
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে (৮৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের নামে সাতক্ষীরায় চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলায় পুলিশ ফাইনাল রিপোর্ট দেয়।
শেখ মুজিবুর রহমানের স্ত্রী রাশিদা রহমান জানান, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বাসায় ছিলেন।আজ সকালে বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে
ঢাকায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের নামে সাতক্ষীরাতে দুটি মামলা রয়েছে। আগামীকাল তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- ১(তালা -কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি তালা উপজেলার বড়কাশিপুর গ্রামে।

