
মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সৃষ্টি হওয়া উত্তেজনার জেরে ওহিদুজ্জামান শামীম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রাথমিক ক্ষোভের মুখে বিষপান করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে ঢুকেও একদল ক্ষুব্ধ জনতা তার ওপর হামলা চালায় বলে জানা গেছে। পরে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার ছোট শান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে শামীম মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। জনরোষের মুখে পড়ে একপর্যায়ে শামীম নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। অবস্থা গুরুতর দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে ঘটনার রেশ সেখানেই শেষ হয়নি। মঙ্গলবার রাত ৯টার দিকে‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল ক্ষুব্ধ মানুষ হাসপাতালে প্রবেশ করে এবং চিকিৎসাধীন শামীমের ওপর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে মারধর করে। পর্যায়ক্রমে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন জানান, খবর পাওয়ার পরপরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

