Home Blog Page 16

তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল ইসলাম

0

তালা প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম। আসন্ন তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত তালা, খানপুর, শিবপুর, মাঝিয়াড়া, আটারই, জেয়ালা, জেয়ালা নলতা ও জাতপুরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন।

 

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান করেন। এস. এম. নজরুল ইসলাম পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ধারাবাহিকভাবে মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশে উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন

0

নিজস্ব প্রতিনিধি: “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬”। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা মাঠে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

৭নং আলিপুর ইউনিয়নবাসীর জন্য সকল স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কল্যাণমুখী কর্মসূচি চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবারভিত্তিক টেকসই উন্নয়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। তিনি দলমত নির্বিশেষে আলিপুর ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং এর সুষ্ঠু বাস্তবায়নের ওপর জোর দেন। ৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা একটি নমুনা ফ্যামিলি কার্ড প্রদর্শন করেন এবং কার্ডের মেয়াদ ও এর মাধ্যমে প্রাপ্ত নাগরিক সুবিধাসমূহ জনগণের সামনে তুলে ধরেন। স্থানীয় জনসাধারণ এই কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

0

মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনার তেরখাদায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তোলার পর নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।

 

খুলনা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর বেলেঘাটে নদী পার হয়ে দিঘলিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত কয়েকজন তাঁকে পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন বলে অভিযোগ করেন। পরে নির্ধারিত গন্তব্যে না নিয়ে নদীর কয়েকশ গজ দূরে মধুপুর শ্যামনগর পুরোনো প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত ধর্ষকরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর এলাকার মিকাইল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাজাহান শরীফ (৩৮)।

 

এর আগে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী নারী খুলনা নগরীর দৌলতপুর থেকে তেরখাদার কোলা বাজারে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে একটি সূত্র দাবি করেছে। ফেরার পথে ভ্যানের টায়ার নষ্ট হয়ে গেলে কয়েকজন যুবক তাঁকে অনুসরণ করছিলেন বলেও ওই সূত্রের বর্ণনায় উঠে আসে। পরে নদী পাড় ও একটি কবরস্থানের প্রসঙ্গও আসে। তবে এসব তথ্যের সঙ্গে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া ঘটনার বিবরণে কিছু পার্থক্য রয়েছে। এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

 

ওই সূত্রের দাবি, ভুক্তভোগী নারীর প্রথম সংসারের বিচ্ছেদ হয়েছে এবং ওই সংসারে তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। তাঁর দ্বিতীয় স্বামী প্রায় এক সপ্তাহ আগে কারাগারে গেছেন বলে জানা গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি বক্তব্য দেননি। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের

0

মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুদ্ধ করতে পারে না—তার উজ্জ্বল দৃষ্টান্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোহাগ হোসেন। জন্মগত প্রতিবন্ধকতা ও চলাচলের তীব্র অসুবিধা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি বা অন্যের অনুকম্পার মুখাপেক্ষী না হয়ে নিজের মেধা ও পরিশ্রমে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছে এই তরুণ।

 

জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী হালদারের ছেলে সোহাগ হোসেন। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। দুই পায়ে শক্তি পান না বললেই চলে। চলাফেরার একমাত্র সম্বল একজোড়া বগলদাবা লাঠি। তবে জীবনের কঠিন বাস্তবতার কাছে হার মানেননি তিনি। অনেকে শারীরিক প্রতিবন্ধকতাকে অজুহাত বানিয়ে সহজ পথ বেছে নিলেও সোহাগ হেঁটেছেন সম্পূর্ণ ভিন্ন পথে।

 

বর্তমানে তিনি নূরনগর বাজারের সর্বজনীন দুর্গামণ্ডপসংলগ্ন সড়কের পাশে একটি অস্থায়ী দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন। সেখানে তিনি বিক্রি করছেন নিজ বাড়িতে তৈরি হরেক রকমের সুস্বাদু কেক।

 

সোহাগ জানান, ক্রেতাদের কাছ থেকে বেশ ভালো সাড়াও পাচ্ছেন। পরিবারকে তাঁর সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “বাড়িতে সম্পূর্ণ নিজস্ব উপায়ে মানসম্মত কেক তৈরিতে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন আমার বড় বোন শারমিন সুলতানা এবং বাবা-মা। তাঁদের নিরলস সমর্থন না থাকলে আমি এত দূর আসতে পারতাম না।

 

সোহাগের আকুল আবেদন, সরকার বা কোনো সামাজিক সংস্থার পক্ষ থেকে যদি তাঁকে এককালীন আর্থিক সহায়তা কিংবা কম্পিউটার বিষয়ের ওপর উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হতো, তবে তিনি আরও বড় পরিসরে নিজের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে এবং সমাজে আরও উন্নত জীবনযাপন করতে পারতেন। প্রতিবন্ধকতাকে জয় করে নিজের পায়ে দাঁড়ানোর এই অনন্য প্রয়াস স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

সুশীল সমাজের মতে, সোহাগের মতো আত্মপ্রত্যয়ী তরুণদের যদি সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পাশে দাঁড়ায়, তবে তাঁরা সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হতে পারেন।

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

0

#নিরাপদ পরিবেশে লম্পটদের জঘন্য কীর্তি!

#ভণ্ডামির থলে ফাঁস হতেই দুই ‘হুজুর’ লাপাত্তা

মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া টাউন বাজারের পূর্ব পাশে ঢালিপাড়া মোড়ে অবস্থিত ‘তাকওয়া মাদ্রাসা’য় এক শিক্ষার্থীকে বলাৎকারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর প্রতিষ্ঠানটির পরিচালক মোখলেসুর রহমান ও হিফয বিভাগের প্রধান আব্দুর রহমানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তারা ওই গ্রামের মাঠপাড়া এলাকার এক দিনমজুরের শিশু সন্তানকে (ছন্দনাম আমির) বলাৎকার করে আসছিলেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

 

শুধু তাই নয়, অনুসন্ধানে আরও জানা গেছে, বাগেরহাটের অপর এক শিক্ষার্থীর (ছন্দনাম মঞ্জুর) সাথেও একই ধরনের জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এই দুই লম্পট শিক্ষক। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু পাতিনেতার ছত্রছায়ায় দুই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধের পাশাপাশি অভিযুক্ত মোখলেসুর রহমান ও আব্দুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

 

অভিযোগ রয়েছে, নূরানী, নাযেরা ও হেফজুল কোরআন বিভাগের নামে চোখধাঁধানো ও চটকদার বিজ্ঞাপন দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করে আসছিল মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পাঠদান, সিসি ক্যামেরায় সুরক্ষিত ও নিরাপদ ক্যাম্পাস, বালিকাদের আলাদা পর্দা ও নিরাপদ পরিবেশ, কওমি ও সরকারি সিলেবাসের সমন্বয় এবং সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার মুখরোচক প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের আকৃষ্ট করা হতো। কিন্তু এসব আকর্ষণীয় প্রচারণার আড়ালেই চলতো কোমলমতি শিশুদের ওপর লালসা ও নির্যাতনের অভয়ারণ্য।

এবিষয়ে অভিযুক্ত লম্পট মোখলেছুর রহমান ও আব্দুর রহমানের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্বীন শিক্ষার পবিত্র নাম ভাঙিয়ে এই ধরনের অপরাধীরা সমাজে বিষবাষ্প ছড়াচ্ছে। অপরাধীদের পালাতে সাহায্যকারী তথাকথিত পাতিনেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন, অবিলম্বে যেন মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ শাস্তি দেওয়া হয় এবং বিতর্কিত এই মাদ্রাসাটির সার্বিক কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন।

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ৭নং আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা ৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে আলিপুর ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। প্রাথমিকভাবে আলিপুর ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা করা হয়।

আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “আমি আলিপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে সবসময় নিবেদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমি আলিপুরে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে এসেছি। ভোটের রাজনৈতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রউফের জ্যেষ্ঠ পৌত্র ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সামির শোয়েব রাদমির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার হাফিজুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ, তাঁতী দলের আহ্বায়ক শাহীন এবং ছাত্রদল নেতা তানভীর রহমান শুভ। এছাড়া স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন, জিএম আফাজ উদ্দিন, এবাদুল্লাহ ও মোঃ আজিজুর রহমানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

সমাবেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিস্তারিত তুলে ধরে ভলান্টিয়ার নাজমুন্নাহার জানান, এই কর্মসূচিটি মূলত পরিবারের নারীদের ক্ষমতায়ন ও সরাসরি সহযোগিতার জন্য ডিজাইন করা হয়েছে। কার্ডের প্রাথমিক নিবন্ধনের জন্য আবেদনকারীদের যেসব কাগজপত্র ও তথ্য জমা দিতে হবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর ফটোকপি ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনকারীর সচল মোবাইল নম্বর এবং নিজ নামে নিবন্ধিত ‘বিকাশ’ বা ‘নগদ’ অ্যাকাউন্ট, স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সন্তানদের প্রয়োজনীয় তথ্য ও পরিবার প্রধানের বিবরণ

তিনি আরও জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ বাড়ি বাড়ি গিয়ে বা নির্ধারিত কেন্দ্রে তথ্য সংগ্রহ করবেন। সঠিক সুবিধাভোগী নির্বাচনে সকলকে নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আলিপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ

0

মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ। (সোমবার) ১৯শে অক্টোবর সন্ধ্যাবেলা তিনি এ পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

 

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল,সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, মহিলা নেত্রী বিউটি পারভীনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

0
কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
রোববার রাতে কলারোয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এছাড়া সোমবার রাতেও তাঁর কলারোয়ার সোনাবাড়িয়া, কেরালকাতাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় তাঁর সঙ্গে কলারোয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।
এ সময় তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় আপনাদের পাশে আছি। পরিদর্শন শেষে প্রতিটা মণ্ডপে তিনি আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, কুশোডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক দেবাশিস দাস দেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়, বাবু সন্তোষ কুমার পাল প্রমুখ।

তালার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার

0

 নজরুল ইসলাম, তালা থেকে: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। সোমবার (১৯ শে অক্টোবার) দিনব্যাপি তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্স, মাঝিয়াড়া দুর্গামন্দির, শিবপুর দুর্গামন্দির, তালা বাজার, মোবারকপুর ও উথালীতে বীরেন্দ্রনাথ ভদ্র মহাশয়ের দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া পাটকেলঘাটা ও কুমিরা এলাকার বিভিন্ন পূজামণ্ডপও ঘুরে দেখেন তিনি।

 

তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের দুর্গামন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আকতারুজ্জামান, তালা থানার অফিসার ইনচার্জ এস আই মহাসীন আলী, তালা প্রেসক্লাবের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি বাবু কল্যাণ বসু, সাধারণ সম্পাদক বাবু জীবন ঘোষ, মহাশ্মশান দুর্গামন্দির কমিটির সভাপতি বাবু লাল সেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তালা উপজেলা সভাপতি অমল কুমার দত্ত, শিক্ষক শ্যামল চৌধুরী লিটু ও শিক্ষক জগবন্ধু মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিরাপত্তা ও পূজার সার্বিক পরিবেশ নিয়ে মতবিনিময় হয়। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

তালার ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে ৯০ হাজার টাকা অনুদান

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ

এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “আমি দলীয় নির্দেশনা মেনে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে ১নং ধানদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।

এদিকে, ধানদিয়া ইউনিয়নের মোট ১৮টি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন মণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে সর্বমোট ৯০ হাজার টাকা অনুদান প্রদান করেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ। তাঁর এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।