
শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা থেকে: সাতক্ষীরার পাটকেলঘাটায় বখাটেদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে অভিভাবক ও সাধারন জনগন।
স্থানীয়রা জানায়, পাটকেলঘাটার কালীবাড়ী রোড, পাটকেলঘাটা হাইস্কুল রোড, কুমিরা মহিলা কলেজ এর সামনে, তৈলকুপি, সরুলিয়া, কাশিপুরসহ যুগিপুকুর বিশ্বাস বাড়ী এলাকায় উঠতি বয়সী কিছু যুবক সাঙ্গপাঙ্গ নিয়ে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রীদের প্রতি তাদের কু-নজর ও মোবাইলে বিভিন্ন সময় ছবি ধারন করে বলে অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন।
এছাড়া পাটকেলঘাটার তৈলকুপি বাজারখোলা মোড় সংলগ্ন তৈলকুপি মারকাজুল মাদরাসায় ২৪ সেপ্টেম্বর রাতে প্রতিষ্ঠানের টিনের চাল খুলে বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যায়।
খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর, দুধলিয়া, রাঘবকাঠি, চমরখালি, সারাডাঙ্গা, কাশিয়াডাডাঙ্গা, ঘোষপাড়ায় গত ৬ মাসে চোরের উৎপাতে বিভিন্ন এলাকা থেকে ৬৫ টি মটর চুরির ঘটনা ঘটেছে। এসব মটর অল্প টাকায় বিক্রি করে বিভিন্ন স্থানে মাদকসেবনের আসর বসাচ্ছে ওইসব চোর চক্র।এতে এলাকাবাসী চরম ভয়ে মুখ খুলতে পারছেন না। এমনকি পরিবারের সাথেও অমানবিক আচরণ করছে বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, মহিলাদের গোসলের সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকে এরা। এ নিয়ে প্রতিবাদ করলে বেশ কয়েকজন নারী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এদের দৌরাত্ম্য আরও বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শফিক আহম্মেদ সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি নিয়ে আমাকে কেউ অবগত করেনি। অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

