
প্রমথ সানা, পাইকগাছা থেকে: উপকূলীয় জনপদে লবণাক্ততা মানেই কৃষি আবাদে অনিশ্চয়তা ও লোকসানের শঙ্কা—এমন প্রচলিত ধারণাকে বদলে দিয়েছেন খুলনার পাইকগাছার উদ্যোক্তা বেলাল হোসেন। লোনা মাটির বাধা পেরিয়ে নিজ বাগানে চায়না ম্যান্ডারিন জাতের মালটা ফলিয়ে সাড়া ফেলেছেন তিনি।
কপোতাক্ষ নদ ঘেঁষা মালথ গ্রামে তাঁর পাঁচ বিঘা জুড়ে বিস্তৃত বাগান এখন থোকায় থোকায় হলুদ-সবুজ ম্যান্ডারিন মালটায় ভরপুর; ফলের চাপে নুয়ে এসেছে অনেক গাছের ডাল। বেলাল হোসেনের এই অবস্থানে পৌঁছানোর পথটি শুরু হয়েছিল প্রায় ২৬ বছর আগে। নানির দেওয়া মাত্র ২ হাজার ৭০০ টাকা সম্বল করে ছোট্ট একটি নার্সারির মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। নিরলস পরিশ্রম, ধৈর্য ও যত্নে সেই ক্ষুদ্র উদ্যোগটি আজ প্রায় ১২ বিঘার বৃহৎ মিশ্র ফলবাগানে পরিণত হয়েছে।
মালটার পাশাপাশি বাগানে রয়েছে পেয়ারা, লিচু, ড্রাগন, কুল এবং দেশি-বিদেশি নানা জাতের আমগাছ। নতুন ফলের জাত পরখ করে দেখার পাশাপাশি মাতৃগাছ থেকে কলম চারা তৈরি করে পাইকারি ও খুচরা দরে বিক্রি করেন বেলাল। তাঁর নার্সারিতে বর্তমানে স্থানীয় ১২ জন কর্মীর নিয়মিত রুটিরুজির ব্যবস্থা হয়েছে।
প্রায় চার বছর আগে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন মালটার আবাদ শুরু করেন তিনি, যেখানে বর্তমানে চার শতাধিক গাছ রয়েছে। এ মৌসুমে আবহাওয়া ও পরিচর্যা অনুকূলে থাকায় বাগানে প্রচুর ফল এসেছে।
আকার বড়, রঙ চমৎকার এবং স্বাদ ভালো হওয়ায় স্থানীয় ক্রেতাদের কাছে এর চাহিদা বেশ ভালো। বাগান থেকেই প্রতি কেজি মালটা ২৫০ টাকা দরে বিক্রি করছেন তিনি। বাগানের প্রবীণ কর্মী সিরাজুল সরদার গত ১০ বছর ধরে এখানে কাজ করছেন।
তাঁর ভাষায়, এ বছর গাছে এমন ফলন এসেছে যা আগে দেখা যায়নি; অনেক ডাল ভেঙে যাওয়ার আশঙ্কায় আগেভাগেই বাড়তি কিছু ফল পাতলা করে দিতে হয়েছে। নতুন এই সাফল্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন মালথ গ্রামে।
বাগান ঘুরে দেখা আমানউল্লাহ আমান বলেন, লবণাক্ত এলাকায় এত বড় ও সুন্দর মালটার ফলন সত্যিই বিস্ময়কর। পাইকগাছা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনও বেলালের পরিশ্রম ও উদ্যোগের প্রশংসা করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, কৃষি দপ্তর থেকে নিয়মিত বাগানটি তদারকি করা হচ্ছে এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি সংশ্লিষ্টদের মতে, উপকূলে লবণসহিষ্ণু ও উপযোগী জাত নির্বাচন, মাটির সঠিক ব্যবস্থাপনা এবং নিয়মিত কারিগরি সহায়তা পেলে মালটাসহ অন্যান্য ফলের চাষ আরও সম্প্রসারিত করা সম্ভব।
