
নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে সাত লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে সোহেল আহমেদ ও তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মইনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। এর মধ্যে সোহেল আহমেদ চাকুরিচ্যুত পুলিশ সদস্য। অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তাঁর সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর সকালে কাশেম সরদার নিজ দোকানে কাজ করছিলেন। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে তালা থানা পুলিশকে জানান তাঁর স্ত্রী। অভিযোগ পাওয়ার পর তালা থানা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে খুলনার চুকনগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
এঘটনায় অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার বাদী হয়ে তিন জনের নামে তালা থানায় একটি এজাহার দায়ের করেন। তালা থানার মামলা নম্বর-১২, তারিখ ১৬ নভেম্বর ২০২৬। এ ঘটনায় পেনাল কোডের ৩৬৪, ৩৮৫, ৩৮৬ ও ৩৮৭ ধারায় মামলা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পেনাল কোডের ৩৬৪, ৩৮৫, ৩৮৬ ও ৩৮৭ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
