
#৭ নিহত’র পরিবার ও এক পঙ্গু’র জন্য ৩৮ লাখ টাকা অনুমোদন
নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সড়ক দূর্ঘটনায় নিহত আহতদের সরকারি আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন মোতাবেক স্থায়ী অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিবার এবং দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী ১ ব্যক্তির জন্য সরকারি আর্থিক ক্ষতিপূরণ অনুমোদন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুমোদন অনুযায়ী, নিহত প্রত্যেকের পরিবার ৫ লাখ টাকা এবং পঙ্গুত্ববরণকারী ব্যক্তি ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। এ লক্ষ্যে আবেদনগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদন দিয়েছে বিআরটিএর স্থায়ী অনুসন্ধান কমিটি।
সভায় কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি আরএমও ডা. মো. ফয়সাল সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার প্রভাষ কুমার দাস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
সভায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জন এবং আহত হয়ে পঙ্গুত্ববরণকারী ১ ব্যক্তির আবেদন বিস্তারিত যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে সব আবেদন সরকারি অনুদান পাওয়ার যোগ্য বিবেচিত হয়। পরে সর্বসম্মতিক্রমে আবেদনগুলো অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত তালিকায় রয়েছেন তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মেহেদী হাসান (১৫), যিনি গত ২৬ মে ২০২৬ তারিখে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হন। তাঁর পরিবারের আবেদনের পক্ষে বাবা-মায়ের সঙ্গে সভায় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম। এ ছাড়া পাটকেলঘাটা ব্রিজে মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে নিহত মেহেদী হাসান সবুজ (৩০), সাহাপুর বাজারের পশ্চিমে বাস ও মোটরভ্যানের সংঘর্ষে নিহত ডুমুরিয়ার বেতাগ্রামের হারুনর রশিদ (৩৮), শাকদহা এলাকায় পরিবহনের সঙ্গে সংঘর্ষে নিহত মাজেদ গাজী (৬৩), সাহাপুর বাজারে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত স্কুলছাত্র কুশল সরকার (১৩), শাকদহা এলাকায় বাসের ধাক্কায় নিহত আনন্দ দাস (৫৭) এবং কুমিরা বাজার মোড়ে মোটরসাইকেলের আঘাতে নিহত জয়দেব সরকারের (৫৫) পরিবারের আবেদন অনুমোদন করা হয়েছে। অন্যদিকে, ডুমুরিয়া উপজেলার কাকুড়পাড়া গ্রামের আব্দুস সাত্তার (৪০)।
গত ৯ জুলাই ২০২৬ তারিখে তালার সাহাপুর বাজারে মোটরচালিত ভ্যান ও পরিবহনের সংঘর্ষে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছেন। তাঁর আবেদনও ক্ষতিপূরণের জন্য অনুমোদিত হয়েছে।
কমিটির সদস্য সচিব ও বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক জানান, অনুমোদিত আবেদন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার ৫ লাখ টাকা এবং পঙ্গুত্ববরণকারী ব্যক্তি ৩ লাখ টাকা করে সরকারি আর্থিক ক্ষতিপূরণ পাবেন।
