
পাইকগাছা প্রতিবেদক:“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। ১৯ মে, মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণের বিভিন্ন ভূমিসেবা স্টল ও কার্যক্রম পরিদর্শন করেন। ডিজিটাল ভূমিসেবা নাগরিকদের দোরগোড়ায় সহজে ও দুর্নীতিমুক্ত উপায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয়ভাবে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে তিন দিনব্যাপী এই মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান; যার অংশ হিসেবে পাইকগাছাতেও এই মেলার সূচনা ঘটে। মেলা পরিদর্শন শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। এ সময় বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হবে না এবং ঘরে বসেই অত্যন্ত স্বচ্ছতার সাথে ভূমির যাবতীয় সেবা গ্রহণ করা সম্ভব হবে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, সমবায় কর্মকর্তা মো. হুমায়ূন কবির, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, আইসিটি কর্মকর্তা আব্দুস সালাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম ও অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি বিভিন্ন ই-নামজারি, খতিয়ান সহ ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।

