
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা রমেশ মন্ডলের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮) গুরুতর আহত হয়েছেন। পরে অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রমেশ মন্ডল ওই গ্রামের শ্রীদাম মন্ডলের ছেলে। নিহত সুধা রানী মন্ডল একই গ্রামের মধুসূদন মন্ডলের স্ত্রী। আহত সমীর কুমার মন্ডল নিহতের ছেলে এবং রমেশের চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মন্ডল তাঁর মা কমলা রানী মন্ডল, চাচি সুধা রানী মন্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মন্ডলকে মৃত ঘোষণা করেন। সমীর কুমার মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত কমলা রানী মন্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সুধা রানী মন্ডলের মরদেহ বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে।

