আমার বাবা

 নিরঞ্জন সরকার

 

অফিস থেকে ফিরলে বাড়ি

নেয় না তুলে কোলে ,

কাছে গেলেই মুখ ঘুরিয়ে

যাচ্ছে দূরে চলে ।

খাওয়ার সময় এক ঘরেতে

খেতাম সবাই মিলে ,

রাখো কেন মা বাবার ভাত

অন্য ঘরে তুলে ।

এক মুঠো ভাত দেয় না তুলে

আমার ছোট্ট গালে ,

অফিসে যায় মুখ লুকিয়ে

যায় না আমায় বলে ।

আমি ঘুমাই এক ঘরেতে

অন্য ঘরে বাবা,

কে করবে আজ বলো মা তুমি

আমার বাবার সেবা ।

কে করেছে নিষেধ মাগো

বাবার কাছে যেতে ,

সে কি কভু চায় না মাগো

বাবার সঙ্গ পেতে ।

বাবা’ ই হলো খেলার সাথী

আমার প্রাণের প্রাণ ,

বলো মা তুমি আমার বাবা

রাগ করেছে কেন।

Recomended