
#জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার, ব্যাহত শিক্ষা-চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য
#স্থায়ী সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শেখ মোস্তফা কামাল, কেশবপুর থেকে: একটি সাঁকো যেন দুই পাড়ের মানুষের জীবনযাত্রার একমাত্র ভরসা। সেই সাঁকো ভেঙে যাওয়ার পর কেটে গেছে ছয় মাস। কিন্তু আজও হয়নি সংস্কার, নির্মিত হয়নি বিকল্প কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় কপোতাক্ষ নদ পার হচ্ছেন দুই পাড়ের প্রায় ২০ গ্রামের হাজারো মানুষ। দুর্ভোগের এই চিত্র যেন দেখার কেউ নেই! শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। যশোরের কেশবপুরের সাগরদাঁড়ী ও সাতক্ষীরার পার্শ্ববর্তী এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল কপোতাক্ষ নদের ওপর নির্মিত প্রায় ১৮০ ফুট দীর্ঘ ঐতিহ্যবাহী কাঠ ও বাঁশের সাঁকোটি। ভারী বর্ষণে নদীতে প্রবল স্রোত এবং কচুরিপানার চাপে সাঁকোটি ধসে পড়ে।
এরপর থেকে দুই পাড়ের মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তদারকির অভাব, দায়িত্ব নিয়ে টানাপোড়েন এবং সংশ্লিষ্ট মহলের অসহযোগিতার কারণে সমস্যাটির স্থায়ী সমাধান হচ্ছে না। সাঁকোটি ভেঙে যাওয়ায় সাতক্ষীরার সারসা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাঁতী, সরুলিয়া, ধানদিয়া ও কুঠিঘাটা এবং যশোরের সাগরদাঁড়ী, কোমরপুর, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটিসহ আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। নদীর দুই পাড়ের মানুষের দৈনন্দিন যোগাযোগ, শিক্ষার্থীদের বিদ্যালয়-কলেজে যাতায়াত, রোগীদের চিকিৎসা গ্রহণ এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে এলাকাবাসী নিজেদের উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে সাঁকোটি নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করে আসছেন। কিন্তু স্থায়ী সেতু না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর প্রবল স্রোত ও কচুরিপানার চাপে সাঁকোটি ক্ষতিগ্রস্ত হয়। কখনো মেরামত করে চলাচল সচল রাখা হলেও এবার ধসে পড়ার পর দীর্ঘ ছয় মাসেও স্বাভাবিক পারাপারের ব্যবস্থা করা সম্ভব হয়নি। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সাঁকোটি ভেঙে যাওয়ায় শত শত শিক্ষার্থীকে প্রতিদিন ছোট নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়ীর মধুপল্লী ছাড়াও এ অঞ্চলে রয়েছে কলেজ, সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজ, সাগরদাঁড়ী মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের প্রতিদিন নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নৌকায় পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকায় সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। বর্ষা মৌসুমে নদীর পানি ও স্রোত বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বাড়ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শুধু শিক্ষা নয়, সাঁকোটি ভেঙে যাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যেও। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নদীর ওপারের অনেক গ্রামের মানুষের কেনাকাটা, কৃষিপণ্য বিক্রি ও দৈনন্দিন লেনদেনের প্রধান কেন্দ্র সাগরদাঁড়ী বাজার। সাঁকোটি না থাকায় বাজারে মানুষের যাতায়াত কমেছে।
পণ্য আনা-নেওয়ায় বেড়েছে ভোগান্তি ও খরচ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, বিভিন্ন সময়ে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। পরিদর্শন ও জরিপও হয়েছে বলে জানা যায়। কিন্তু নানা প্রক্রিয়ার কথা শোনা গেলেও বাস্তবে সেতু নির্মাণের দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে বছরের পর বছর ধরে একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এম এ জাসির বলেন, “সাগরদাঁড়ী ও সারসা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কপোতাক্ষ নদের ওপর এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধান হবে।”
