প্রেস বিজ্ঞপ্তি: ‘প্লাস্টিক বর্জন করি, পৃথিবীকে সুস্থ রাখি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস। এ উপলক্ষে সোমবার ৩ জুলাই শ্যামনগর উপজেলার কাশিমাড়ী বাজারে বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় প্লাস্টিক ব্যাগ ধর্মঘট কর্মসূচি পালন করেছে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক। ধর্মঘট থেকে প্লাস্টিক ব্যাগ বর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন, এই মুহূর্তে পৃথিবীর দূষণের অন্যতম কারণ প্লাস্টিকের বহুল ব্যবহার। প্লাস্টিক বর্জ্য মাটি, জলাশয়, নদী ও সমুদ্রকে দূষিত করছে। যা মানব স্বাস্থ্য ও প্রাণ-প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। তাই প্লাস্টিক ব্যগ বা প্লাস্টিকের ব্যবহার কমানোর বিকল্প নেই। প্রসঙ্গত, প্লাস্টিক দূষণের ভয়াবহতা কমাতে জাতিসংঘ ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা বেধে দিয়ে সদস্য দেশগুলোকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে।
Author: kobirubel.satnadee
-
তালায় পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুুতি সভা
নজরুল ইসলাম, তালা:
আগামী ১৪ জুলাই সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তালা সদর ইউনিয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। ২ জুলাই সন্ধ্যায় তালা ডাকাবাংলো হলরুমে তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার গাজী আব্দুল জলিল সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
তালা উপজেলা জাতীয় পার্টিরসহ সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা তালা উপজেলা জাতীয় পার্টির সহ- সভাপতি শেখ আবুল হাসান, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম- সাধারন সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, জাপানেতা কাজী শাহিন, পার্থ প্রতিম মন্ডল, জাতীয় সৈনিক পার্টির তালা উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো. লিটন হুসাঈন, সাধারন সম্পাদক শেখ ইকবল হোসেন, সদর ওয়ার্ড সভাপতি মো. বাহারুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র নেতা মো. ফয়সাল হোসেন, সৌরভ খান, জাতীয় শ্রমিক পার্টির নেতা মো. বজলুর রহমান, মো. শফি, মো. হাফিজুর রহমান প্রমুখ।
সভায় ১৪ জুলাই দিবসটি পালন উপলক্ষে গৃহিত কর্মসূচী সমূহ: পল্লীবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় ১৪ জুলাই শুক্রবার তালা সদর ডাকবাংলো চত্বরে সকাল ৮ টা থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হবে। পল্লীবন্ধু এরশাদ ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের সকল মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করেন। সেকারণে তালা উপজেলার সকল মসজিদে জুম্মার নামাজে পল্লীবন্ধুর আতœার শান্তি ও মাগফেরাত কামনায় মসজিদের খতিবদের দিয়ে দোয়ার ব্যবস্থা করা। ১৪ জুলাই বিকাল ৩ টায় তালা সদর ডাকবাংলো চত্বরে স্বরনসভা,মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান পালন। ৮ জুলাই শনিবার বিকাল ৪ টায় তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা শুভাষিনী বাজারে অনুষ্ঠিত হবে। ৮ ই জুলাই শনিবার সন্ধ্যা ৬ টায় ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা সুজনশাহা বাজারে অনুষ্ঠিত হবে। ৯ জুলাই রবিবার বিকাল ৪ টায় খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা খলিশখালি বাজারে জাতীয় পার্টির অফিস চত্বরে অনুষ্ঠিত হবে। ৯ জুলাই রবিবার সন্ধ্যা ৬ টায় মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা মাগুরা বাজারে অনুষ্ঠিত হবে। ১০ জুলাই সোমবার বিকাল ৪ টায় জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির প্র¯ু‘তি সভা জেঠুয়া বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১০ জুলাই সোমবার সন্ধ্যা ৬টায় খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা শালিখা বাজার চত্বরে অনুষ্ঠিত হবে।
১১ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা ফুলবাড়ি বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১১ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নগরঘাটা ইউনিয়ন জাতীয়পার্টির প্রস্তুুতিসভা নগরঘাটা পোড়ার বাজার চত্বরে অনুষ্ঠিত হবে। ১২ জুলাই বুধবার বিকাল ৪ টায় খলিলনগর ইউনিয়ন জাপার প্রস্তুুতি সভা খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বর অনুষ্ঠিত হবে। ১২ জুলাই বুধবার সন্ধ্যা ৬ টায় তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির যৌথ প্রস্তুুতি সভা সদর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা পাটকেলঘাটা বাজারে অনুষ্ঠিত হবে। ১৩ ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা কুমিরা বাজারে অনুষ্ঠিত হবে। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্ব- স্ব- ইউনিয়ন কমিটির সভাপতি সাধারন সম্পাদক অনুরোধ করা হয়েছে। উল্লেখিত প্রতিটি প্রস্তুুতি সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম এবং সহযোগী সংগঠনের উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
-
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে রাজ মিস্ত্রীর মৃত্যু
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
নতুন বিল্ডিংয়ে ছাঁদের কাজ করার সময় অসাবধান বশত বৈদ্যুতিক তারে জড়িয়ে হযরত আলী মোড়ল (৫৫) নামে এক রাজ মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি জয়নগর গ্রামে মৃত সলিমুল্লাহ মোড়লের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, বিল্ডিংয়ে রডের কাজ করার সময় অসাবধান বশত তারে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মিলন হোসেন মৃত ঘোষণা করেন।
-
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ ঢাকায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
ক্রীড়া ডেস্ক:
১১ ঘণ্টার সফরে বাংলাদেশে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মার্টিনেজ। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সিও উপহার দেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা দেখেছে পুরো বিশ্ব। আর্জেন্টিনা দলের প্রত্যেক সদস্য দেখেছেন তাদের নিয়ে ১৭৩২৯ কিলোমিটার দূরের একটি দেশের মানুষ কতটা আবেগে ভাসতে পারে। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেছেন। সেই ভালোবাসার কৃতজ্ঞতা স্বরুপ মূল সফর কলকাতায় থাকলেও তার আগে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
মার্টিনেজ বাংলাদেশে আসবেন এটা চাউর হয় গত মাসের শুরুর দিকে। এরপর নানা জল্পনা-কল্পনা পার করে সোমবার ভোর ছয়টায় বাংলাদেশে পৌছান এমি। প্লেন থেকে নামার পর থেকেই বিভিন্ন মুহূর্ত নিজের মুঠোফোনে বন্দী করে রাখতে দেখা যায় তাকে। ভিভিআইপি গেট দিয়ে যখন বেরিয়ে আসেন তখনও দেখা যায় নিজের মোবাইলে ছবি বা ভিডিও করছিলেন।
বিমানবন্দরে প্রয়োজনীয় কাজ শেষে সোজা চলে যান দ্য ওয়েস্টিন হোটেলে। এমিকে বাংলাদেশে আনার স্পন্সর করেছে ফান্ডেড নেক্সট। হোটেলে যাওয়ার পথে নেক্সটের চীফ স্ট্র্যাটেজিক অফিসার গালিবের করা ভিডিওতে বাংলাদেশকে ‘হাই’ বলেন এমি। সেখানে তাকে জানানো হয় বাংলাদেশে ভক্তরা মার্টিনেজকে ‘বাজপাখি’ নামে ডেকে থাকেন।
গালিব নিজের ফেসবুকে এক পোষ্টে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে ‘বাজপাখি’ নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’
এর আগে হোটেলের উদ্দেশ্যে গাড়িতে উঠে ইনস্টাগ্রাম পোষ্টে ঢাকার রাস্তার ছবি দিয়ে মার্টিনেজ ক্যাপশন দিয়েছেন, ‘বাংলাদেশ।’ সঙ্গে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।
এরপর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেন এমি। হোটেলের লিফটে ওঠার সময় তার হাতে এক খুদে ভক্তের চিঠি পৌঁছে দেওয়া হয়। সেখানে জানতে চাওয়া হয়েছিল, এমির প্রিয় রঙ কি! উত্তরে এমি বলেন সাদা ও নীল । এরপর নেক্সটের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সেখানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা উপস্থিত ছিলেন। এমি মাশরাফির ছেলে ও মেয়ের সঙ্গে ছবি তোলেন, অটোগ্রাফ দেন। একই সঙ্গে স্ত্রী-সন্তানসহ মার্টিনেজের সঙ্গে ছবি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।
এ সময় এমির ইন্টারভিউ করেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারভিউয়ের এক পর্যায়ে একটি ট্যাটু দেখান এমি। কাতার বিশ্বকাপের ফাইনালে একদম শেষ মুহূর্তে সেই ঐতিহাসিক সেভের জায়গাটাতে বিশ্বকাপ ট্যাটু করিয়েছেন তিনি। ইন্টারভিউ শেষে মার্টিনেজকে একটি পাটের আশ দিয়ে তৈরি নৌকা, একটি বাজপাখি ও একটি বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়। পলক জানান, বাজপাখি নামও খুবই পছন্দ করেছেন মার্টিনেজ।
পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’
ফান্ডেড নেক্সটের অনুষ্ঠান শেষে নিজেকে বাংলাদেশের ‘বাজপাখি’ বলে আখ্যা দেন মার্টিনেজ। ফান্ডেড নেক্সটের চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্টিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’
এরপর এমিকে নিয়ে যাওয়া হয় করোনা পরীক্ষা করাতে। এরপর সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মার্টিনেজ। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সিও উপহার দেন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
সাক্ষাৎ শেষে আজ বিকালেই কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের। সেখানে দুদিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেবেন।
তবে মার্টিনেজ বাংলাদেশে আসলেও দেখা হয়নি দেশের সাধারণ ভক্তদের সঙ্গে। এ নিয়ে ভক্তদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ বিষয়ে নেক্সটের পক্ষ থেকে জানানো হয়, মার্টিনেজ তার সফরের সময় এই প্রতিষ্ঠানের কার্যালয়ে ফটোশুট, শর্ট ইন্টারভিউর মতো কার্যক্রমে অংশ নিয়েছেন।
-
আবারো কমলো গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ৯৯৯ টাকা
জাতীয় ডেস্ক:
আবারও কমলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। চলতি জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা, যা জুন মাসে ছিল ১ হাজার ৭৪ টাকা। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। একইভাবে কমেছে অটোগ্যাসের দামও।
আজ সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। এই নিয়ে পর পর দুই মাস কমলো এলপিজির দাম। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
এদিকে জুলাই মাসে অটোগ্যাসের দাম ৫০ টাকা শূন্য ৯ পয়সা থেকে কমিয়ে ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মে মাসে ছিল ৫৭ টাকা ৫২ পয়সা।
বিইআরসি জানায়, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৫০ মার্কিন ডলার থেকে কমে ৪০০ ডলার এবং ৪৪০ মার্কিন ডলার থেকে কমে ৩৭৫ ডলারে নেমেছে।
এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দামও কমেছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় জুলাই মাসে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে শূন্য দশমিক ১৮ পয়সা।
-
আশাশুনিতে টানা বর্ষণে ১০ হাজার বিঘা জমিতে আমন চাষ হুমকির মুখে
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে:
গত কয়েক দিনের টানা বর্ষণ ও ঘেরের লোনা পানিতে আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের কয়েকটি গ্রামের নিন্মাঞ্চল তলিয়ে যাওয়ায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধান চাষাবাদ হুমকির মুখে পড়েছে। বৃষ্টির পানি ও পার্শ্ববর্তী এলাকার লবন পানির ঘের প্লাবিত হওয়ায় চারিদিকে লোনা পানির ঢেউ থৈ থৈ করছে। যে কারণে সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এক ফসলি এসব চাষীদের কপালে চিন্তার ভাজ পড়েছে। ঘের মালিকদের উদাসীনতায় আমন চাষাবাদের এসব এলাকার অনেকদিন আগে থেকেই লোনা পানি ঢুকেছে কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলো।
গত কয়েক দিনের টানা বর্ষণে চাষীরা দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এলাকার একমাত্র পানি নিঃষ্কাশনের মাধ্যম কালকীর স্লুইজ গেটের নদী ও ভেতরের অংশে অতিরিক্ত পলি জমে এসব পানি সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের খাল গুলিতে অবৈধ নেটপাটা দিয়ে পানি সরবরাহ বন্ধ করে কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে। দ্রুত কালকীর স্লুইজ গেটের পলি অপসারন বা বিকল্প যেকোন উপায়ে দ্রুত পানি নিঃষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
শুক্রবার (৩০ জুন) সকালে সরজমিনে গজুয়াকাটি বিলে গিয়ে দেখা যায়, রাউতাড়ার মিনি কালভার্ট থেকে গজুয়াকাটিগামী বিলের ভিতরের রাস্তা গোয়ালডাঙ্গা, পিরোজপুর বিলের তীব্র লোনা পানি মিশ্রিত রাস্তা ছাপিয়ে দ্রুত গতি ছড়িয়ে পড়ছে গজুয়াকাটি বিলে। রাউতাড়া উত্তর বিলের মৎস্য ঘের মালিকদের ঘেরের লোনা পানি কালকীর খালে ফেলে দেওয়ায় গজুয়াকাটি বিলে লবন পানি ও বর্ষার পানিতে থৈ থৈ করছে। নিচু এলাকার বেশ কিছু মানুষের তরকারির ক্ষেত,পুকুর পানিতে তলিয়ে গেছে। মৎস্য ঘেরের লবন পানি ধানের জমিতে প্রবেশ করায় এই অঞ্চলের একমাত্র ফসল আমন ধান চাষাবাদে প্রান্তিক কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে স্থানীয়রা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, রাউতাড়া উত্তর বিলের মৎস্য চাষিরা তাদের ব্যক্তিগত কলগই দিয়ে অবৈধভাবে জোয়ারের সময় মৎস্য ঘেরে পানি উত্তোলন করে। ভাটার সময় সেই পানি কালকীর খালে আরেকটি গই বসিয়ে পানি সরবরাহ করে। ঐ পানি কালকীর স্লুইজ গেট দিয়ে নদীতে না যেতে পারায় রাস্তা ছাপিয়ে এসব ধানের জমিতে অবাধে প্রবেশ করছে। গজুয়াকাটি ও ফটিকখালী গ্রামের কয়েকটি কাঁচা রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের খেটে খাওয়া, চাকুরীজীবি,স্কুলগামী ছেলেমেয়েরা চরম ভোগান্তির স্বীকার হতে দেখা গেছে।
লোনাপানিতে বড়দল ইউনিয়নের পাচপোতা ও দক্ষিণ বড়দল বিলে এবং খাজরা ইউনিয়নের ফটিকখালী, গজুয়াকাটি, রাউতাড়া বিলের প্রায় ১০ হাজার বিঘা পানিবিন্দ হয়ে আছে। যদি কালকির স্লুইস গেইটের পলি অপসারণ করা না হয় তবে খাজরা ইউনিয়নের খালিয়া, পিরোজপুর, দুর্গাপুর, গোয়ালডাঙ্গা বিলে একই অবস্থার শিকার হবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
এদিকে পানি নিষ্কাশনে ব্যবস্থা নিতে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী স্থানীয় চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে শুক্রবার ফটিকখালী গ্রামে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রামপদ সানা, শিক্ষক কিংকর ম-ল, আব্দুল লতিফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অসীম বরণ চক্রবর্তী জানান, তীব্র লোনা পানি মিশ্রিত পানি খাজরা ও বড়দল ইউনিয়নের আমন চাষাবাদের কয়েকটি বিলে জমে যাওয়ায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধানের ফসল হুমকির মুখে পড়েছে। আমরা এলাকায় বসে স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে বলেছি। সমস্যা সমাধানে জেলা প্রশাসক এর সাথে কথা বলব। আশা করি দ্রুতই পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে।
কালকীর স্লুইজ গেটের পলি অপসারন, অবৈধভাবে লোনা পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খালে অবৈধ নেটাপাটা অপসারণ করে এলাকার পানি সরবরাহ নিশ্চিত করে আমন ধান চাষীদের পাশে দাঁড়াতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
-
রোটারি ক্লাব অব সাতক্ষীরার নয়া সভাপতি মনিরুজ্জামান টিটু ও সেক্রেটারি কামরুজ্জামান রাসেল
নিজস্ব প্রতিবেদক:
২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট হয়েছেন মো. মনিরুজ্জামান টিটু এবং ক্লাব সেক্রেটারী হয়েছেন মো. কামরুজ্জামান রাসেল। ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী হিসেবে সাবেক ক্লাবের প্রেসিডেন্ট আইপিপি রোটাঃ ফারহা দীবা খান সাথী এবং সাবেক সেক্রেটারী আইপিএস রোটাঃ মো. মশিউর রহমান বাবুর নিকট থেকে সংগঠনের সকলের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তারা।
এসময় ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান টিটু এবং সেক্রেটারী মো. কামরুজ্জামান রাসেলকে রোটারি ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। এসময় নতুন প্রেসিডেন্ট ও ক্লাব সেক্রেটারি সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংগঠনের ক্লাব সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
-
রোগ যন্ত্রনা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, তালা: রোগ যন্ত্রনা সইতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আব্দুল আহাদ আলী সরদার(৭৫) নামে এক বৃদ্ধ। আজ সোমবার (৩ জুলাই) সকালে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত বৃদ্ধ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রামের মৃত নওয়াব সরদারের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার উপ- পরিদর্শক(এসআই) আব্দুর ছবুর জানান, আহাদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। অসুখের যন্ত্রনা সইতে না পেরে ভোর রাত ৪.৪৫ মিনিটে বাড়ির পাশে একটি সবেদা গাছে গলায় রশি দিয়ে আত্মহননের ঘটনা ঘটান তিনি । পরে স্থানীয়রা বিষয়টি জানালে ঘটানাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।
-
সুন্দরবনে জব্দকৃত নৌকা বিক্রি, জানতে চাওয়ায় সহকর্মীকে মারপিটের অভিযোগ
আব্রাহাম লিংকন, শ্যামনগর: সুন্দরবনে জব্দকৃত নৌকা বিক্রির বিষয় জানতে চাওয়ায় সহকর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশে বেশ কিছু নৌকা জব্দ করেন। পুম্পকাটি ফাঁড়ির বনবিভাগ সাবেক ইনচার্জ পরিবর্তন হয়ে ইনচার্জে নতুন দায়িত্ব গ্রহণ করেন রাশিদুল হাসান। পরপরই যোগদান করেন (বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম।
গত ২৪ জুন তারিখ ৭ টার দিকে নতুন ইনচার্জ রাশিদুল হাসান জব্দকৃত নৌকা থেকে একটি নৌকা বুড়িগোয়ালিনী ইউনিয়নের আজগারের জামাই আল-আমিনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে ২৫ তারিখ সকালে বোর্ডম্যান সাইফুলের চোখে পড়ে একটি নৌকা নেই। বিষয়টি নিয়ে সাইফুল তার সহকর্মীদের কাছে কোন উত্তর না পেয়ে ইনচার্জ রাশিদুল হাসানের কাছে জিজ্ঞাসা করেন। রাশিদুল হাসান ক্ষিপ্ত হয়ে সাইফুলকে মারপিট করে ঘরে আটকে রাখে সুন্দরবনের গভীর হওয়ায় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ মাধ্যম না থাকায় চিকিৎসার অভাবে সাইফুল শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে কোনমতে মোবাইলে নেটওয়ার্ক পেয়ে বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিনকে অবগত করেন।

বার বার ফোন দিয়েও যখন স্টেশন কর্মকর্তা নরুল আমিন ফোন কেটে দেন তখন সাইফুল বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহম্মদ মহাসিনের কাছে মোবাইলে জানালে তিনি স্টেশনের সদস্যদের মাধ্যমে সাইফুলকে ৩০ জুন ২০২৩ তারিখে উদ্ধার করেন। সাইফুল উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
(বিএম) বোর্ডম্যান সাইফুল ইসলাম বলেন, আমাকে গরানের লাঠি দিয়ে বেদম মারপিট করে। স্টেশন কর্মকর্তার কাছে বার বার ফোন দিয়েও যখন ফোন কেটে দেন তখন বিভাগীয় স্যারের কাছে জানালে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম আমাকে উদ্ধার করেন।
কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলাম বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিতে সাইফুলকে স্টেশনে এনেছিলাম।
বুড়িগোয়ালিনীর স্টেশন কর্মকর্তা নরুল আমিন বলেন, বাবুর্চির সাথে গোলযোগ করায় উপরে নির্দেশে কাঠেশ্বর ফাঁড়ির ইনচার্জ হাবিবুর ইসলামের সাথে নিয়ে তাকে স্টেশনে নিয়ে এসেছি। তবে স্টেশন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী বাবুর্চির সাথে গোলযোগের কোন সত্যতা প্রমাণ মেলেনি। নৌকা বিক্রির ঘটনা ধামাচাপা দিতেই তার এমন বক্তব্য।
সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা কেএম ইকবাল হাসান চৌধুরী বলেন, এগুলো আমাদের অফিশিয়াল বিষয়। আমাদের অনুমতি ছাড়া সাংবাদিকদের জানিয়েছেন। সে চাকুরির বিধিমালা লঙ্ঘন করেছে। তার বিরুদ্ধে উদ্ধোর্তন কর্তৃপক্ষকে বলে শাস্তির ব্যবস্থা করবো।
-
জমিজমা সংক্রান্ত বিরোধে দিমজুরের ঘর ভাংচুর
কিশোর কুমার: সাতক্ষীরার তালা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দিনমজুরের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা বসতবাড়ি ভাংচুরসহ বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ তাদের। প্রায় ঘটনাব্যাপি চলা দখল যজ্ঞ শেষে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার (১ জুলাই) সকাল ৬টায় তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামে ঘটনাটি ঘটে। বর্তমানে ওই পরিবারটি নিরাপর্তা হীনতায় ভুগেছে বলে জানা গেছে । সরোজমিনে গেলে ভুক্তভোগী রবিন্দ্র নাথ ঘোষ জানান, তিন ছেলে ও স্ত্রী নিয়ে তার সংসার।
প্রতিদিন তিন ছেলে ও তিনি দিনমুজুর করে যা পান তা দিয়ে চলে এই সংসার। ভিটে মাটি বলতে শেষ সম্বল ওই টুকু জমি তাদের। এদিকে জমির ওপর লোভ রয়েছে পাশের এলাকার খোরশেদ নামে এক ব্যাবসায়ীর।বার তিনি জমি দখল সহ নানা ভাবে হয়রানি করে আসছেন বলে অভিযোগ তার।এনিয়ে একাধিক বার জনপ্রতিনিধি কাছে শালিশ বিচারে গিয়ে বন্ধ হয়নি ওই ব্যাবাসায়ী নির্মমতা। এরই জেরে গত শনিবার তার বাড়িতে ঢুকে হামলা চালার খোরশেদ গাজী ও ভাড়াটে সন্ত্রাসীরা। ওই সময় তাদের মারপিটসহ রান্নাঘরে অগ্নিসংযোগ এবং বসত বাড়িতে ভাংচুর চালায় বলে অভিযোগ তোলেন তিনি।
একই এলাকার স্বপন কর্মকার জানান, তেরছি মৌজায় ২৫৭৩ দাগের ২৯শতক জমিতে বসত বাড়ি নির্মাণ করে রবিন্দ্র নাথ ঘোষ পনের বছর ধরে বসবাস করছেন এখানে। জমির নেশায় কয়েক বছর ধরে কলাপোতা গ্রামের মৃত জাহাবস্ক গাজীর ছেলে খোরশেদ গাজী তাদের সাথে অত্যাচার চালিয়ে আসত। বছর খানেক আগে খোরশেদ ১৯৬৩সালের একটি ভুয়া দলিল বের করে জমি দখলের চেষ্টা চালায় খোরশেদ। পরে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপ বন্ধ হয়ে যায় সেটি।
গত শনিবার সকালে খোরশেদের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসীরা রবীন্দ্র নাথ ঘোষের বাড়িতে হামলা চালায়। পরে তিনিসহ প্রতিবেশিরা বাঁধা দেন। ওই সময় সন্ত্রাসীরা রবিন্দ্র ঘোষের রান্না ঘরে আগুন ধরিয়ে দেয় এবং বসত বাড়িরভাংচুর চালায়। পরে ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ে আনে। পরিবর্তীতে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে জমি না ছাড়লে ভারতে পাঠানো হবে বলে হুমকি দিয়ে আসছে তারা বলে অভিযোগ করেন তিনি। এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

এবিষয়ে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। জমির প্রকৃত মালিক রবীন্দ্র নাথ ঘোষ বলে এর আগে কাগজ পত্র দেখে রায় দিয়েছেন। হামলার ঘটনার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে খোরশেদ গাজীর উদ্ধৃতি দিয়ে ছেলে এনামুল হক বলেন, ওই জমি আমাদের। তার স্বপক্ষে দলীল সহ কোর্টের রায় আছে আমাদের কাছে। তবে হামলার বিষয়টি এড়িয়ে বলেন, আমরা জমি দখলে গিয়েছিলাম সত্য তাবে কোন ভাংচুর করিনি।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।