণগত মান সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন এবং রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মানসম্মত ওষুধ সম্পর্কে সচেতনতা বাড়বে এবং রোগীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ওষুধের গুণগত মান, ব্যবহারবিধি এবং চিকিৎসাসেবায় গ্রাম চিকিৎসকদের সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা রোগীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গ্রাম ডাক্তার আলহাজ্ব আবু কাওসার।

আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের সকল শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজিদ ইসলাম। শনিবার সন্ধ্যা থেকে রাত্র ১০ টা পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সার্বজনীন দুর্গামন্দির, দক্ষিণ বড়দল সার্বজনীন কালীমন্দির, বড়দল বাজার সার্বজনীন দুর্গামন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের সার্বিক পরিবেশ সম্পর্কে খোজখবর নেন এবং মন্দির কমিটি, দায়িত্বরত আনসার ভিডিপি সদস্য, পুলিশ সদস্য ও মন্ডপে আগত ভক্তসাধারণের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রত্যেক পূজ মণ্ডপ দায়িত্বরত আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি মোবাইল ফোনে থানা পুলিশকে জানাতে হবে। দায়িত্বে অবহেলা করে কোনো আনসার সদস্য পূজামণ্ডপ ছেড়ে চলে গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোথাও নিরাপত্তার দায়িত্ব পালনে অবহেলার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট আনসার সদস্যদের জবাবদিহি করতে হবে।”
পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, এসআই নাসির উদ্দিন, এএসআই অমিত হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আনসার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে চায়ের আড্ডা। হাটবাজার, মোড় ও চায়ের দোকানগুলোতে এখন আলোচনার প্রধান বিষয় ইউপি নির্বাচন। কে হবেন আগামী দিনের চেয়ারম্যান, কোন দল কাকে মনোনয়ন দেবে? আর কার পক্ষে জনসমর্থন বেশি? এসব প্রশ্ন নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ চলছে। সব মিলিয়ে ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ ও কৌতূহল শুরু হয়েছে। পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। কুশল বিনিময়ের পাশাপাশি তুলে ধরছেন এলাকার উন্নয়ন নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন নির্বাচনী আলোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আগরদাড়ী কামিল মাদ্রাসার বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস।

অন্যদিকে, বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি নেতা, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান  শহিদুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম। এছাড়া বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিনের নামও আলোচনায় রয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে বিএনপির মনোনয়ন শেষ পর্যন্ত কে পাচ্ছেন? তা নিয়ে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ রয়েছে। শহিদুল ইসলাম ও অ্যাড. নুরুল ইসলামের মধ্যে কে দলীয় মনোনয়ন পাবেন, তা নিয়ে স্থানীয়ভাবে চলছে নানা জল্পনা-কল্পনা।

ব্রহ্মরাজপুর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী হিসেবে অধ্যাপক আব্দুল ওয়ারেসের নাম আলোচনায় আছেন। আগরদাড়ী কামিল মাদ্রাসার বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক হিসেবে পরিচিত অধ্যাপক আব্দুল ওয়ারেসকে নিয়ে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে, বিএনপির মনোনয়নপ্রত্যাশী শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল ইসলামকে ঘিরেও চলছে নানা আলোচনা। দলীয় মনোনয়ন শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে, তা নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক তৎপরতা এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলোও আলোচনায় উঠে আসছে।

এ ছাড়া বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিনের রাজনৈতিক পরিচয় এবং আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এ বিষয়ে তাঁর নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা ও সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন।

ব্রহ্মরাজপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনী সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

তবে এখনই কোনো প্রার্থীকে নিশ্চিতভাবে এগিয়ে রাখা বা নির্বাচনের ফলাফল সম্পর্কে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। প্রার্থীদের চূড়ান্ত তালিকা, দলীয় মনোনয়ন এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

সব মিলিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নের হাটবাজার থেকে চায়ের দোকান—সবখানেই এখন নির্বাচনী আমেজ। চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে প্রার্থীদের যোগ্যতা, দলীয় মনোনয়ন ও ভোটের সম্ভাব্য হিসাব-নিকাশ। শেষ পর্যন্ত কারা নির্বাচনী মাঠে থাকবেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা ও নির্বাচনের দিন পর্যন্ত।

শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

0
জিএম নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সাংবাদিকতা ও রাজনীতির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং দায়িত্বশীল যোগাযোগ সুদৃঢ় করার প্রত্যয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঙ্গে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আশেক এলাহী মুন্না।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম হাজী, সদস্য সচিব মাসিদুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আল গালিব জিকো ও আদম আলী।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা রাহিম হোসেন, জাকারিয়া খান, ইব্রাহিম খলিল, আলামিন মোল্লা, আব্দুল হালিম, শাহাদাত হোসেন ও ইমরান হোসেন এবং শ্যামনগর পৌর বিএনপির মোক্তার হোসেন কয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের অধিকারহীনতার চিত্র জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যেমন সমাজকে সচেতন করেন, তেমনি দেশ ও জাতির অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।”
তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা একটি সুস্থ, সচেতন ও জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক যোগাযোগ থাকা জরুরি। মতের ভিন্নতা থাকলেও সত্য ও জনস্বার্থের প্রশ্নে পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কিংবা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে দল তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর অবস্থান নেবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের বিএনপির আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে জনকল্যাণমুখী রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্বশীল আচরণ ও গঠনমূলক সংলাপের মধ্য দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। এর ফলে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে সামনে আসবে এবং শ্যামনগরের সামাজিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে।

কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা

0
কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন, সেবা সহজীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণে “বর্তমান সরকারের পরিকল্পনা ও আমাদের করণীয়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার,খুলনা বিভাগের পরিচালক(চলতি দায়িত্ব) আবু সায়েদ মোঃ মনজুর আলম।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক, গণমাধ্যমকর্মী, স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে বাধাহীনভাবে সেবা প্রদান করা গেলেই সেবা সহজীকরণ হবে। এছাড়া তিনি সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান, আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম ও সঞ্জয় সরকার, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আরিফুজ্জামান কাঁকন প্রমুখ।

শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

0

জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে লিফলেট বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীকের নেতৃত্বে রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে জুলফিকার সিদ্দীক বলেন, “বিদ্যুৎ ও গ্যাস সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়, এটি পূর্ববর্তী সরকারের সৃষ্টি। বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী এই সংকট উত্তরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা সৃষ্টি করতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

লিফলেট বিতরণকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীকের সঙ্গে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামান আরিফ, মশিউর রহমান সুইট, লেকচারার শফিকুল ইসলাম, রায়হানুল ইসলাম, মোশাররফ হোসেন মিঠু, রায়হান কবির, আবু মুছা কাজল, হুমায়ুন কবির লিটন, মফিজুর রহমান, উজ্জ্বল হোসেন, রাজিব হোসেন হৃদয়, তামিম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাঁদের অবহিত করেন।

সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক

0

জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় দুটি নৌকা ও ৬৫ কেজি মাছসহ আট জেলেকে আটক করেছেন বনকর্মীরা। এ সময় জেলেদের ব্যবহৃত দুটি নৌকা, মাছ, পানির দুটি ড্রামসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) ভোর ৬টার দিকে রায়মঙ্গল নদীর বায়োনে অভয়ারণ্য এলাকায় এ অভিযান চালানো হয়। নোটাবেকি অভয়ারণ্য এলাকার ভারপ্রাপ্ত ডেপুটি রেঞ্জার আব্দুস সালামের নেতৃত্বে বনকর্মীরা অভিযান পরিচালনা করেন।

আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালি গ্রামের জাহিদ হাসান (৪২), মফিজুল গাজী (২৮), রবিউল ইসলাম (৪২), ঈসা সরদার (৩৫), রেজাউল গাজী (৪৫), রাইবুল ইসলাম (৩২), নাহিদ হাসান (২৮) ও কাউসার গাজী (৩৯)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে আট জেলেকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নিয়ে সাতক্ষীরা জেলা আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা’ বিষয়ক প্রশিক্ষণ

0
পাইকগাছা প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণের লক্ষ্যে পাইকগাছায় “স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা” বিষয়ে দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর (রবিবার) সকালে পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস)’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর বাস্তবায়নে এবং ‘হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ’-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সংশ্লিষ্ট কমিটির সভাপতি সেখ রুহুল কুদ্দুস-এর সভাপতিত্বে মূল বিষয়বস্তু উপস্থাপন ও আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ রোকনুজ্জামান।
প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, অব. শিক্ষক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক সুধাংশু কুমার মন্ডল, সদস্য ও সাংবাদিক জিএম মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেম, কৃষ্ণ রায়, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির ও শাহাজাহান বাদশা,   রেজাউল করিম, মনিরুজ্জামান শান্ত,  মোঃ মনিরুজ্জামান মনি, সেলিনা আক্তার লিলি, তাছলিমা খাতুন, কবরী সরকার, বিমল বিশ্বাস, আমজাদ হোসেন, মোঃ মাকসুদুর রহমান (মুকুল), আবুল কাশেম, সুরেশ বিশ্বাস, বদরুল আলম বাবলু সরকার, মোছাঃ ইয়াছমিন, আলিফা খাতুন, সহকারী প্রকল্প কর্মকর্তা জবা রাণী দাস প্রমুখ।
কর্মশালায় বক্তারা স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল ও দুর্যোগবান্ধব বাজেট প্রণয়ন, জনগণের চাহিদাভিত্তিক পরিকল্পনা তৈরি এবং বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে জলবায়ু ঝুঁকির বাস্তব প্রভাব মোকাবিলায় স্থানীয় সরকার ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টায় স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে তরুণ ওয়াহিদুজ্জামান শামীমকে জনসম্মুখে পিটিয়ে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, কথিত ধর্ম অবমাননার অজুহাত তুলে ফজলুল হক আমিনী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উসকানিমূলক লাইভ প্রচার করে। পরবর্তীতে সে ও তার অনুসারীরা স্থানীয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ও উসকে দিয়ে ঘটনাস্থলে জড়ো করে। সেখানে সকলের উপস্থিতিতে মব সৃষ্টি করে অত্যন্ত নৃশংসভাবে শামীমকে পিটিয়ে হত্যা করা হয়।

এই জঘন্য ও বর্বরোচিত ঘটনার পর থেকে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। ধর্মীয় অনুভূতিকে মূলধন করে ও ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নিজের ব্যক্তিগত বা সামাজিক স্বার্থ চরিতার্থ করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। শান্তির ধর্ম ইসলামের দোহাই দিয়ে একজন নিরাপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলার কারণে স্থানীয়রা মব সৃষ্টির নায়ক ফজলুল হক আমিনীকে’গাদ্দার’ ও ইসলাম ধর্মের কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেছেন।

কালিগঞ্জ থানা ও দেবহাটা থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃঞ্চনগর এলাকা থেকে  পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল অভিযুক্ত ফজলুল হক আমিনীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে এবং এই মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং ধর্মীয় উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।

দেবহাটা থানার ওসি এইচএম শাহীন জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা ও দেবহাটা থানা এবং এসআরবি-৬ এর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মারা যান। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।

এদিকে, ভাই হত্যার অভিযোগে নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় মামলাটি করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় পারুলিয়ার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়। তবে মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ম ও ৬ষ্ঠ নং এজাহারনামীয় আসামিকে আটক করে পুলিশ।