
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের (OCC) প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এ.এন.এম নাজমুল আহসান, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি ও জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা এবং সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল শর্মা।
এছাড়াও আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, মেন্টর মো. মাহফুজ আহম্মেদ, সদস্য মো. শাহজান কবির, সাতক্ষীরা সদর প্রতিনিধি মো. অমিদ হাসান, আশাশুনি ফিল্ড সার্ভিসের মো. মেহেদী হাসান সুমন এবং উইমেন্স সাপোর্ট টিমের তাহিরা সুলতানা মিমসহ সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহারের দিকগুলো বিস্তারিত তুলে ধরেন। ইন্টারনেটের সঠিক ব্যবহারের সুফল ও অপব্যবহারের কুফল, সাইবার বুলিং, ফিশিং, অনলাইন ব্ল্যাকমেইলিং ও অর্থনৈতিক প্রতারণা থেকে বাঁচার উপায় সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাইবার অপরাধ সংক্রান্ত দেশের বিদ্যমান আইন ও শাস্তির বিধান সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, “বর্তমান যুগে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অসচেতনতার কারণে ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও ব্যবহার করে অপরাধীরা তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তাই অনলাইনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং যেকোনো অপরিচিত বা সন্দেহজনক লিংক ও বার্তা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।”
শিক্ষার্থীরা অনলাইনে যেকোনো ধরনের হয়রানি, ব্লেকমেইল বা প্রতারণার শিকার হলে ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে অভিভাবক, শিক্ষক অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং একটি সুস্থ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও অব্যাহত থাকবে।

