
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরার সাহিত্যাকাশে এক পশলা নতুনের আবাহন ঘটিয়ে সম্পন্ন হলো ‘মৌচাক সাহিত্য পরিষদ’-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির বর্ণিল অভিষেক। শনিবার (২৯ আগস্ট) স্নিগ্ধ সকালে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউস্থ ‘যমুনা’ মিলনায়তনে শব্দের কারিগর আর সংস্কৃতিজনদের এক প্রীতিকর মেলবন্ধন রচিত হয়।
মৌচাক সাহিত্য পরিষদের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সুনিপুণ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওহাব আজাদের প্রাজ্ঞ সঞ্চালনায় অনুষ্ঠানটি রূপ নেয় এক সাহিত্যিক জলসায়। যেখানে শব্দ আর ভাবনার আলো ছড়িয়ে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, ডঃ মুফতি আখতারুজ্জামান, সহ-সভাপতি শেখ মুশফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ এবং বিদগ্ধ উপদেষ্টা তৃপ্তি মোহন মল্লিক ও মাওলানা আনোয়ারুল হাসান।
আয়োজনের মূল আকর্ষণ ছিল নতুন সারথিদের বরণ করে নেওয়ার মাহেন্দ্রক্ষণ। শুভ্র ও সুবাসিত পুষ্পস্তবকের ছোঁয়ায় বরণ করে নেওয়া হয় নবগঠিত ২১ সদস্যের দূরদর্শী কার্যনির্বাহী কমিটি এবং ৮ সদস্যের প্রাজ্ঞ উপদেষ্টা মণ্ডলীকে। সাহিত্যানুরাগী ও সুধীজনদের উপস্থিতিতে মুখরিত এই অভিষেক অনুষ্ঠানটি সাতক্ষীরার সাংস্কৃতিক আঙিনায় এক নতুন আশার আলো সঞ্চার করেছে।

