
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, ১৭ বছরের ইতিহাসের নিকৃষ্ট স্বৈরশাসনের অবসানের পর দেশের মানুষ আশা করেছিল বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জুলাই চেতনার ভিত্তিতে ক্ষমতায় এসে বর্তমান সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং দেশকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী চায়নি এত দ্রুত সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, মিছিল করতে হবে। কিন্তু সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে না তুললে জনগণের অধিকার রক্ষা করা সম্ভব নয়। আজ প্রশ্ন হচ্ছে, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বেড়েছে, নাকি কমেছে?
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সন্ত্রাস-নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক গাজী সৈয়দ আলী, জেলা কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও তুফান মোড় হয়ে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল আরও বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে যারা সমালোচনা করেছিলেন, তারাও আন্দোলনের মুখে সংসদে সেই ব্যবস্থা পাস করতে বাধ্য হয়েছিলেন। আজ গোটা দেশের মানুষের দাবি জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে জাতিকে পুনরায় সংগঠিত করতে হবে। ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে যেকোনো অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আর দেরি না করে অবিলম্বে সংসদ অধিবেশন ডাকুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করুন। ভোটে ৭২ শতাংশ মানুষের প্রদত্ত ‘হ্যাঁ’ ভোটকে কার্যকর করে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুন। তাহলে গোটা দেশবাসী আপনাদের সঙ্গে থাকবে। অন্যথায় চলমান নৈরাজ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমীরে জামায়াতের নির্দেশনায় ডিসেম্বর মাসজুড়ে বাংলাদেশে আন্দোলন গড়ে তোলা হবে। এক দফা দাবি হচ্ছে—জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। এ দাবিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
তিনি সাতক্ষীরাবাসীর উদ্দেশে আরও বলেন, আমীরে জামায়াতের নির্দেশনায় আগামী ৫ ডিসেম্বর গভর্নমেন্ট হাইস্কুল মাঠে সকালবেলায় ইতিহাসের সর্ববৃহৎ মহিলা সমাবেশ এবং দুপুর ২টায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি ঘোষণা করেন।
ওই সমাবেশে আমীরে জামায়াত উপস্থিত থেকে বক্তব্য দেবেন এবং দেশবাসীকে আন্দোলনের দিকনির্দেশনা দেবেন বলে জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, সাতক্ষীরাবাসী অতীতের মতো আবারও গর্জে উঠবে। গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেকোনো অপশক্তিকে প্রতিহত করবে। কোনো অপশক্তিকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।
