কলারোয়া পৌর নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কলারোয়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। গত ৩০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ মার্চ) ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের একটি দল এই তদন্ত শুরু করেছে। তদন্ত দলে আরও রয়েছেন নির্বাচন কমিশন অফিসের উপসচিব আব্দুল হালিম খান এবং সিনিয়র সহকারী সচিব বিপ্লব দেবনাথ। তদন্ত দলটি সোমবার সকালে কলারোয়া উপজেলা মিলনায়তনে এই তদন্ত শুরু করেন।

তদন্ত কর্মকর্তারা নির্বাচনের দিনে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশ সহ পরাজিত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। তারা তাদের লিখিত জবানবন্দিও লিপিবদ্ধ করেন।

জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবির জানান, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কয়েকজন পরাজিত প্রার্থী সংক্ষুব্ধ হয়ে পুনঃর্নিবাচনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন। এই আবেদন নিষ্পত্তি হতে বিলম্ব হওয়ায় তারা হাইকোর্টে রিট করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই তদন্ত চলছে বলে জানান তিনি। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং অন্যদেরও জবানবন্দি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনিরুজ্জামান বুলবুলকে বিজয়ী ঘোষণা করা হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী নার্গিস সুলতানা। এই নির্বাচনে ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ৩৭ জন কাউন্সিলর পদে এবং ১২ জন সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

spot_img

More from this stream

Recomended