আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও একটি সংরক্ষিত মহিলা আসনে এবং দরগাহপুর ইউনিয়ন পরিষদে একটি সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ (২৫ জুলাই, বৃহস্পতিবার)। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল মালামাল বুধবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে ভোট কেন্দ্রে পৌছে গেছে।
কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের মৃত্যুতে আসনটি শূণ্য হয় এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ড (কুল্যা) এর মহিলা মেম্বার হেনা গাজী পদত্যাগ করায় এটিও শূণ্য ঘোষণা করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুল্যা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৫১৩ জন। সংরক্ষিত আসনে ভোটার সংখ্যা ৬ হাজার ৮১৭টি। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আব্দুল বাছেত চৌধুরী (হারুন চৌধুরী), প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী চশমা প্রতীক নিয়ে লড়ছেন জাহিদা ইসলাম পুতুল, মটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ইউপি সদস্য আলহাজ¦ আঃ মাজেদ গাজী ও আনারস প্রতীক নিয়ে লড়ছেন চেয়ারম্যানের ভাইপো ওমর সাকি ফেরদৌস পলাশ। সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, নবিজান খাতুন (বক প্রতীক), পারভিন সুলতানা (বই), মোছাঃ খালেদা বেগম (সূর্যমুখী ফুল), মোছাঃ ছবেদা বেগম (কলম) ও মোছাঃ সালমা খাতুন (মাইক প্রতীক)। দরগাহপুর ইউনিয়নের সংরক্ষিত ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়ছেন, মর্জিনা খাতুন (সূর্যমুখীফুল) ও মনোয়ারা বেগম (কলম)। কুল্যা ইউনিয়নে ৯টি ও দরগাহপুরে ৩টি মোট ১২টি ভোট কেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষার জন্য ১২টি কেন্দ্রে ৬০ জন পুলিশ, পিসি ১২, এপিসি ১২, আনসার (পুরুষ) ৭২ ও আনসার (নারী) ৪৮ জন নিযুক্ত করা হয়েছে। এছাড়া এএসপি (দেবহাটা সার্কেল) ইয়াছিন আলি (ইনচার্জ) ও ওসি আশাশুনি মোঃ আব্দুস সালাম (সহকারী ইনচার্জ) এর নেতৃত্বে দু’টি স্টিয়ারিং টীম এবং ৪টি মোবাইল টীম দায়িত্ব পালন করবেন। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে দু’জন সহকারী কমিশনার (বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সমন্বয়ে টীম দরগাহপুরে আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করবেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিকুর রহমানের নেতৃত্বে আরও দু’জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে একটি টীম কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের নেতৃত্বে অপর একটি টীম ১নং সংরক্ষিত ওয়ার্ডে উপ নির্বাচনে আইন শৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন। অপরদিকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত আছেন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের পৃথক টীম, বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের টীম ও সংবাদকর্মী নির্বাচনের কমিশনের বিশেষ অনুমতি সাপেক্ষে এলাকায় রয়েছেন।
আশাশুনির কুল্যা ও দরগাহপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আজ
বাবুই পাখির আবাসস্থল রক্ষায় জেলা প্রশাসক বরাবর আবেদন
দেবহাটা ব্যুরো: দেবহাটায় বিপন্ন প্রজাতির বাবুই পাখির আবাসস্থল রক্ষায় সতর্কীকরন সাইনবোর্ড স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবীতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। সম্প্রতি উপজেলার রতেœশ্বরপুর গ্রামের কামারুজ্জামান নামক এক পাখি প্রেমিক সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তৎক্ষনিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। কামারুজ্জামান তার লিখিত আবেদনে জানিয়েছেন, শিল্পী পাখি বা কারিগর পাখি হিসেবে সুপরিচিত বাবুই পাখি এখন বিলুপ্তির পথে। তাছাড়া বাবুই পাখির আবাসস্থল এলকায় মানুষের অপ্রীতিকর কর্মকান্ড বাবুই পাখিকে আরো বিপন্ন ও তাদের অস্তীত্বকে হুমকির মুখে ফেলছে। পাশাপাশি দেবহাটার ঘলঘলিয়া রহিমপুর এলাকার বিলে যেসকল তালগাছে বাবুই পাখি বাসা বাধে সেই গাছ গুলোর পাতা পাখির বাচ্চা জন্মানোর পর ঝুড়ে কেটে ফেলা হয়। প্রতিবছর এঘটনায় বহু বিলুপ্ত প্রায় বাবুই পাখির বাচ্চা মারা যায়। পাশাপাশি বাবুই পাখিও তাদের বাসা হারিয়ে অন্যত্র চলে যায়। তাই অন্তত বাবুই পাখির প্রজনন মৌসুমে অর্থাৎ ১লা মার্চ থেকে ১৫ জুলাই পর্যন্ত এসকল বাবুই পাখির আবাসস্থলের গাছ বা পাতা কাটা বন্ধ সহ জনসচেতনতা বৃদ্ধিতে সতর্কীকরন সাইনবোর্ড স্থাপনের দাবীও জানানো হয়েছে আবেদনটিতে।
দেবহাটা উপজেলা ভুমি কমিটির ত্রৈমাসিক সভা
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা ভুমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় পারুলিয়াস্থ উত্তরন সীমান্ত কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা ভুমি কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ভুমি কমিটির সাধারন সম্পাদক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রকল্প সহকারী সমন্বয়কারী এ্যড মনিরউদ্দীন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আবুল ফজল, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, উত্তরন দেবহাটা শাখা ম্যানেজার শফিকুল ইসলাম, ভুমি কমিটির উপদেষ্ঠা মোস্তাক আলী, কৃষক প্রতিনিধি ফয়জুল ইসলাম, আফসার আলী মাষ্টার, হাবিবুর রহমান সহ উপজেলা ভুমি কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ভুমি কমিটির আগামীর কর্মপরিকল্পনা সহ ভুমিহীন নেত্রী জায়েদার মৃত্যু বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ছেলেধরা ঘটনা গুজব, কেউ আইন হাতে তুলে নিবেন না – ওসি বিপ্লব সাহা
মোমিনুর রহমান,দেবহাটা: দেশব্যাপী ছেলেধরার ঘটনার নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা একটি পরিকল্পিত নিছক গুজব বলে নিশ্চিত করে গনপিটুনি বা অন্য কোন অপ্রীতিকর ঘটনার মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য দেবহাটার সাধারন মানুষের প্রতি আহবান জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বুধবার উপজেলার পারুলিয়া, কুলিয়া, সখিপুর, গাজীরহাট, দেবহাটা সহ জনবহুল এলাকা সমুহে সাধারন মানুষের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান তিনি। মতবিনিময়কালে তিনি আরো বলেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করে তুলতে পরিকল্পিত ভাবে ছেলেধরার গুজব রটিয়েছে। প্রকৃতপক্ষে এপর্যন্ত কোথাও কোন ছেলেধরার ঘটনার সত্যতা পায়নি পুলিশ। কিন্তু ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ছড়ানো ছেলেধরা গুজবের ফলে গনপিটুনিতে অনেক নীরিহ মানুষের প্রানহানি ঘটেছে। সংঘটিত এসব গনপিটুনি কিংবা অপ্রীতিকর ঘটনা আইনত দন্ডনীয় ফৌজদারী অপরাধ। এধরনের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাই আইনকে নিজের হাতে তুলে না নিয়ে যদি কোন ব্যাক্তিকে সন্দেহ হয় তাহলে তাৎক্ষনিকভাবে থানা পুলিশকে খবর দিয়ে সন্দেহভাজন ব্যাক্তিকে আইনের হাতে তুলে দেয়ার জন্যও সকলের প্রতি আহবান জানান ওসি। মতবিনিময় কালে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার প্রদীপ রায়, এসআই মুনিরুল ইসলাম, এসআই হেকমত আলী, এসআই লিটন, এসআই জসীম উদ্দীন, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই রোকন খান, এএসআই দরবেশ ফকির, এএসআই জোবায়ের হোসেন সহ দেবহাটা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তালায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্লাজ বর্জন
নজরুল ইসলাম, তালা:তালা উপজেলার শুভাষিনী ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন বাপ্পী এবং তেঁতুলিয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্লাজ বর্জন এর ঘটনা ঘটেছে। বুধবার শুভাষিনী কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা “ইভটিজিং মুক্ত কলেজ ক্যাম্পাস চাই, কলেজ ছাত্রলীগ সভাপতি বাপ্পীর বর্হিস্কার চাই এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফয়সালের দৃষ্টানতমূলক শাস্তি চাই শ্লো গানে কলেজ ক্যাম্পাস মুখরিত করে তোলে। এসময় কলেজ শিক্ষকরা তাদের দাবীর প্রেক্ষিতে কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বাপ্পীকে সাময়িক বর্হিস্কার ঘোষনা করেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে কলেজ গভার্ণিং বডির মিটিং করে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারপর কলেজ ক্যাম্পাস শান্ত হয়।
কলেজ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, প্রথম বর্ষের ছাত্র মনিরুল ইসলাম, ২য় বর্ষের ছাত্র হাদিউজ্জামান, মাসুম হোসেন, ছাত্রী সুমাইয়া খাতুন, ডিগ্র দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা পিয়াস। এসময় শিক্ষদের পক্ষে প্রভাষক কামরুল ইসলাম, সহকারী প্রভাষক প্রণব কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ইমরান হোসেন বাপ্পী কলেজ ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার অপকর্মে কলেজ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাসহ এলাকার মানুষ অতিষ্ঠ্য হয়ে উঠেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজী, নারী কেলেঙ্কারী ও মারপিঠের অসংখ্য অভিযোগ রয়েছে। বাপ্পীর অপকর্মে অতীতে কয়েকবার শালিশ হয়েছে এবং ক্ষমা চেয়ে পার পেয়ে গেছে। কলেজ ছাত্রলীগের সভাপতি হওয়ায় দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে। সম্পতি সে তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সালকে নিয়ে শনিবার (২১ জুলাই ) সকালে কলেজে প্রবেশ করে এবং শহীদ মিনার চত্ত্বরে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর নিকট পানি খাইতে চাইলে সে পানি দিতে গেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল তার গায়ের উড়না টেনে নিয়ে অসৌজন্য মূলক আচরন করে এসময় কলেজ শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে তোপারে মুখে টিকতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর বাপ্পী এবং ফয়সাল কলেজ শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যহত রেখেছে বলে বক্তারা জানিয়েছেন।
এসময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচী ও দাবীর মুখে পরিস্থিতি শান্ত করার লক্ষে বাপ্পী ও ফয়সালের এহেনও অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এম মকবুল হোসেন, ছাত্রলীগের সাবেক কলেজ শাখার সভাপতি আক্তারুজ্জামান বিপ্লাব প্রমুখ নেতৃবৃন্দ।
তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী জানান, বিষয়টি আমি শুনেছি। এব্যাপারে দ্রুত তদন্ত করা হবে এবং তদন্তে বাপ্পী ও ফয়সাল দোষী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
শুভাষিনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম জানান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের দাবী যৌক্তিক। বাপ্পী অতীতে এর থেকেও মারাত্মক অপকর্ম করেছে যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কলেজ সভাপতির উপস্থিতিতে শালিশের মাধ্য ক্ষমা চেয়ে নেয়। কিন্তু তার পরেও সে শুধরায়নি বরং আরও বেপরোয়া হয়ে উঠেছে। বাপ্পীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ কমিটি গঠন করে সাতদিনের মধ্য তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে
কলারোয়ায় ফেনসিডিলসহ দুই নারী আটক
কামরুল হাসান, কলারোয়া: কলারোয়ায় ফেনসিডিল পাচারকালে থানা পুলিশের হাতে আটক হয়েছে মাদক পাচারকারী দলের দুই নারী সদস্য। ঘটনাটি ঘটেছে-বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার কাজিরহাট বাসষ্টান্ডে। থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল জানান-গোপন সংবাদের ভিত্তিতে তিনি ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় যশোরের শার্শা উপজেলার জিরনগাছা গ্রামের মৃত বজলে মোড়লের মেয়ে রহিমা খাতুন (৬০) ও একই উপজেলার দাদপুর গ্রামের জব্বার মোড়লের মেয়ে ছকিনা বেগম (৫৫) কে আটক করা হয়। সকলের উপস্থিতিতে ওই দুজনের কাছ থেকে ২৩ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আটককৃতদের বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাচা ও চেয়ারম্যানের বিরুদ্ধে নারী আইনজীবীর সাংবাদিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সামান্য জমির জন্য একজন চাচা কিভাবে তার আপন ভাতিজির চরিত্রে কলংক লেপন করতে পারেন এই প্রশ্ন তুলেছেন একজন শিক্ষানবিশ নারী আইনজীবী। একই সাথে একজন ইউপি চেয়ারম্যান কোন কান্ডজ্ঞানে একজন নারী সম্পর্কে আপত্তিকর ভাষার সাথে একমত হয়ে সুপারিশ করতে পারেন । আর এসব নিয়ে সাংবাদিক সম্মেলন করে বাহবা পাবার আশায় মেতে উঠেছেন ওই চাচা ও তার সহযোগীরা। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরার কলারোয়ার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আবুল কাসেম ওরফে রন্টুর মেয়ে শিক্ষানবিশ আইনজীবী সাবিনা ইয়াসমিন পলি। তিনি বলেন তারা যে ভাষা ব্যবহার করে তার চরিত্র হনেেনর চেষ্টা করেছে তাতে আমার কাছে মৃত্যুই শ্রেয়।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমার স্বামী যশোরের শালকোনা গ্রামের আল মামুন আমার অমতে দ্বিতীয় বিয়ে করায় তার সাথে আমার বৈবাহিক বিচ্ছেদ ঘটে। সেই থেকে আমি বাবার বাড়িতে চলে আসি দুই সন্তানকে নিয়ে। আমি বার কাউন্সিলের পরিক্ষার প্রস্তুতির পাশাপাশি এলাকার দরিদ্র মানুষের সহায়তায় কাজ করতে থাকি। তিনি বলেন ভাংড়ি কুড়ানোর পেশায় নিয়োজিত মহব্বত থানের ছেলে মিজানুর রহমানের জমি কয়লা ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন ও তার ঘনিষ্ঠজন নুরুল ইসলামের সহযোগী অজিয়ার শেখের ছেলে অহিদুজ্জামান বাচ্চু দখল করার চেষ্টা করে। তারা দরিদ্র মিজানকে মারপিটও করে। মিজানকে আমি আদালতের শরণাপন্ন হবার পরামর্শ দিলে চেয়ারম্যান ইমরান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
সাংবাদিক সম্মেলনে পলি আরও বলেন তার চাচা আবু হোসেন খান মন্টু ৩০ বছর বাইরে থেকে ব্যাংকিং চাকুরি শেষে বাড়ি ফিরে নিজের জমিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারপিট করে চাচা আবুল হাসান খান পিন্টু। আমি নিজে মন্টু চাচার পক্ষ নেওয়ায় ফের ক্ষিপ্ত হয় পিন্টু চাচা ও তার ছেলে আরিফ খান, বাবু খান ও সাঈদ খান। এই দুটি বিষয়ে এবং আমার স্বামীর সাথে বিচ্ছেদের কারনে চেয়ারম্যান ইমরান, মোশতাক খান, আক্তার খান, আরিফ খান, ইয়ান খান, আজিম খান, টুটুল খান প্রায়ই আমাকে উত্ত্যক্ত করতো। তারা আমাকে কুপ্রস্তাব দিলে আমি তা ঘৃণাভরে প্রত্যখ্যান করি। তাদের হীন মানসিকতার প্রতিবাদ করি। পিন্টু চাচা,তার ছেলেরা ও চোরাকারবারি নুরুল একজোট হয়ে আমার চরিত্র নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ন কথাবার্তা রটাতে থাকে। এ নিয়ে পলি কলারোয়া থানায় একটি সাধারন ডায়েরি করেছেন বলে জানান।
সাংবাদিক সম্মেলনে পলি বলেন আমি একজন নারী। একজন নারী হিসাবে যেটুকু সম্মান পাবার যোগ্য তা আমি পেতেই পারি। আমি কোনো অন্যায্য কাজ করে থাকলে তার প্রতিবাদ হতেই পারে। কিন্তু তাই বলে আমার নামে কলংক রটিয়ে সাংবাদিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় করার অধিকার কারও নেই। অথচ সেই কাজটিই করেছেন আমার চাচা আবুল হাসান খান পিন্টু , তার ছেলেরা ও তার সহযোগীরা। তারা জেলা প্রশাসকের কাছে গনশুনানীর জন্য একটি আবেদন দিয়েছেন। এই আবেদনে অসত্য বানোয়াট কল্পিত এবং মানহানিকর বিশেষ করে একজন নারীর চরিত্র হননের মতো অনাকাংখিত কথা লেখা হয়েছে। আর তাতে সুপারিশ ও সিল মেরে সই করে সম্মতি দিয়েছেন কয়লা ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন। সামান্য জমির লোভে তারা একজন নারীকেও অপমান করতে ছাড়েনি বলে উল্লেখ করেন তিনি। তিনি অভিযোগ করে বলেন আরিফ খান , সাঈদ খান, বাবু খান চিহ্ণিত চোরাকারবারি। আর তাদের গডফাদার নুরুল মানবপাচার মামলার আসামি। একজন নারী সম্পর্কে কোন ভাষা ব্যবহার করা যায় না যায় তা বিবেচনা না করেই তারা আমার ওপর কলংক চাপিয়ে ফায়দা লুটবার চেষ্টা করেছেন। আর তাদের সহায়তা দিয়েছেন ইমরান হোসেন নামের এক চেয়ারম্যান।
সাবিনা ইয়াসমিন পলি এসবের প্রতিকার দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনে তিনি এ ব্যাপারে আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান পলি।
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের হালচাষ
লিটন ঘোষ বাপি: সাতক্ষীরা জেলার প্রায় ৭০ থেকে ৮০ ভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। কৃষিকাজে কামারের তৈরি এক টুকরো লোহার ফাল আর কাঠমিস্ত্রির হাতে তৈরি কাঠের লাঙল, জোয়াল, খিল, শক্ত দড়ি আর নিজেদের বাঁশের তৈরি মই ব্যবহার করে জমি চাষাবাদ করতেন গ্রামঞ্চলের কৃষকরা।কৃষিকাজে ব্যবহৃত এসব স্বল্প মূল্যের কৃষি উপকরণ এবং গরু দিয়ে হালচাষ করে এ অঞ্চলের মানুষ যুগের পর যুগ ধরে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এতে করে একদিকে যেমন পরিবেশ রক্ষা হয়, অন্যদিকে কৃষকের অর্থ ব্যয় কম হয়। ফসলের পাশের কিংবা ঘাসপূর্ণ জমিতে হালচাষের সময় গরু যাতে কোনো খাদ্য খেতে না পারে, সেদিক লক্ষ্য রেখে পাট, বেত, বাঁশের কুঞ্চি অথবা লতাজাতীয় এক ধরণের গাছ দিয়ে তৈরি গোমাই, তুরি (অনেকে ঠুসি নামে চেনেন) গরুর মুখে বেঁধে দেয়া হয়। আর তাড়াতাড়ি হাল চালানোর জন্য ব্যবহার করেন বাঁশের বা শক্ত কোন লাঠি দিয়ে তৈরি পাচুনি (লাঠি)।
এটি খুব বেশি দিনের কথা নয়, কয়েক বছর আগে এসব গরুর হালে লাঙ্গল-জোয়াল আর মই সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামের জমিতে হরহামেশাই দেখা যেত। চাষিদের অনেকে নিজের জমিতে হালচাষ করার পাশাপাশি অন্যের জমি চাষিয়ে পারিশ্রমিক হিসেবে কিছু অর্থও উপার্জন করতেন। তারা হাজারো কর্মব্যস্ততার মধ্যেও কখনো কখনো ফুরফুরে আনন্দে মনের সুখে ভাওয়াইয়া,পলি¬গীতি ও ভাটিয়ালী গান গেয়ে গেয়ে জমিতে চাষ দিতেন। এখন হাতে গোনা দু-একজন কৃষককে পাওয়া যায়। আর চাষ কাজের জন্য হালের গরু ছোট থাকা কালীন পোষ মানাতে বেশ কিছুদিন সময় লাগতো।
ভোররাত থেকে শুরু করে প্রায় দুপুর পর্যন্ত জমিতে হালচাষ করতেন তারা। চাষিরা জমিতে হাল নিয়ে আসার আগে চিড়া-গুড় অথবা মুড়ি-মুড়কি দিয়ে হালকা জল খাবার খেয়ে নিতেন। তবে হুকা ও পাতা বা কাগজের তৈরি বিড়ি খাওয়া তাদের অভ্যাসে পরিণত ছিল বলে মনে করেন অনেকে।
আবার একটানা হট হট, ডাই ডাই, বাঁই বাঁই, বস বস আর উঠ উঠ করে যখন ক্লান্তি আসত, তখন সূর্য প্রায় মাথার উপর খাড়া হয়ে উঠতো। এ সময় চাষিরা সকালের নাস্তার জন্য হালচাষে বিরতি রেখে জমির আইলের ওপর বসতেন। তাদের নাস্তার ধরনটাও ছিল ঐতিহ্যবাহী। এক থালা পান্তা ভাতের সঙ্গে কাঁচা অথবা শুকনো মরিচ, সরিষার খাঁটি তেল আর আলু ভর্তা। এসব তো গেল শুকনা মৌসুমে হালচাষের কথা। বর্ষাকালে কারো জমির চাষাবাদ পিছিয়ে গেলে সবার শেষে হাল চাষিরা নিজে থেকে হাল গরু নিয়ে এসে পিছিয়ে পড়া চাষিদের জমি চাষ দিতেন। হাল চাষিদের সঙ্গে আরো যোগ দিতেন ধানের রোপার চারা লাগার লোকজন। সকলের অংশ গ্রহণে উৎসবমুখর এই কাজটিকে বলা হতো-‘কৃষাণ’। কৃষ্যাণে অংশ নেওয়া কৃষাণদের জন্য জমিওয়ালা গেরস্থরা বড় বড় মোরগ, হাঁস কিংবা খাসি জবাই করে ভোজ করাতেন। কিন্তু আজকাল সময়ের আবর্তে সাতক্ষীরা জেলা থেকে এসব গরুর হাল, কৃষি উপকরণ কাঠের লাঙ্গল, জোয়াল, বাঁশের মই হারিয়ে যেতে বসেছে এবং হাল-কৃষাণ প্রায় বিলুপ্তির পথে।
বিলুপ্তির কারণ, এ যুগে মানুষের অসীম চাহিদা আর অভাবময় জীবনে উন্নয়নের ছোঁয়া দিতে আবির্ভূত হয়েছে দামি দামি যান্ত্রিক হাল যেমন, কলের লাঙল, ট্রাক্টর। সঙ্গে এসেছে ফসলের বীজ বপন-রোপণ, ঝাড়াই-মাড়াই করার যন্ত্র। আর এসব যন্ত্র চালাতে মাত্র দু’একজন লোক প্রয়োজন। ফলে বিত্তবান কৃষকরা ওই যন্ত্র কিনে মজুরের ভূমিকায় কাজ করলেও গ্রামের অধিকাংশ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দিনমজুরের জীবন থেকে ঐ সব ঐতিহ্যময় স্মরণীয় দিন চিরতরে বিলীন হয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম হয়তো জানতেই পারবে না এভাবে অতীতে চাষ-কাজ করা হতো।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালনে সাতক্ষীরায় প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০১৯ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, এডিএম মো. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু প্রমুখ। এউপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়েছে। কর্মসুচীর মধ্যে রয়েছে আগামী ১৫-ই আগস্ট সকাল ০৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, এছাড়াও রয়েছে কোরআনখানি, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতা ও চেক বিতরণসহ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরা উপপরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, ছফুরনন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, এনডিসি দেওয়ান আকরামুল হক, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান।
কলারোয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার জয়নগর গ্রামে শেফালী খাতুন (১৪) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় বদরুন্নেছা গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার (২২জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।জানা গেছে- মেয়েটির মা তাসলিমা খাতুন (৪০) ঘরে ঢুকে দেখতে পান তার মেয়ের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। মায়ের চিৎকার চেঁচামেচিতে মানুষজন জড়ো হয়ে শেফালি খাতুনের লাশ নিচে নামানো হয়। তাৎক্ষণিক সরসকাটি ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির আইসি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা প্রাথমিকভাবে জানা যায়নি।