
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি সড়ক নির্মাণ প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি অথচ বিল তুলে নিয়েছে এমন অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে । প্রায় ৩ কোটি টাকার এ প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগও করেছেন স্থানীয়রা। তাদের দাবি, হাত দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে সড়কের পিচ, এমনকি যানবাহনের চাকার চাপও সহ্য করতে পারছে না কার্পেটিং। সব মিলিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে ।
খোজ নিয়ে জানা গেছে , ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের দায়িত্ব পায় মেসার্স এস আর ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় পার হলেও প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ এখনও বাকি রয়েছে। অথচ সরকারি বিলের হিসাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে ২ কোটিরও বেশি টাকা পরিশোধ করা হয়েছে। নথিপত্রে দেখা গেছে, স্যালভেজ মূল্য বাবদ প্রায় ৯৩ লাখ টাকা কর্তনের বিধান থাকলেও কাটা হয়েছে মাত্র ৩৫ লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশের সিডিউল অনুসরণ না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় নতুন নির্মিত সড়কের পিচ সহজেই উঠে যাচ্ছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে টেকসই সড়ক না হওয়ায় দুর্ভোগের শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই বিল পরিশোধ এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণের ঘটনা এর আগেও ঘটেছে। তাই সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত এবং টেকসই সড়ক নির্মাণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান বলেন, এটি প্রকল্পের চূড়ান্ত বিল নয়; নিয়ম অনুযায়ী রানিং বিল পরিশোধ করা হয়েছে। তদন্তে কাজে কোনো ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

