নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যলয়ের অধিনে অফিস সহয়ক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন এক নারী প্রার্থী। সঙ্গে ছিল তাঁর ছোট শিশুসন্তান। পরীক্ষার সময় শিশুটিকে কার কাছে রেখে পরীক্ষা দেবেন এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান তিনি। এ সময় এগিয়ে আসেন কেন্দ্রে দায়িত্বে থাকা নারী পুলিশ কনস্টেবল শিল্পী। শিল্পী সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত। আজ শুক্রবার (৪সেপ্টেম্বর)সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে। পরীক্ষাকেন্দ্রে শিশুসন্তানকে নিয়ে উপস্থিত হন ওই নারী প্রার্থী। পরীক্ষা শুরু হওয়ার পর শিশুটির দেখাশোনা নিয়ে তাঁকে উদ্বিগ্ন হতে দেখা যায় তাকে ।
বিষয়টি বুঝতে পেরে নারী পুলিশ কনস্টেবল শিল্পী শিশুটিকে কোলে তুলে নেন। স্নেহ ও যত্নের সঙ্গে তিনি শিশুটির দেখাশোনা করতে থাকেন। এতে শিশুটির মা দুশ্চিন্তামুক্ত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারেন। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অন্যদের নজরেও আসে ঘটনাটি। দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ সদস্যের এমন মানবিক আচরণ প্রশংসা কুড়ায়।
স্থানীয়রা বলেন, পুলিশ সদস্যদের এমন সহমর্মী আচরণ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ইতিবাচক করতে ভূমিকা রাখে।শিশুটির মায়ের জন্য মুহূর্তটি ছিল স্বস্তির। আর কনস্টেবল শিল্পীর এই উদ্যোগ দেখিয়েছে, দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়মানুষের প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানোও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ।
তারা আরো বলেন, সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে ঘটে যাওয়া এই ছোট্ট মানবিক উদ্যোগটি তাই উপস্থিত অনেকের কাছে হয়ে ওঠে বড় একটি বার্তা।পুলিশ যখন দায়িত্বের পাশাপাশি মানবিকতার হাত বাড়িয়ে দেয়, তখনই জনবান্ধব পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়।

