
শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কৃতী সন্তান ও তরুণ উদ্যোক্তা কেশব কুমার সাধু। তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা।
কেশব কুমার সাধু পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের বাসিন্দা আনন্দ সাধুর ছোট ছেলে। ৪২ বছর বয়সী এই উদ্যোক্তা টাটা ক্রপ কেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক অঙ্গনে পরিচিতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর বিশেষ অবদান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ বাসভবনে শত শত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগে অসচ্ছল পরিবারগুলোর মধ্যে উৎসবের আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিবছর এভাবে মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। নিজের এই মানবিক উদ্যোগ সম্পর্কে কেশব কুমার সাধু বলেন, “মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি প্রতিবছর যেন এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি, সেটাই আমার বড় আশীর্বাদ।”
এ সময় উপস্থিত ছিলেন টাটা ক্রপ কেয়ার কোম্পানির চেয়ারম্যান গোলকবিন্দু সাধু, ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সাধু, নারায়ণ চন্দ্র সাধু, মুকুন্দ সাধু, কার্তিক সাধু, লিটন সাধুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা কেশব কুমার সাধুর এই উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় মানুষের কল্যাণে তাঁর এমন কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন

