Home Blog Page 16

শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক: জলদস্যু দমনের দাবি

0

মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরার দৃষ্টিনন্দন এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক কওসার আজিজ।

 

এ সময় সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও শিক্ষাব্যবস্থাসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মতবিনিময় সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম, মাস্টার আবু তালেব সাগর, আমজিয়াদ হোসেন ও ইকবাল হোসেন মন্টু। তাঁরা সুন্দরবনে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, আত্মসমর্পণের পরও পুনরায় ডাকাতিতে জড়িয়ে পড়া এবং জলদস্যু দমনে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সুন্দরবন ও উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। এছাড়া গাবুরার চলমান মেগা প্রকল্পের রাস্তার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ, সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করা এবং প্রকল্পের নকশা ও ডিজাইন জনসমক্ষে প্রকাশের দাবি জানান বক্তারা। প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং নির্মাণকাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

 

সভায় সুপেয় পানি সংরক্ষণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ, ভূমিহীনদের বসতির ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন এলাকার উন্নয়ন ও সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি অসমাপ্ত খাল খনন এবং মেগা প্রকল্পের বিভিন্ন কাজের গুণগত মান নিয়েও আলোচনা হয়।

 

স্থানীয়দের বক্তব্য শোনার পর জেলা প্রশাসক কওসার আজিজ সুন্দরবনে জলদস্যু দমনে সরকারের সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে গাবুরার সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এলাকায় পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

চলমান মেগা প্রকল্পের সড়ক নির্মাণকাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার বিষয়েও আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিল নাটানা গ্রামে ইটের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী নয়-ছয় কাজ দেখিয়ে টাকা আত্মসাতকারী ইউপি সদস্য তপন সরকারের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।

 

২০২৫-২৬ অর্থ বছরে উন্নয়ন সহায়তা তহবিল ২য় কিস্তির বরাদ্দকৃত অর্থে রাস্তাটির সংস্কার কাজ করা হয়। বিল নাটানা হেরিং বন্ড রাস্তা হতে নাটানা কৃষ্ণ মন্দিরগামী ইটের রাস্তা সংস্কারের জন্য ১ লক্ষ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ৮০০ ফুট রাস্তা সংস্কার করা কথা ছিল। ওয়ার্ড কমিটির সভাপতি ইউপি মেম্বার তপন সরকার সংস্কার কাজ করান। কিন্তু কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে এলাকাবাসী অভিযোগ করেন। পূর্ব নাটানার মহাদেব মন্ডল জানান, কাজের সময় রাস্তার সব ইট উঠানো হয়নি। মাত্র ১২০০ ইট দিয়ে কাজ করা হয়েছে। মাঝে মধ্যে রাস্তার পাশের ২/৪টি ইট উঠানো হয়েছে এবং সামান্য বালি দিয়ে ইট সাজিয়ে রাস্তার কাজ করা হয়েছে।

 

২ ট্রলি বালি ব্যবহার করে সংস্কার কাজ করা হয়েছে। স্লোবে সর্বোচ্চ ১ বিঘত মাটি লেপে দিয়ে রাস্তার পাশের কাজ করা হয়েছে। স্থানীয় লোকজন বাধা দিলেও মানা হয়নি। প্রতিবাদের মুখে পরে আরও ২ ট্রলি বালি এনে রাস্তার উপর ছড়িয়ে দেয়া হয়। যেভাবে কাজ করা হয়েছে, যানবাহন বা মাল বোঝাই ছোট যানবাহন চলাচল করলে রাস্তার দ্রুতই নষ্ট হয়ে যাবে বলে তিনি দাবী করেন। শিল্পী মন্ডল জানান, রাস্তার কাজ ভালভাবে করা হয়নি। ৮০০ ফুটের স্থলে ৬০০ ফুট কাজ করা হয়েছে। রাস্তার উপরে পুরনো ঘাস এখনো দেখাযাচ্ছে। সেখানে ইট উঠানো হয়নি। পাশের ২/৪টি ইট তুলে সামান্য বালি ফেলে ইট বসানো হয়েছে। পাশের স্লোবের কাজ যেভাবে করা হয়েছে, ইতিমধ্যে তা ধসে পড়তে শুরু করেছে। বৃষ্টি হলে রাস্তার ইট বসে যাবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

 

শিক্ষক কনক চন্দ্র মন্ডল জানান, মিস্ত্রীদেরকে ভালভাবে কাজ করতে বলা হলেও তারা করেনি। মিস্ত্রীদের কাছে শুনেছি ১২০০ ইট ও ৪ ট্রলি বালি দিয়ে রাস্তার সংস্কার কাজ শেষ করা হয়েছে। কাজের সাথে জড়িত শ্রমিক মেঘনাথ মন্ডল বলেন, রাস্তার সংস্কার কাজে ৬দিন ৩০টা জোন লেগেছে। পরে বালি ফেলতে ২টি জোন কাজ করে। স্লোবে মাটির কাজে ৩দিন ৬০০০ টাকা খরচ হয়েছে।

 

অভিযুক্ত মেম্বার তপন সরকার জানান, ওই রাস্তার কাজটা আমার না, কাজ করেছেন চেয়ারম্যান সাহেব। কিন্তু চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্যামনগরের হরিনগরে ১৬ দলীয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতার উদ্বোধন

0

আইয়ুব আলী, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হরিনগর অনির্বাণ ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ক্যারাম বোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ অমেদ আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, আবু হামজা, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, ইউপি সদস্য আব্দুল জলিল, মোঃ জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা

0

মো: মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুরে ইছামতি নদীতে বাংলাদেশ ও ভারতের নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বুধবার (২১ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীতে নদীতে প্রতিমা বিসর্জন দিতে এসে দুই বাংলার মানুষের মিলনমেলা না হওয়ায় হতাশ হয়েছেন নদী তীরে আসা হাজারো মানুষ।

বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই ইছামতি নদীর বাংলাদেশ অংশের টাউনশ্রীপুর ও ভারতের টাকি পৌরসভা এলাকার দুই পাড়ে মানুষের সমাগম বাড়তে থাকে। দুই দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে শতাধিক প্রতিমা নিয়ে আসা হয় নদীর তীরে। তবে এবারও কঠোর নিরাপত্তার কারণে দুই দেশের মানুষের মিলনমেলা ও নৌযানে একে অপরের সংস্পর্শে আসার সুযোগ হয়নি।

স্থানীয় কর্ণ বিশ্বাস, পারুল বিশ্বাস ও সুভাষ ঘোষ সহ অনেকে জানান, একসময় দেশ বিভাগের আগ থেকেই ইছামতি নদীর দুই তীরে বিজয়া দশমী উপলক্ষে ঐতিহ্যবাহী মিলনমেলা বসত। দেবহাটার টাউনশ্রীপুর থেকে ভারতের টাকি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ উৎসবে দুই বাংলার লাখো মানুষের সমাগম হতো। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও ভাব বিনিময়ের পাশাপাশি উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে বসত নানা ধরনের দোকানপাট।

তাঁরা বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ মিলনমেলা দুই বাংলার মানুষের সম্প্রীতির প্রতীক। কিন্তু কয়েক বছর ধরে নিরাপত্তার কারণে সেই চিরচেনা দৃশ্য আর দেখা যাচ্ছে না। এবারও নদীর দুই পাড়ে মানুষের উপস্থিতি থাকলেও মিলনমেলার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন অনেকে।

বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের টাউনশ্রীপুর ও ভারতের টাকির নদীতীরে দর্শনার্থীদের ভিড় বাড়ে। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ, টাকি ও হিঙ্গলগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রতিমা বিসর্জনের জন্য ইছামতী নদীতে আনা হয়। নদীর শূন্যরেখায় ডিঙি নৌকায় লাল পতাকা উড়িয়ে দুই দেশের সীমানা চিহ্নিত করতে দেখা যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে।

ভারতের পাড়ে প্রতিমা বিসর্জন ও নৌযানে মানুষের উপস্থিতি চোখে পড়লেও বাংলাদেশের পাড় থেকে কাউকে নৌকা নিয়ে নদীতে নামতে দেওয়া হয়নি। সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল ও নজরদারি জোরদার করেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব শেষ হয়। সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান হিন্দু সম্প্রদায়ের মানুষ#

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পি

0

নিজস্ব প্রতিবেদকঃ দুর্গাপূজার নবমীর সন্ধ্যায় পূজা উদযাপন কমিটির আমন্ত্রণে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত দুর্গা মণ্ডপগুলোতে যান সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময়কালে মনজুরুল আলম বাপ্পি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করেই আমাদের পথচলা। ধর্মীয় উৎসব সবার মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে।” তিনি এই উৎসবমুখর পরিবেশে মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়েও খোঁজখবর নেন।এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মাজারুল, আবু তাহের, জিসান, প্রকাশ ও রনি।এছাড়া ঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সফররত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান

0

নিজস্ব প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলা কৃষক দলের আহ্বায়ক

মোঃ রোকনুজ্জামান রোকন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সদস্যসচিব মোস্তাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের নাসিম, আবু হুসাইন সোহাগ, তাসিন, ইদ্রিস আলী, আবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ পরিদর্শন

0

নজরুল ইসলাম, তালা থেকে: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। মঙ্গলবার বিকাল থেকে তিনি তালার বিভিন্ন পুজামন্ডপে এ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

 

পরিদর্শনকালে তিনি তালা মহাশ্মশান মন্দিরের পূজামণ্ডপ, মাঝিয়াড়া পালপাড়াসহ তালা ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি থেকে আর্থিক অনুদান তুলে দেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সব ধর্মের মানুষের সহাবস্থান, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, তালা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান, খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিএনপি নেতা আব্দুস সালাম মধু, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু ও যুবনেতা খান নাজমুল হুসাইনসহ স্থানীয় নেতাকর্মী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল ইসলাম

0

তালা প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম। আসন্ন তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত তালা, খানপুর, শিবপুর, মাঝিয়াড়া, আটারই, জেয়ালা, জেয়ালা নলতা ও জাতপুরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন।

 

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান করেন। এস. এম. নজরুল ইসলাম পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ধারাবাহিকভাবে মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন

0

নিজস্ব প্রতিনিধি: “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬”। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা মাঠে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

৭নং আলিপুর ইউনিয়নবাসীর জন্য সকল স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কল্যাণমুখী কর্মসূচি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবারভিত্তিক টেকসই উন্নয়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। তিনি দলমত নির্বিশেষে আলিপুর ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং এর সুষ্ঠু বাস্তবায়নের ওপর জোর দেন। ৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা একটি নমুনা ফ্যামিলি কার্ড প্রদর্শন করেন এবং কার্ডের মেয়াদ ও এর মাধ্যমে প্রাপ্ত নাগরিক সুবিধাসমূহ জনগণের সামনে তুলে ধরেন। স্থানীয় জনসাধারণ এই কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

0

মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনার তেরখাদায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তোলার পর নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।

 

খুলনা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর বেলেঘাটে নদী পার হয়ে দিঘলিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত কয়েকজন তাঁকে পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন বলে অভিযোগ করেন। পরে নির্ধারিত গন্তব্যে না নিয়ে নদীর কয়েকশ গজ দূরে মধুপুর শ্যামনগর পুরোনো প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত ধর্ষকরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর এলাকার মিকাইল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাজাহান শরীফ (৩৮)।

 

এর আগে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী নারী খুলনা নগরীর দৌলতপুর থেকে তেরখাদার কোলা বাজারে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে একটি সূত্র দাবি করেছে। ফেরার পথে ভ্যানের টায়ার নষ্ট হয়ে গেলে কয়েকজন যুবক তাঁকে অনুসরণ করছিলেন বলেও ওই সূত্রের বর্ণনায় উঠে আসে। পরে নদী পাড় ও একটি কবরস্থানের প্রসঙ্গও আসে। তবে এসব তথ্যের সঙ্গে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া ঘটনার বিবরণে কিছু পার্থক্য রয়েছে। এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

 

ওই সূত্রের দাবি, ভুক্তভোগী নারীর প্রথম সংসারের বিচ্ছেদ হয়েছে এবং ওই সংসারে তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। তাঁর দ্বিতীয় স্বামী প্রায় এক সপ্তাহ আগে কারাগারে গেছেন বলে জানা গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি বক্তব্য দেননি। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।