
মোমিনুর রহমান, দেবহাটা থেকে: শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডলসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে রোধ এবং তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

