
#যুব জামায়াত নেতা রেন্টুর সংবাদ সম্মেলনের প্রতিবাদ
#‘ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি!’
তালা অফিস: সাতক্ষীরার তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সংবাদ সম্মেলনে উপস্থাপিত বক্তব্যের প্রতিবাদ ও তা বিভ্রান্তিকর দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তালা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জমি নিয়ে বিরোধের বিভিন্ন তথ্য, আদালতের মামলা, পুরোনো রায় ও দলিলের বিবরণ তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
সংবাদ সম্মেলনে এস এম নজরুল ইসলাম দাবি করেন, মোস্তাফিজুর রহমান রেন্টুর পিতার সঙ্গে জমি নিয়ে তার বিরোধ রয়েছে এবং এ সংক্রান্ত সাতক্ষীরা বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে বাটোয়ারা মামলা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা চলমান রয়েছে। এসব তথ্য গোপন রেখে রেন্টু সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, ১৯৬০ সালে ভাগ্যধর দত্ত বাদী হয়ে সাতক্ষীরা তৃতীয় মুনসেফ আদালতে উমাচরণ পাল ও কুঞ্জবিহারী নন্দীসহ অন্যদের বিরুদ্ধে ৬৯/১৯৬০ নম্বর বাটোয়ারা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৭ ডিসেম্বর ১৯৬০ সালে সোলেনামার ভিত্তিতে মামলার ডিগ্রি হয়। ওই রায় ও সোলেনামায় জমির অংশ পৃথকভাবে উল্লেখ এবং স্কেচ ম্যাপের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছিল বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট জমির বিভিন্ন অংশ পরবর্তী সময়ে ক্রয়-বিক্রয় ও জরিপের মাধ্যমে পৃথক খতিয়ান ও দাগে রেকর্ডভুক্ত হয়। ১৯৮২ সালে উমাচরণ পালের ছেলে বৈদ্যনাথ পালের কাছ থেকে কাজী রেজাউল্লাহ ২৫ শতক জমি ক্রয় করে ইটের প্রাচীর নির্মাণের মাধ্যমে সীমানা নির্ধারণ ও দখল বজায় রাখেন। পরবর্তীতে ১৯৯৫ সালে কুঞ্জবিহারী নন্দীর উত্তরসূরিদের কাছ থেকে জমি ক্রয়ের দলিলেও কাজী রেজাউল্লাহর জমির অবস্থান ও সীমানার উল্লেখ ছিল বলে দাবি করেন তিনি।
এস এম নজরুল ইসলামের দাবি, জমি নিয়ে স্থানীয়ভাবে লিখিত আপোষের মাধ্যমে সমঝোতা হয়েছিল। সেই সমঝোতা অনুযায়ী তিনি ইটের প্রাচীর নির্মাণ করেন। কিন্তু ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় তৎকালীন শিবির নেতা মোস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে ওই প্রাচীর ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ভাঙা প্রাচীরের ইট এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
তিনি আরও জানান, সমঝোতা অমান্য করায় দীর্ঘদিন অপেক্ষার পর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তালা থানার অফিসার ইনচার্জের মাধ্যমে উভয় পক্ষের আমিন দিয়ে জমির সীমানা নির্ধারণের নির্দেশ দেন। এ নির্দেশ বাস্তবায়নে তালা থানার পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্টরা তা গ্রহণ করেননি বলে দাবি করেন তিনি। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে বলেও জানান।
এদিকে, ১৯৬০ সালের দেওয়ানি মামলার রায় ও ডিগ্রি অমান্য করার অভিযোগে এস এম নজরুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে ১২৮/২৪ নম্বর বাটোয়ারা মামলা দায়ের করেছেন, যা বর্তমানে চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে এস এম নজরুল ইসলাম অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের প্রকৃত তথ্য উপস্থাপন না করে তাকে জড়িয়ে কুরুচিপূর্ণ, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়া হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ঘটনায় জেলা জামায়াত কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি প্রশাসনের কাছে প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই দাবি জানিয়েছেন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
