
নজরুল ইসলাম, তালা অফিস: তালা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে সামগ্রিকভাবে হতাশাজনক চিত্র দেখা গেছে। তিনটি ধারার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ভোকেশনাল শাখা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল অনুযায়ী, এইচএসসিতে পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ, আলিমে ৪২ দশমিক ৭৩ শতাংশ এবং ভোকেশনালে ৫৩ দশমিক ৬৬ শতাংশ।
প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, উপজেলার ১০টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭১২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালা মহিলা ডিগ্রি কলেজে সর্বোচ্চ ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে খলিলনগর এলাকার একটি প্রতিষ্ঠানে পাসের হার মাত্র ২২ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে আলিম পরীক্ষায় উপজেলার ছয়টি মাদ্রাসা থেকে ২৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১০৩ জন। এ পরীক্ষায় পাসের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। মাদ্রাসাগুলোর মধ্যে সুগন্ধিনী হাফিজিয়া মাদ্রাসায় সর্বোচ্চ ৬০ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ভোকেশনাল পরীক্ষায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১৮৩ জন। এ শাখায় পাসের হার ৫৩ দশমিক ৬৬ শতাংশ। প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালা টেকনিক্যাল বিএম কলেজে সর্বোচ্চ ৭০ শতাংশ পাসের হার অর্জিত হয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিনটি ধারার মধ্যে ভোকেশনাল শিক্ষায় তুলনামূলক ভালো ফলাফল হলেও এইচএসসি ও আলিমে পাসের হার প্রত্যাশার তুলনায় কম। বিশেষ করে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

