
নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে স্বাক্ষর শীল নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু স্বাক্ষর শীল মিঠুন শীলের সন্তান। ঘটনার সময় শিশুটি বাড়ির আশপাশে ছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের গোবরের গর্তে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
দুই বছরের ফুটফুটে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

