
অনলাইন ডেস্ক:কালিগঞ্জের ঈদগাহ মোড়স্থ কাতার প্লাজার বিপরীতে সড়ক ও জনপদ অধিদপ্তরের সরকারি নকশাবুক্ত ও সদ্য উচ্ছেদকৃত জায়গা ব্যক্তির দ্বারা স্ট্যাম্পের মাধ্যমে নগদ টাকায় ক্রয় করার গুরুতর অভিযোগ উঠেছে। জায়গাটিতে পূর্বে অবৈধ দখলদার হিসেবে ছিলেন শেখ আব্দুল কাদের। ২০২৫ সালে সড়ক ও জনপদ অধিদপ্তর রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করলে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বর্তমানে সড়ক বিভাগের কাজ চলমান থাকা অবস্থায় পূর্বে আব্দুল কাদেরের দখলে থাকা প্রায় ২ শতক জায়গা শেখ মিজানুর স্ট্যাম্পে লিখিত আকারে ৪ লক্ষ টাকায় ক্রয় করেন। বর্তমানে মিজানুর সরকারি জায়গায় পাকা দোকান নির্মাণ ও মাটি ভরাটের কাজ রাতেও চালু রেখেছে। সরকারি জায়গা টাকার বিনিময়ে বিক্রির খবরে উৎসাহিত হয়ে আরো অনেকে পুণ: দখলের মহোৎসবের মেতে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান সড়ক বিভাগ ও স্থানীয় নামধারী নেতারা এসব অবৈধ অর্থের ভাগবাটোয়ারায় ব্যস্ত। সড়ক বিভাগের অর্থ গ্রহণের বিষয়ে নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ” আপনাদের মাধ্যমেই বিষয়টি মাত্র জ্ঞাত হলাম। আমি আমার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জি: ও সার্ভেয়ার কে তদন্তে পাঠাবো। বিষয়টি সত্য হলে ব্যবস্থা গ্রহণ করব।” সচেতন মহলের দাবি এসব অবৈধ পুনঃদখল এখনই বন্ধ করে দোষীদের শাস্তির আওতায় আনতে না পারলে বর্তমান ও ভবিষ্যৎ সড়ক উন্নয়ন চরমভাবে বাঁধাগ্রস্থ হবে।

