
অনলাইন ডেস্ক: খুলনার শিববাড়ি মোড় এলাকায় চলন্ত একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। তবে অ্যাম্বুলেন্সে তখন কোনো রোগী ছিল না, কেবল চালক গাড়িতে অবস্থান করছিলেন। তিনি দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
অ্যাম্বুলেন্স চালক মোল্লা সোহাগ জানান, আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড় হয়ে অফিসে ফেরার পথে শিববাড়ি মোড়ে এসে গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় তিনি আগুনের তাপ অনুভব করেন এবং পেছনের দিক থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপে তার মাথার কিছু চুলও পুড়ে যায়। পরে তিনি দ্রুত গাড়ি থেকে নেমে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম (ওভারহিট) হওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। চলন্ত অবস্থায় গাড়িটি বন্ধ হয়ে যাওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে।

