
মুনসুর হেলাল,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার মঠবাড়ী (ওরফে সোয়ালিয়া) গ্রামে গলায় ফাঁস দিয়ে সঞ্জয় মণ্ডল (১৮) নামে এক দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নিত্যনন্দ মণ্ডলের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সঞ্জয়কে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরিবারে শোকের মাতম নেমে আসে এবং পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
সঞ্জয়ের অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, প্রতিবেশীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার সচেতন মহল যুব সমাজের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, মানসিক চাপ, হতাশা, পারিবারিক বা শিক্ষাজনিত সমস্যার সমাধান কখনোই আত্মহনন হতে পারে না। তারা অভিভাবকদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা এবং যেকোনো সমস্যায় খোলামেলা আলোচনার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, সঞ্জয়ের এই মর্মান্তিক মৃত্যু অন্যদের জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠুক এবং ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক।

