
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার শুরু হওয়া এ কর্মসূচি শনিবার পর্যন্ত চলবে। সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন (সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত)-এর সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
জনগণের সংসদ সদস্য হিসেবে বীথিকা বিনতে হোসাইন ইতোমধ্যে প্রমাণ করেছেন যে তিনি সংসদে সব সময় জনগণের স্বার্থে ও অধিকারের পক্ষে কথা বলেন। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরাবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষার লক্ষ্যে তিনি বিশেষ বার্তা দিয়েছেন। মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরাবাসীকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করার জন্য এসএম মহসিন আলমকে সপ্তাহব্যাপী ব্যাপক জনসচেতনামূলক প্রচারণা ও জেলাজুড়ে মাইকিং করার নির্দেশ প্রদান করেছেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলমের নেতৃত্বে নেতাকর্মীরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি সাতক্ষীরা সদর থানার ভেতরের ড্রেন ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে মহসিন আলম বলেন, “ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা প্লাস্টিকের বোতলে জমে থাকা সামান্য পানিতেও এডিস মশা ডিম পাড়ে। মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী আমাদের এই সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। চারপাশ পরিষ্কার রাখলে এবং সবাই মিলে কাজ করলে আমরা একটি মশামুক্ত সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারব।”
আয়োজকরা জানান, সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগে সপ্তাহব্যাপী প্রচারণার মাধ্যমে সাতক্ষীরা শহরজুড়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে।

