
মেহেদী হাসান:খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা বাজারে চাঁদা দাবির অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নীলোৎপল মন্ডল নিলয়। শনিবার (১ আগস্ট) আমভিটা বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলোৎপল মন্ডল নিলয়।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি দাবি করেন, আমভিটা বাজারসংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে ফিরোজ নামে এক ব্যক্তি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চ্যানেল ২৬’ নামের একটি মাধ্যমে তার বিরুদ্ধে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।
নীলোৎপল মন্ডল বলেন, সংশ্লিষ্ট জমিতে ঘর নির্মাণ করছেন দেবা মন্ডল। সেখানে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ডুমুরিয়া উপজেলা সাধারণ সম্পাদক বীরেশ্বর মন্ডল, রংপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওসমান মোল্লা, ইউনিয়ন ওলামা দলের সভাপতি শিমুল শেখ, রংপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই মন্ডল, ইউনিয়নের সাবেক সংসদ সদস্যের প্রতিনিধি চন্দনা বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের প্রকাশনা সম্পাদক সেলিম মোড়ল, রংপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক রাব্বি ফকির, অনিক শেখ, মান্না সরদার, তুষার মল্লিক, সৈকত হালদার ও দুলাল কৃষ্ণ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

