
নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা সদরে পূর্ব শত্রুতার জের ধরে খন্দোকার শফিকুল আলম (৬১) নামের এক বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, খন্দকার হারুন অর রশিদ চান্দু (৫৪), মোঃ অনিক (২২), খন্দকার মামুনুর রশিদ রাজা (২১) এবং মোছাঃ আরুফা সুলতানা (৫৭)।
জিডি সূত্রে জানা যায়, গত ২১ মে (বৃহস্পতিবার) রাতে খন্দোকার শফিকুল আলম কাটিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাগুরা গ্রামে ছোট ভাই খন্দোকার আব্দুল করিমের বাড়িতে যান। কাজ শেষে রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় ভাইপো বায়জিদ হাসানকে (১৬) সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
মোটরসাইকেলটি ভাইয়ের বাড়ির সামনে আসামাত্রই পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা বিবাদীরা তাকে দেখে ইট নিয়ে আঘাত করতে আসে। এ সময় সাথে থাকা কিশোর ভাইপো বায়জিদ হাসান তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে শফিকুল আলমকে রক্ষা করে। হামলার চেষ্টা ব্যর্থ হলে বিবাদীরা প্রকাশ্যেই তাদের খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
ভুক্তভোগী খন্দোকার শফিকুল আলম জানান, বিবাদীদের এমন প্রকাশ্য হুমকির পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তাদের জীবন ও সম্পদের বড় ধরনের ক্ষতি করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এই বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান জানান,অভিযোগটি থানায় সাধারণ ডায়েরীভুক্ত করা হয়েছে।

