
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির উদ্যোগে গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুল।
সভায় জেলা নাগরিক কমিটির ২১ দফা দাবি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। গত ২৫ জুন জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পর, সভায় বক্তারা জলাবদ্ধতা, বাইপাস সড়ক, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, নাভারণ-ভোমরা রেল লাইন এবং ভবিষ্যতে মুন্সিগঞ্জ পর্যন্ত বর্ধিত করার বিষয়ে আলোচনা করেন। বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সভায় সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসকের একটি মন্তব্য নিয়ে আলোচনা করা হয়। কিছুদিন আগে ক্রীড়া সংস্থার এক সভায় জেলা প্রশাসক বলেছিলেন, ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে ধর্মান্ধতা থেকে সাতক্ষীরাকে বেরিয়ে আসতে হবে। এই মন্তব্যের প্রেক্ষিতে একটি মহলের জেলা প্রশাসককে হেয় করার অপচেষ্টার বিরুদ্ধে ক্রীড়া ও সংস্কৃতি কর্মীদের প্রতিবাদ করার বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা বলেন, জেলা প্রশাসকের মন্তব্যটি ইতিবাচক অর্থে নেওয়া উচিত। ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নের জন্য কুসংস্কার ও ধর্মান্ধতা পরিহার করা প্রয়োজন। তারা জেলা প্রশাসকের বক্তব্যের সমর্থনে ক্রীড়া ও সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানান।
সভায় জেলা নাগরিক কমিটির অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সুশীলনের মনিরুজ্জামান, সিপিবি’র জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সাংবাদিক আবুল কাসেম, মমতাজ আহমেদ বাপ্পী, উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জীবন ও প্রকৃতি ক্লাবের সভাপতি অ্যাড. মুনীরউদ্দীন, সাংবাদিক আহসানুর রাজীব, শেখ মোসফিকুর রহমান মিল্টন, আসাদুজ্জামান মধু, মুনসুর রহমান, বায়েজিদ হাসান, কবি আবু কাজী, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

