
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জের কাকশিয়ালী নদীর ওপর অবস্থিত ঐতিহ্যবাহী কালিগঞ্জ ডাকবাংলা মোড় থেকে উত্তর কালিগঞ্জ গামী খেয়াঘাটটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত খেয়াঘাটটি সংস্কার ও আধুনিকায়নের অভাবে প্রতিদিন এ ঘাট দিয়ে নদী পারাপার হতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে নারী, শিশু, রোগী ও বয়স্কদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কাকশিয়ালী নদীতে কোনো সেতু না থাকায় এক প্রান্তে ফেরি এবং অন্য প্রান্তে খেয়া নৌকার মাধ্যমে মানুষ পারাপার হতেন। বর্তমানে নদীর পূর্ব প্রান্তে হযরত খান বাহাদুর (রহ.) সেতু নির্মিত হলেও পশ্চিম প্রান্তের ডাকবাংলা মোড়সংলগ্ন ঐতিহ্যবাহী খেয়াঘাটটির অবস্থা এখনো বেহাল দশা। ফলে স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতেও অনেক মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যান তথা ডাকবাংলা মোড়সংলগ্ন দক্ষিণ প্রান্তে একটি পাকা ঘাট নির্মাণ করা হলেও অপর প্রান্তে উত্তর কালিগঞ্জ বাজারের ঘাটটি এখনো অবহেলিত। সেখানে নামমাত্র কিছু ভাঙা ইট বিছিয়ে রাখা হয়েছে। ভাটার সময় নদীর পানি নেমে গেলে খেয়ানৌকা থেকে তীরে ওঠার কোনো সুব্যবস্থা থাকে না। কাদা ও পানির মধ্য দিয়ে যাত্রীদের ওঠানামা করতে হয়।
এতে প্রতিনিয়ত নারী-পুরুষ পিছলে পড়ে কাদামাটিতে মাখামাখি হওয়াসহ ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন। জোয়ারের সময় কিছুটা স্বস্তিতে পারাপার সম্ভব হলেও ভাটার সময় পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শুধু মানুষ নয়, এই ঘাট দিয়ে প্রতিদিন মোটরসাইকেলসহ বিভিন্ন দুই চাকার যানবাহনও পারাপার হয়। ঘাটের বেহাল অবস্থার কারণে যানবাহন নিয়ে পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। মাঝেমধ্যে যানবাহনসহ নদীর পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
এই খেয়াঘাট দিয়ে উত্তর কালিগঞ্জ বাজার, নাজিমগঞ্জ বাজার ও কালিগঞ্জ ডাকবাংলা মোড় এই তিনটি গুরুত্বপূর্ণ পথের মানুষ নদী পারাপার করেন। উত্তর কালিগঞ্জ বাজার, কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের ক্ষেত্রে এ ঘাটের ওপর নির্ভর করেন অনেকে। সেতু ঘুরে এসব স্থানে যেতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হয়।
অন্যদিকে কালিগঞ্জ উপজেলা পরিষদ, থানা, পোস্ট অফিস ও নাজিমগঞ্জ বাজারে যাতায়াতের ক্ষেত্রেও খেয়ানৌকা গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিজন যাত্রীকে খেয়ানৌকার ভাড়া ৫ টাকা এবং সরকারি রাজস্ব বাবদ ঘাটের টোল ৩ টাকা দিতে হয়। অর্থাৎ নদী পারাপারে জনপ্রতি মোট ৮ টাকা ব্যয় করতে হচ্ছে। অথচ রাজস্ব আদায়ের ব্যবস্থা থাকলেও ঘাটটির অবকাঠামোগত উন্নয়ন ও নিয়মিত সংস্কারের দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এদিকে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ খেয়াঘাট সংস্কার করা হলেও নদীর চর দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে ঘাটটির স্বাভাবিক কার্যক্রম ও অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে স্থানীয়দের দাবি। ধীরে ধীরে ঘাটটি সংকুচিত হয়ে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব আদায় করা হলেও এই গুরুত্বপূর্ণ খেয়াঘাটটির উন্নয়ন ও সংস্কারের দায়িত্ব কার? যুগের পর যুগ এভাবে ঝুঁকি নিয়ে মানুষকে পারাপার করতে হবে কেন? তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
