নিজস্ব প্রতিবেদক: আমি ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একই সাথে আমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ২০১৭ সালে মালয়েশিয়া ও ভারত সফরের সুযোগ পেয়েছিলাম। আমার ইউনিয়নের বেশীরভাগ মানুষ আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার সাথেই রয়েছেন। অথচ আমাকে ভূমিদস্যু হিসাবে আখ্যায়িত করে আমার অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছে একটি মহল। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আতাউর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল ইসলাম, স্বপন মৃধা, আবুল কাশেম, মো.আহসানউল্লাহ, আব্দুল গফুর ও হেদায়েতুল ইসলাম ছাড়াও যুবলীগ নেতা শফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা তপন কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন গাজী ও মোঃ ওয়ালিউল্লাহ এবং যুবলীগের সাজিব বিল্লাহ।
সাংবাদিকসম্মেলনে তিনি বলেন, পদ্মপুকুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত একটি গ্রামের নাম ঝাঁপা। এখানে শতকরা ৯৫ ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। ২০০৯ সাল থেকে কয়েকটি মুসলিম পরিবার এখানে বসবাস করে। তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে। তিনি উল্লেখ করেন এই গ্রামের জনৈক শহিদুল ইসলাম, হযরত আলী, আবু ঈসা ও রফিকুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের জমিতে ঘর তৈরী করে বসবাস করছে। তাদের বিরুদ্ধে তপন মেম্বার সহ অনেকের মৎস্য ঘেরে মাছ চুরির অভিযোগ ওঠে। এ ব্যাপারে থানায় একটি জিডিও করা হয়। সাংবাদিকসম্মেলনে তিনি আরও বলেন, গত ৫ জুলাই সাবেক ইউপি সদস্য তপন কুমার মন্ডলের ঘেরে মাছ চুরির প্রতিবাদ করায় শহিদুল, ঈসা, নাইম ও শামিম সহ মহিলারা ঘেরের ম্যানেজার ও তপন মেম্বরের স্ত্রী সহ কয়েকজনকে মারধর করে। এ নিয়ে শ্যামনগর থানায় একটি মামলাও হয়।
সাংবাদিকসম্মেলনে ইউপি চেয়ারম্যান বলেন, শান্তি বজায় রাখার স্বার্থে আমি সেখানে গ্রাম পুলিশ নিয়োগ করি। মারপিট করার কারনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শ্যামনগর থানার কয়েকজন পুলিশ সদস্য সেখানে সার্বক্ষনিক পাহারায় থাকেন। আমি চেয়ারম্যান হিসাবে নিরপেক্ষ থেকে এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছি। অথচ একটি কুচক্রী মহল গত ২২ জুলাই আমাকে এবং যুবলীগ সভাপতি শফিকুল ইসলামকে জড়িয়ে তাদের বাড়িঘর ভাঙা ও মৎস্য ঘের দখলের মিথ্যা গল্প তৈরী করে সাংবাদিকসম্মেলন করে আমাকে ভূমিদস্যু আখ্যা দিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে কাউকে উচ্ছেদ করা নয়, শান্তি রক্ষার স্বার্থে আমি আমার পরিষদের লোকজন এবং দলীয় লোকজন একযোগে কাজ করছি। তিনি প্রতিপক্ষের লোকজনের অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান।
পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর এর সাংবাদিক সম্মেলন
রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিশেষ অনুদান এবং ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হদরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘‘জননেত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগ নিয়েছেন যেন দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সমাজের হতদরিদ্র ও অসুস্থ্য মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। এজন্য সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, অধ্যাপক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর-রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হদরোগে আক্রান্ত ২শ’৫৩ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক এবং ব্যক্তি অনুদানে ১শ’২ জন ব্যক্তির প্রত্যেককে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার মিজানুর রহমান।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুরকে সংবর্ধনা
ফিরোজ হোসেন: ২শ’৬২ বছরের কারাবিধি সংস্কারের অনন্য ভূমিকার জন্য সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুল ইসলাম, যুগ্ম দায়রা জজ মোখলেছুর রহমান, যুগ্ম দায়রা জজ ফারুক ইকবাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল, ইয়াসমিন নাহার, রাজিব রায় চৌধুরী সহ সহকারী জজ ও আইনজীবীবৃন্দ। এসময় বক্তারা বলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ ২শ’ ৬২ বছরের কারাবিধি সংস্কারের অনন্য ভূমিকা রেখে প্রিয় মানুষ হিসেবে পরিচয় লাভ করেছে। বিচার বিভাগকে এগিয়ে নিতে তিনি আগামীতে আরও ভূমিকা রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন।
পাইকগাছায় ছাত্রকে মারপিট, শিক্ষক আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় হাফিজিয়া মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে তার ছাত্রকে বেত্রাঘাত ও পা দিয়ে পাড়ানোর অভিযোগ পাওয়াগেছে। এঘটনায় থানায় মামলা হলে পুলিশ ঐ শিক্ষককে আটক করেছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী আহত শিক্ষার্থীকে দেখে এ ঘটনায় অপরাধীদের আইনের আওতায় নেয়ার দাবি জানান।
জানা যায়, উপজেলার বৃত্তি গোপালপুর গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নান বিশ্বাসের পুত্র মেহেদী হাসান (১২) পুরাইকাটি জামে মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদরাসার ছাত্র। গত রবিবার ভোরে আরবি পড়া না পারায় শিক্ষক শরিফুল ইসলাম কাগজী বেত দিয়ে তার বুকে, পিঠে, পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আঘাত সইতে না পেওে মেহেদী ঢলে পড়ে গেলে, শিক্ষক শরিফুল কাগজী মেহেদীকে লাথি মেরে ও পা দিয়ে মাড়িয়ে গুরুতর জখম করে। মেহেদীর বাড়ীর লোকজন ঘটনা জানতে পেরে আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী সোমবার বিকালে হাসপাতালে মেহেদী হাসানকে দেখতে যায়। মেহেদী হাসানের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গে আঘাতের চিহ্ন দেখে বলেন, উক্ত শিক্ষককে এ ঘটনায় আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।
আহত মেহেদীর পিতা ভ্যান চালক আব্দুল মান্নান কাঁদতে কাঁদতে বলেন, আমি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। ছেলের চিকিৎসার টাকা পাব কোথায় ? প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ মাদরাসা শিক্ষককে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে বলে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান।
শ্যামনগরে ২৩ হাজার জেলের মাঝে চাল বিতরণ
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কার্ডধারী ২৩ হাজার জেলের মাঝে প্রত্যেককে ৪৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এ চাল বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ আকবর কবীর, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমূখ। মৎস্য অফিসার জানান, দুই মাস মাছের প্রজনন মৌসুম হওয়ায় জেলেদের সাগরে মাছ ধরা বন্ধ ঘোষনা করে সরকার। এ কারনে কার্ডধারী প্রত্যেক জেলে পরিবারকে ভিজিএফ’র আওতায় ৪৬ কেজি করে চাল বিতরন করা হয়েছে। এ উপজেলার ১২ টি ইউনিয়নে ২৩ হাজার ১৭৮ জেলে এ চাল পাবে।
শ্যামনগরে ট্রলি উল্টে চালক নিহত
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বালি ভর্তি ট্রলি উল্টে চালক শফিকুল ইসলাম মহাজন (৩০) নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রমজাননগর ইউনিয়নে পাতড়াখোলা গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে রশিদ মহাজনের ছেলে। এসময় নিহতের সহযোগী মুজাহিদ গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আহত মুজাহিদ জানায়, ভেটখালী থেকে ট্রলিতে বালি ভর্তি করে দ্রুতগতিতে পাতড়াখোলায় আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে সেটি উল্টে গুরুতর আহত হয় শফিকুল। তড়িঘড়ি উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রাশেদুল ইসলাম রিমাম তাকে মৃত ঘোষনা করে।
সাতক্ষীরায় বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ফারুক, উত্তম, মহিদ, হযরত, নুরজাহান, আবুল, দেবাশীষ সহ আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহীবগুড়া-জ ০৪-০০৬৫ নং একটি বাস কালিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে ইটাগাছা হাটের মোড়ে যাত্রীর জন্য দাাঁড়ায়। এ সময় বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা-ট ১১-০২২০ নং একটি দ্রুতগামী ট্রাক যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুজচে যায় বাস ও ট্রাকটি। বাসের মধ্যে থাকা কমপক্ষে ২০ যাত্রী এতে আহত হয়। গুরুতর আহত হন দুই যাত্রী। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যে আটকা পড়ে ট্রাক চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিছু অংশ কেটে ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে -এমপি রবি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় শিক্ষাউপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী শিক্ষা উপ বৃত্তির চেক বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে মোবাইলের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশের সেবা এখন মানুষের দোর গোড়ায়। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে থাকা অনগ্রসর জাতিকে এগিয়ে নিতে ব্যাপক সহায়তা প্রদান করছে। আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ্য থেকে এভাবে দেশের সেবা করে যেতে পারে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান প্রমুখ। সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরে প্রাথমিক স্তর, মাাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর ও উচ্চতর স্তরে সর্বমোট ৩০৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ১০৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক এবং বিশেষ ভাতাভোগীর (দলিত, হরিজন, বেদে) অনুকূলে ৭২ টি চেক প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসিিফকুর রহমান মিল্টন, খুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান।
গুজবে বিপর্যয়
দেশের সার্বিক পরিস্থিতিতে একটি চক্র দেশ-বিদেশের মাটিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানান গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে করে নিরাপরাধ ও নিরীহ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। এটা নি:সন্দেহে উদ্বিগ্নের বিষয় হয়ে দাড়িয়েছে। দেশের প্রশাসন সতর্ক অবস্থায় থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ক্রমশ গুজব ছড়ানো কমে যাচ্ছে।
বেশ কিছুদিন ধরে পদ্মা সেতু নিয়ে যে বিপজ্জনক গুজব ছড়িয়ে পড়ে তাতে অনেক অসহায়, নিরীহ ব্যক্তি শুধু নির্যাতনই নয়, খুনের মতো ভয়ঙ্কর বিপর্যয়েরও শিকার হয়। পদ্মা সেতু তৈরির শেষ পর্যায়ে মানুষের মাথা লাগবে এমন রটনা ছড়িয়ে পড়লে দেশজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক। বিশেষ করে ছোট ছোট বাচ্চার বেলায় এমন গুজব মায়েদের যেভাবে ভীতসন্ত্রস্ত পর্যায়ে নিয়ে যায় তা সংবাদমাধ্যমেও উঠে আসে। ফলে মানুষের প্রতি বিশ্বাস নামক ব্যাপারটি আজ প্রশ্নবিদ্ধ। যে কারণে কারোর মধ্যে কথাবার্তায় সামান্য অসঙ্গতি পাওয়া গেলেই তাকে ছেলেধরা অপবাদ দিয়ে গণপিটুনিতে নাজেহাল ও ক্ষতবিক্ষত করাই শুধু নয়, একেবারে প্রাণে মেরে ফেলার মতো অঘটনও ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে এমন হত্যাকান্ড ফৌজদারি অপরাধ।
গত শনিবার রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তসলিমা বেগম নামের এক নারী মেয়ের ভর্তির ব্যাপারে জানতে গেলে তাকে ছেলেধরা বলে সন্দেহ করা হয়। সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে তাকে নির্যাতন করে কয়েক ব্যক্তি। ভদ্রমহিলার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হলেও তিনি শেষ অবধি রেহাই পাননি। অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেও নির্যাতন বন্ধ হয়নি। লাঠির পিটুনিতে তিনি শেষ অবধি খুন হন।
এছাড়াও ছেলেধরা সন্দেহে ঢাকার কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই যুবককে পিটিয়ে হত্যা করে আশপাশের কয়েকজন। দেশের বিভিন্ন স্থান থেকেও এমন দুর্ঘটনার খবর সংবাদমাধ্যমের খোরাক হয়েছে। ছেলেধরা সন্দেহে নিরীহ ও নিরপরাধ ব্যক্তিকে কোন সত্যতা যাচাই ছাড়াই মারধর করা আইনকানুনের প্রতি চরম অবজ্ঞাই নির্দেশ করে। পুলিশ বলছে অকারণে গুজব রটনা এবং নিরপরাধীকে নির্মমভাবে হত্যা করা আইন ও বিধি পরিপন্থী। সংঘটিত নির্যাতন ও হত্যাকান্ডের ব্যাপারে পুলিশী তদন্ত চলছে। অপরাধী শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে। একাধিক গ্রেফতারের খবরও আছে।
এ পর্যন্ত যাদের ওপর অত্যাচার চালানো কিংবা নিপীড়নের মাধ্যমে হত্যা করা হয় তাদের অপরাধী বলে শনাক্ত করা যায়নি। ভুক্তভোগীদের মধ্যে চারজনই মানসিক প্রতিবন্ধী। পদ্মা সেতুর কারণে গলাকাটা মাথা লাগবে এমন গুজবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছে। নিছক সন্দেহের বশে এমন সব নিরীহ ও অসহায় মানুষের ওপর অমানবিক নৃংশসতা কোনভাবেই কাম্য নয়। অপরাধের শাস্তি দেয়ার আগেই অপরাধীর কর্মবিধি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা নিয়ম। অন্যায় এবং জবরদস্তির মনোবিকৃতি নিয়ে অন্যের ওপর পাশবিক হামলা আইন ও বিধি মোতাবেক মোটেও কাম্য নয়। যথার্থ অপরাধী শনাক্ত না করা পর্যন্ত কাউকেই আটক কিংবা হত্যার পর্যায়ে নেয়া আইনশৃঙ্খলার পরিপন্থী। আর যিনি এমন অনৈতিক, অসঙ্গত কাজ করবেন তিনিও শাস্তির হাত থেকে রেহাই পাবেন না।
——————
হাবিবুর রহমান
সম্পাদক ও প্রকাশক
দৈনিক সাতনদী
গুজব ছড়ালে তাদের ছাড় নয় : আইজিপি
সাতনদী ডেস্ক : যে কোন ধরনের গুজব ছড়ালে কোন প্রকার ছাড় দেওয়া হবে না মর্মে কঠিন হুশিয়ারী উচ্চারন করেছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।
চলমান গুজব ও গণপিটুনির ঘটনা রোধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সচেতনতা সপ্তাহ ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই ঘোষণা দেন।
গুজব সম্পর্কে তিনি বলেন, এর আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে ব্যর্থ হয়ে, আন্দোলনে ব্যর্থ হয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়িয়েছে। এটা দেশ ও দেশের বাইরে থেকে করা হয়েছে। কারণ এর মাধ্যমে উস্কে দিয়ে আড়ালে থাকা যায়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা গুজব ছড়াচ্ছে তাদের কোনো ছাড় নয়। যেই হোক আইনের আওতায় নেওয়া হবে এবং সেটা শুরু হয়েছে।
গণপিটুনিতে কেউ মারা গেলে হত্যা মামলার আসামি হতে হবে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নিশ্চয় কেউ হত্যা মামলার আসামি হতে চাইবে না। কোনো সন্দেহ হলে ৯৯৯ এ ফোন দিতে হবে।
আইজিপি বলেন, ছেলেধরা গুজব ছড়িয়ে এ পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। তাদের কেউ ছেলেধরা ছিলেন না।
সারাদেশ থেকে ৩১ মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের অনেকই সরকারবিরোধী।
পুলিশ প্রধান বলেন, গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিংক ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। এই সমস্ত ফেসবুক লিংক ও ইউটিউব লিংক এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল।
