এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ: শ্যামনগরের মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে ক্ষোভ

জি,এম নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র মাঝির বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহলে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এর মধ্যে সন্তানের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থের বোঝা তাঁদের আর্থিক সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। সন্তানের শিক্ষাজীবন ও ভবিষ্যতের কথা বিবেচনা করে অনেক অভিভাবক বাধ্য হয়েই দাবিকৃত অর্থ পরিশোধ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয়সহ বোর্ড ও কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ২ হাজার ৩১৫ টাকা।
তবে অভিযোগ উঠেছে, মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বিভাগ নির্বিশেষে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা বা তারও বেশি আদায় করা হয়েছে। এর বাইরে কোচিংয়ের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত এক হাজার টাকা নেওয়ার অভিযোগও করেছেন অভিভাবকেরা।
এ ছাড়া টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা করে জামানত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন অভিভাবক। তাঁদের প্রশ্ন, পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের সঙ্গে জামানতের অর্থ আদায়ের কী সম্পর্ক এবং কোন নীতিমালার ভিত্তিতে এ অর্থ নেওয়া হচ্ছে—সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার নির্ধারিত ফি জোগাড় করতেই আমাদের অনেক কষ্ট হয়। সেখানে অতিরিক্ত কয়েক হাজার টাকা জোগাড় করা আমাদের মতো সাধারণ পরিবারের জন্য অত্যন্ত কঠিন। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে অভিভাবকদের ওপর এমন আর্থিক চাপ সৃষ্টি হওয়া উচিত নয়।
অভিযোগের বিষয়ে মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চন্দ্র মাঝি বলেন, টেস্ট পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড ফির সঙ্গে আনুষঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত ২০০ টাকা এবং কোচিংয়ের জন্য এক হাজার টাকা নেওয়া হয়েছে। যারা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের ক্ষেত্রে বোর্ড ফির পাশাপাশি প্রতি অকৃতকার্য বিষয়ের জন্য ১০০ টাকা এবং কোচিং ফি বাবদ এক হাজার টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া জামানত হিসেবে এক হাজার টাকা নেওয়া হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ওই টাকা বাজেয়াপ্ত করা হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিনা হাবিবুর বলেন, ‘সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। তবে আমার জানা মতে, বাসুদেব মাঝি এ ধরনের কাজ করার কথা নয়। বিষয়টি আমি তাঁর কাছে জেনে দেখব।
শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং একটি পরিবারের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম অবলম্বন। সেই শিক্ষার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের পরিবারের ওপর অতিরিক্ত অর্থের চাপ সৃষ্টি হলে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। তাই অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ফরম পূরণের যাবতীয় ফির স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন অভিভাবকেরা।

Recomended