Home Blog Page 9

কলারোয়ায় ডেঙ্গু সচেতনতায় নির্বাহী অফিসারের প্রচারাভিযান

0

কলারোয়া প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি পায়ে হেঁটে কলারোয়া বাজারের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন।

এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের হাতে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার বংশ বিস্তারের অন্যতম কারণ হলো অপরিচ্ছন্ন পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি। তাই বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে পারে—এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান তিনি।

এছাড়া তিনি বাজারের বিভিন্ন ময়লা-আবর্জনা নির্দিষ্ট পাত্রে রেখে দেওয়ার নির্দেশনা দেন। যাতে পরিছন্নতাকর্মীরা সহজে সেটি সরিয়ে নিতে পারে। তিনি আরও বলেন, “নিজে সচেতন হই, অন্যকেও ডেঙ্গু সম্পর্কে সচেতন করি। চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকটাই সুরক্ষিত থাকা সম্ভব। এর আগে গত ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া বাজারে অনুরূপ প্রচারাভিযান পরিচালনা করেন।

প্রচারাভিযানে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক জাহিদুল ইসলামসহ স্কাউটস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় ৯ ফল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0

কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া বাজারে রাস্তা দখল করে ফল বিক্রি করার অভিযোগে ৯ ফল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তার পাশের এক দোকানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট জব্দ করে তা বিনষ্ট করা হয়। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কলারোয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দীর্ঘদিন ধরে এসব ফল ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ায় যানজট স্থায়ী রূপ নেয়। তাদের দফায় দফায় পৌর কর্তৃপক্ষ সতর্ক করলেও তারা ভ্রুক্ষেপ করেনি। নির্দেশনা অমান্য করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮(৭) ধারায় ফল ব্যবসায়ী আজমল হোসেনসহ ৯ ফলব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বিএসটিআই-এর অনুমোদনবিহীন মেয়াদোত্তীর্ণ দুই প্যাকেট খোলা বিস্কুট বিনষ্ট করে তা বেত্রবতী নদীতে ফেলে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু মুসা, কলরোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান প্রমুখ।

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

0

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ থেকে: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধ এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলতলা মোড় ও নাজিমগঞ্জ বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পাশাপাশি নিজেদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে ধারাবাহিক ভাবে এগিয়ে নিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করতে হবে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শংকার কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতারুজ্জামান পল্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

দেবহাটায় ১৫৯ বোতল উইনডেক্স সিরাপসহ আটক-১

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৫৯ বোতল উইনডেক্স সিরাপ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী এবং সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দেবহাটার বহেরা বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ১৫৯ বোতল ভারতীয় উইনডেক্স সিরাপসহ মাদক ব্যবসায়ী নুর ইসলামকে (২৭) গ্রেপ্তার করা হয়।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। এছাড়া অপর এক অভিযানে একই তারিখ রাত সোয়া ১২ টার দিকে দেবহাটা থানা এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামী রফিকুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়। সে দেবহাটার বেজোরআটি গ্রামের মুছা গাজীর ছেলে।

অভিযানগুলো পরিচালনা করেন দেবহাটা থানার এসআই সোহাগ মিয়া, এসআই বেলায়েত হোসেন, এসআই সাহিদুর রহমান, এসআই আহম্মদ আলী, পিএসআই বিপ্লব মালাকার, এএসআই সাগর আলী, এএসআই আকিজুর রহমান ও এএসআই সাগর শেখসহ সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঝাউডাঙ্গায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক- ১

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ঝাউডাঙ্গার গোবিন্দকাটি গ্রামে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে গোবিন্দকাটি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত রফিকুল ইসলাম গোবিন্দকাটি গ্রামের আনিসুদ্দিনের ছেলে। ‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী ৮ বছর বয়সী ওই শিশুকে কৌশলে একটি কুলবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রফিকুল ইসলাম। সেখানে শিশুটির মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। ‎ঘটনার সময় অভিযুক্তের স্ত্রী বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে গ্রামবাসীর সহযোগিতায় অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাতক্ষীরার দুই কলেজে কেউ পাস করেনি: জেলায় পাসের হার ৪৩.৪৫ শতাংশ

0

নিজস্ব প্রতিবেদক: এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কলেজ দুটি হলো সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজ।

এদিকে জেলায় এ বছর পরীক্ষায় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা জেলার ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৬ জন। জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮৭৯ জন। অর্থাৎ পাসের সংখ্যায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

ফলাফল বিবরণী অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। অন্যদিকে, শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হননি।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

0

লিটন ঘোষ বাপী, দেবহাটা থেকে: ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেবহাটা গড়ার প্রত্যয়ে ধারাবাহিক কর্মসূচির অষ্টম দিনের মতো দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা গাজীরহাট বাজার ও মৎস্য আড়ৎ এলাকায় অনুষ্ঠিত হয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের টিম একটি মানবিক পরিবারের সদস্যবৃন্দ। অভিযান চলাকালে বাজার এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং মৎস্য আড়তের ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সুন্দরবনকে দস্যুমুক্তের দাবিতে রমজাননগরে মানববন্ধন

0

আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১শে অক্টোবর) সকাল ১১টায় ভেটখালী ও কৈখালী মাদার নদীর ব্রিজের উপর এ মানববন্ধনে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়েও জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

বক্তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা। আয়োজক কমিটির পক্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক এবং চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন।

 

বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন। জেলেদের পক্ষে বক্তব্য রাখেন বাঘের সঙ্গে লড়াই করা বা বাঘের মুখ থেকে জেলেদের উদ্ধার করা আব্দুল গণি ওরফে ‘টাইগার গণি’ এবং শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

 

তাঁদের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাংবাদিক আক্তার হোসেন।

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপ্রস্তাব

0

# গর্ভবতী ছাগল পিটিয়ে হত্যার, থানায় লিখিত অভিযোগ

# নারীকে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা এলাকার খানপুর ও ইছাকুড় গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কুপ্রস্তাব, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই সঙ্গে ওই নারীর পালিত গর্ভবতী ছাগল পিটিয়ে হত্যারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ইছাকুড় গ্রামের মোছা. ফাতিমা খাতুন (২৭) ছাগল ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত মনির হোসেনের জমিতে কৃষিকাজ করে পাওনা টাকা চাইতে গেলে তিনি টাকা পরিশোধ না করে ফাতিমাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় এবং পাওনা টাকা চাওয়ায় তাঁকে নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

 

অভিযোগে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ফাতিমার পালিত একটি কালো রঙের গর্ভবতী ছাগল অভিযুক্তের বাড়ির আঙিনায় প্রবেশ করে। এ সময় মনির হোসেন ছাগলটিকে ধরে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। ফাতিমার দাবি, ছাগলটির পেটে প্রায় পাঁচ মাস বয়সী দুটি বাচ্চা ছিল। ছাগল ও গর্ভস্থ দুটি বাচ্চা মারা যাওয়ায় তাঁর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

 

অভিযোগে উল্লেখ করা হয়, ছাগলের চিৎকার শুনে ফাতিমা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ছাগলটি পেটাতে দেখেন। এ সময় তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর, প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি এছাড়া বিষয়টি নিয়ে কোথাও অভিযোগ করলে তাঁকে ও তাঁর পরিবারকে এলাকায় শান্তিতে বসবাস করতে দেওয়া হবে না এবং পরিবারের নারী সদস্যদের সম্মানহানির ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। ঘটনার সাক্ষী হিসেবে মোছা. জাহানারা বেগম (৪৯), স্বামী মো. মাহাবুব সরদারের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আরও কয়েকজন বিষয়টি জানেন বলে দাবি করেছেন অভিযোগকারী।  এ ঘটনায় মোছা. ফাতিমা খাতুন শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়ে ছাগল ও গর্ভস্থ বাচ্চাগুলোর ক্ষতিপূরণ আদায়সহ অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এদিকে স্থানীয়দের দাবি, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. মনির হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্যামনগরে মাহমুদ গাইনের ছেলে শাওনের ইন্তেকাল

0

জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ভূরুলিয়া গ্রামের বাসিন্দা মাহমুদ গাইনের সেজো ছেলে মো. জুলিয়াস মেহেদী শাওন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। শনিবার (৩১ অক্টোবর) রাত ২টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, দুই ভাই, এক বোন, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

শনিবার দুপুর আড়াই টায় জোহরের নামাজের পর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় আলেম-ওলামা, সাবেক ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

 

এ সময় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের মেজো ছেলে আবু সাদাত সান্তনু তাঁর সেজো ভাইয়ের অকাল মৃত্যুতে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।