
আইয়ুব আলী, শ্যামনগর থেকে: দীর্ঘ ৩২ বছর পর অবশেষে দখলমুক্ত ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি সরকারি খাল। খালটির প্রায় ২.২ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছিল। দখলের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ায় কৃষিজমি এবং স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাসী ও কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-বিফরআরএল খালটি পুনঃখননের উদ্যোগ নেয়। আইনগত মতামত এবং জেলা ও উপজেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে, ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসের অর্থায়নে সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় খালটির পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়। তবে পুনঃখননের পরপরই পূর্বের দখলদার ইসাক আলী পাড়ের নেতৃত্বে একটি পক্ষ খালটির একটি অংশ পুনরায় অবৈধভাবে দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে বলে অভিযোগ ওঠে। এতে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়।
এলাকাবাসী জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারি খালের জায়গা দখল করে অনুমোদনহীনভাবে মাছ চাষ করে আসছিল। বিষয়টি সমাধানে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সংশ্লিষ্ট এনজিও এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ ও আশ্বাস দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সমস্যা সমাধানে এলাকাবাসী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর উপজেলায় বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ড. মনিরুজ্জামানের শরণাপন্ন হন। তিনি খালটি দখলমুক্ত ও উন্মুক্ত করার উদ্যোগ নিয়ে স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় জেলেখালি ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি থেকে জেলেখালি খাল দখলমুক্ত ও উন্মুক্ত করার পাশাপাশি স্থানীয়দের প্রবেশাধিকার নিশ্চিত করার ঘোষণা দেন ড. মনিরুজ্জামান।
এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলাতেও পর্যায়ক্রমে খাল পুনঃখনন ও দখলমুক্ত করা হবে। জেলেখালি খাল সকলের জন্য উন্মুক্ত থাকবে। এখন থেকে ‘জাল যার, জলা তার’।
তিনি আরও বলেন, “সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়; খালের স্বাভাবিক পানি প্রবাহ ও জনসাধারণের অধিকার রক্ষা করা সবার দায়িত্ব।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব অ্যাড. আশেক এলাহি মুন্না, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, দ্য ডেইলি স্টার-এর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার সরওয়ার হোসেন, ইউপি সদস্য দেবাশীষ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী।
খালটি উন্মুক্ত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আশা করছেন, খালটি উন্মুক্ত থাকলে পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের জনদাবি পূরণ হওয়ায় ড. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই খালটি জনগণের জন্য উন্মুক্ত করে দিয়ে দখল ছেড়ে দেওয়ায় এবং আইনগত প্রতিবন্ধকতা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করায় ইসাক আলী পাড়কেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
